পাসপোর্ট না থাকায় স্বাভাবিক প্রক্রিয়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার সুযোগ নেই। তবে বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্দি বিনিময় চুক্তির আওতায় তাকে ফিরিয়ে আনা সম্ভব বলে মন্তব্য করেছেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে পাকুন্দিয়ায় আয়োজিত অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাব্য পথ তুলে ধরে জালাল উদ্দিন বলেন, ‘উনি (শেখ হাসিনা) কি চোরাকারবারির মতো কাঁটাতারের বেড়ার নিচ দিয়ে আসবেন, নাকি পাচার হওয়া গরুর মতো আসবেন? আসার আরেকটি পথ হলো বন্দি বিনিময় চুক্তি। ভারতের সঙ্গে বাংলাদেশের এ চুক্তি রয়েছে। এর আওতায় বাংলাদেশ সরকার ভারতকে তাকে দেশে পাঠানোর অনুরোধ জানাতে পারে।’
শেখ হাসিনার আপিলের সুযোগ প্রসঙ্গে তিনি দাবি করেন, আপিলের নির্ধারিত সময়সীমা চার দিন আগেই শেষ হয়েছে। ফলে এখন দেশে ফিরলেও তার আপিলের সুযোগ থাকবে না।
ভারত সরকারের প্রতি শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠানোর আহ্বান জানিয়ে জালাল উদ্দিন বলেন, ‘অন্য কোনো পথে শেখ হাসিনা দেশে ফিরছেন বলে যেসব খবর ছড়ানো হচ্ছে, সেগুলো মিথ্যা ও ভিত্তিহীন।’
পাকুন্দিয়া পৌর বিএনপির সভাপতি এ এস এম মিনহাজ উদ্দিনের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য দেন উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক তৌফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান মাসুদ, ভিপি মো. কামাল উদ্দিন, আবদুল কদ্দুছ, উপজেলা যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান সুমন, যুগ্ম আহ্বায়ক রাকিবুল আলম ছোটন, উপজেলা কৃষকদলের সভাপতি সামছুল হক মিঠু ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল হক উজ্জ্বল।
এ সময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কর্মসূচি শেষে পাকুন্দিয়া-কোদালিয়া-পুলেরঘাট-মঠখোলা সড়কে মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়। রাত থেকেই উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নেন দলীয় নেতাকর্মীরা।
কেকে/ এসএমএন