কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশব্যাপী লকডাউন কর্মসূচির প্রতিবাদে কুমিল্লার চান্দিনায় মোটরসাইকেল শোভাযাত্রা করেছে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে পৌর এলাকার হারং থেকে শোভাযাত্রাটি শুরু হয়।
এটি চান্দিনা উপজেলা সদরের প্রধান সড়ক এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা অংশ প্রদক্ষিণ করে।
কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী ড. রেদোয়ান আহমেদের দিকনির্দেশনায় বৃষ্টি উপেক্ষা করে এ কর্মসূচি পালন করেন নেতাকর্মীরা। এ সময় তারা আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। শোভাযাত্রা শেষে চান্দিনা মধ্যবাজারে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন সরকার বশির।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা মো. শরীফুজ্জামান শরীফ, নূর আলম চৌধুরী নোমান, মোহাম্মদ চারু মিয়া, মোহাম্মদ সেলিম মিয়া, মো. মাঈনুদ্দিন, মোহাম্মদ খোকন, মোহাম্মদ আবদুর রশিদ, মো. গোলাম মোস্তফা, সাজ্জাদ হোসেন, হাজী আব্দুর রশিদ ও মো. জিসানসহ অন্যান্য নেতাকর্মী।
আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, শোভাযাত্রায় শতাধিক মোটরসাইকেল অংশ নেয়।