বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● রোহিঙ্গাদের নিয়ে আইসিজের রায়ে আমরা সন্তুষ্ট : হুমায়ুন কবির      ● ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৬১৫      ● দুই ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি      ● ‘গণহত্যার উদ্দেশ্য’ ছিল, আইসিজেতে দোষী সাব্যস্ত মিয়ানমার      ● রোহিঙ্গা নির্মূল অভিযানে প্রায় ১০ হাজার মানুষ হত্যার প্রমাণ পেয়েছে আইসিজে      ● হামের উপসর্গে এক দিনে ঝরল সাত শিশুর প্রাণ      ● বাংলাদেশকে ৯ উইকেটে হারিয়ে সিরিজে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা      
শিক্ষা
টিএইচইর আন্তবিষয়ক বিজ্ঞান র‌্যাঙ্কিংয়ে কৃষি বিশ্ববিদ্যালয়ের মধ্যে শীর্ষে গাকৃবি
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৭:৫৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক উচ্চশিক্ষা মূল্যায়ন সংস্থা টাইমস হায়ার অ্যাডুকেশন (টিএইচই) প্রকাশিত ‘ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স র‌্যাঙ্কিং ২০২৭’-এ দেশের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করেছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)। এ ছাড়া দেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দ্বিতীয় ও সরকারি-বেসরকারি সব বিশ্ববিদ্যালয়ের মধ্যে তৃতীয় স্থান অর্জন করেছে প্রতিষ্ঠানটি। বৈশ্বিক পর্যায়ে ৩৫১-৪০০তম অবস্থানে রয়েছে গাকৃবি। 

বুধবার (১৮ নভেম্বর) টিএইচই তাদের ওয়েবসাইটে ২০২৭ সালের এ র‌্যাঙ্কিং প্রকাশ করে।

এবারের মূল্যায়নে বিশ্বের ১০২টি দেশ ও অঞ্চলের ১ হাজার ৫৮টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান স্থান পেয়েছে। আন্তবিষয়ক বিজ্ঞান গবেষণায় বিশ্ববিদ্যালয়গুলোর সক্ষমতা ও প্রভাব মূল্যায়নের ভিত্তিতে এ র‌্যাঙ্কিং করা হয়। এতে গবেষণা অর্থায়ন, প্রাতিষ্ঠানিক অঙ্গীকার ও সহায়তা এবং গবেষণার ফলাফল ও প্রভাব—এই তিনটি প্রধান বিষয় বিবেচনায় নেওয়া হয়েছে।

এ অর্জনে সন্তোষ প্রকাশ করে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, ‘আন্তর্জাতিক র‌্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়ের ধারাবাহিক অগ্রগতি সম্মিলিত প্রচেষ্টার স্বীকৃতি। এ অর্জনে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং বিশ্ববিদ্যালয়ের প্রমোশন টিমের অবদান রয়েছে।’

তিনি আরও বলেন, ‘র‌্যাঙ্কিংয়ে অবস্থান অর্জনই বিশ্ববিদ্যালয়ের একমাত্র লক্ষ্য নয়। মানসম্মত শিক্ষা, বিশ্বমানের গবেষণা এবং শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে একাডেমিক সহযোগিতা জোরদারের মাধ্যমে গবেষণার সুফল সমাজের মানুষের কাছে পৌঁছে দিতে কাজ করছে বিশ্ববিদ্যালয়। আন্তর্জাতিক উচ্চশিক্ষায় গাকৃবিকে একটি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানে পরিণত করাই তাঁদের লক্ষ্য।’

এর আগে কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংস : সাসটেইনেবিলিটি ২০২৭-এ দেশের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম, সরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে দ্বিতীয় ও সামগ্রিকভাবে তৃতীয় স্থান অর্জন করে গাকৃবি। ওই র‌্যাঙ্কিংয়ে বিশ্বে ৯৩১তম ও এশিয়ায় ৩২২তম অবস্থানে ছিল বিশ্ববিদ্যালয়টি।

এ ছাড়া টিএইচই ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং ২০২৭-এ দেশের মধ্যে যৌথভাবে দ্বিতীয় স্থান অর্জন করে প্রতিষ্ঠানটি। টিএইচই ইমপ্যাক্ট র‌্যাঙ্কিং ২০২৬-এ দেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষস্থান অর্জনের পাশাপাশি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) ১, ২ ও ৪-এ বিশ্বে যথাক্রমে ৮২তম, ৬৬তম ও ১০১-২০০তম অবস্থানে ছিল গাকৃবি।

এ ছাড়া টিএইচই ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং ২০২৫ ও ২০২৬-এর বিভিন্ন সূচকেও উল্লেখযোগ্য অবস্থান অর্জন করেছে বিশ্ববিদ্যালয়টি। উদ্ভাবন ও প্রযুক্তি হস্তান্তরেও সাফল্য দেখিয়েছে গাকৃবি। ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং ফর ইনোভেশন (ডব্লিউইউআরআই) ২০২৬-এ বাংলাদেশের একমাত্র সরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে স্থান পায় প্রতিষ্ঠানটি। ‘ফিন্যান্সিয়াল ইমপ্যাক্ট ড্রিভেন টেকনোলজি ট্রান্সফার’ ক্যাটাগরিতে বিশ্বে ২৩তম স্থান অর্জন করে গাকৃবি।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  টিএইচই   আন্তবিষয়ক বিজ্ঞান র‌্যাঙ্কিং   কৃষি বিশ্ববিদ্যালয়   গাকৃবি  
মতামত লিখুন:
Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close