বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● রোহিঙ্গা গণহত্যায় ক্ষতিপূরণ-প্রত্যাবাসনসহ ১২ সিদ্ধান্ত আইসিজের      ● রোহিঙ্গাদের নিয়ে আইসিজের রায়ে আমরা সন্তুষ্ট : হুমায়ুন কবির      ● ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৬১৫      ● দুই ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি      ● ‘গণহত্যার উদ্দেশ্য’ ছিল, আইসিজেতে দোষী সাব্যস্ত মিয়ানমার      ● রোহিঙ্গা নির্মূল অভিযানে প্রায় ১০ হাজার মানুষ হত্যার প্রমাণ পেয়েছে আইসিজে      ● হামের উপসর্গে এক দিনে ঝরল সাত শিশুর প্রাণ      
আন্তর্জাতিক
রোহিঙ্গা গণহত্যায় ক্ষতিপূরণ-প্রত্যাবাসনসহ ১২ সিদ্ধান্ত আইসিজের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৮:১০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যা চালানোর দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করেছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইনে দেশটির নিরাপত্তা বাহিনীর ‘ক্লিয়ারেন্স অপারেশনের’ সময় এ গণহত্যা সংঘটিত হয় বলে রায়ে জানিয়েছেন আদালত।

একইসঙ্গে বাংলাদেশে পালিয়ে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মর্যাদার সঙ্গে নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করা, ক্ষতিপূরণ দেওয়া, গণহত্যার সঙ্গে জড়িত সন্দেহভাজন ব্যক্তিদের তদন্ত ও বিচার এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নেদারল্যান্ডসের হেগে জাতিসংঘের সর্বোচ্চ বিচারিক আদালত গাম্বিয়ার করা মামলায় রায় দেন। 

আদালতের প্রেসিডেন্ট বিচারপতি ইউজি ইওয়াসাওয়া রায় ঘোষণা করেন।

ছয় পৃষ্ঠার প্রেস বিজ্ঞপ্তিতে রায়ের মূল সিদ্ধান্তগুলো তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, আদালতের রায় চূড়ান্ত, এর বিরুদ্ধে আপিলের সুযোগ নেই এবং মামলার দুই পক্ষের জন্য তা বাধ্যতামূলক।

রায়ে ১২টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

মিয়ানমার গণহত্যা করেছে :

৯-৬ ভোটে আদালত সিদ্ধান্ত দিয়েছেন, ২০১৭ সালে রাখাইনে ‘ক্লিয়ারেন্স অপারেশনের’ সময় রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যা চালিয়েছে মিয়ানমার। এর মধ্য দিয়ে দেশটি গণহত্যা প্রতিরোধ ও শাস্তি প্রদানবিষয়ক সনদের বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে।

গণহত্যা প্রতিরোধে ব্যর্থ হয়েছে মিয়ানমার :

৯-৬ ভোটে আদালত জানিয়েছেন, মিয়ানমার তার নিরাপত্তা বাহিনীর পাশাপাশি অন্যান্য ব্যক্তিদের মাধ্যমে গণহত্যা সংঘটিত হওয়া প্রতিরোধে ব্যর্থ হয়েছে।

সরাসরি গণহত্যায় উসকানি দেওয়ার অভিযোগ প্রমাণিত হয়নি :

১৪-১ ভোটে আদালত বলেছেন, রাখাইনে রোহিঙ্গাদের বিরুদ্ধে বেসরকারি ব্যক্তিদের মাধ্যমে গণহত্যা সংঘটনে মিয়ানমার সরাসরি ও প্রকাশ্যে উসকানি দেয়নি।

গণহত্যার অপরাধীদের শাস্তি দিতে ব্যর্থ হয়েছে মিয়ানমার :

১১-৪ ভোটে আদালত বলেছেন, গণহত্যা ও গণহত্যা সনদের তৃতীয় অনুচ্ছেদে উল্লেখ করা অন্যান্য অপরাধের শাস্তি নিশ্চিত করার বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে দেশটি।

প্রয়োজনীয় আইন প্রণয়ন করেনি মিয়ানমার :

১৪-১ ভোটে আদালত জানিয়েছেন, গণহত্যা সনদের বিধান কার্যকর করতে প্রয়োজনীয় আইন প্রণয়নের বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে মিয়ানমার।

গণহত্যা সনদের চলমান লঙ্ঘন বন্ধের নির্দেশ :

১৪-১ ভোটে আদালত মিয়ানমারকে গণহত্যা সনদের চলমান লঙ্ঘন বন্ধের নির্দেশ দিয়েছেন। এ জন্য সনদের বাধ্যবাধকতা পূরণে প্রয়োজনীয় আইন প্রণয়ন করতে হবে দেশটিকে।

তদন্ত ও বিচারের নির্দেশ :

১৩-২ ভোটে আদালত মিয়ানমারকে ২০১৭ সালের অভিযানের সঙ্গে সংশ্লিষ্ট গণহত্যার সঙ্গে জড়িত সন্দেহভাজন ব্যক্তিদের বিরুদ্ধে অবিলম্বে কার্যকর তদন্তের নির্দেশ দিয়েছেন। তদন্তে অভিযোগের প্রমাণ পাওয়া গেলে তাদের বিচার ও শাস্তি নিশ্চিত করতে হবে।

ভবিষ্যতে এ ধরনের অপরাধ না করার নিশ্চয়তা :

৯-৬ ভোটে আদালত বলেছেন, মিয়ানমারকে ভবিষ্যতে গণহত্যা সনদ লঙ্ঘনের ঘটনা পুনরাবৃত্তি না হওয়ার নিশ্চয়তা দিতে হবে এবং এ ধরনের অপরাধ প্রতিরোধে ব্যবস্থা নিতে হবে।

রোহিঙ্গাদের প্রত্যাবাসন ও পুনরুদ্ধারের ব্যবস্থা :

১০-৫ ভোটে আদালত মিয়ানমারকে ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের জন্য পুনরুদ্ধারমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। এর মধ্যে রয়েছে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদে, স্বেচ্ছায় ও মর্যাদার সঙ্গে নিজ আবাসস্থলে ফিরে যাওয়ার সুযোগ দেওয়া; রোহিঙ্গা পরিবারগুলোর পুনর্মিলন নিশ্চিত করা; মিয়ানমারের ভেতরে ও দেশের বাইরে বাস্তুচ্যুত হওয়া রোহিঙ্গাদের ক্ষেত্রে এ ব্যবস্থা কার্যকর করা।

রোহিঙ্গাদের ক্ষতিপূরণ দিতে হবে :

১০-৫ ভোটে আদালত বলেছেন, মিয়ানমারকে রোহিঙ্গা জনগোষ্ঠী ও এর সদস্যদের ক্ষতিপূরণ দিতে হবে। পুনরুদ্ধারমূলক ব্যবস্থার মাধ্যমে যে ক্ষতি পূরণ করা সম্ভব হবে না, তার জন্য আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে। তবে ক্ষতিপূরণের পরিমাণ এখনই নির্ধারণ করা হয়নি।

ক্ষতিপূরণের পরিমাণ নির্ধারণ হবে পরবর্তী শুনানিতে :

ক্ষতিপূরণের পরিমাণ ও পদ্ধতি পরবর্তী শুনানিতে নির্ধারণ করবেন আদালত। এ জন্য রায় ঘোষণার তারিখ থেকে দুই বছরের মধ্যে মিয়ানমারকে আদালতে একটি প্রতিবেদন জমা দিতে হবে। এতে কী কী পুনরুদ্ধারমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং কত পরিমাণ ক্ষতিপূরণ দেওয়া হবে, তার বিস্তারিত থাকতে হবে।

গণহত্যার প্রমাণ সংরক্ষণে ব্যর্থ হয়েছে মিয়ানমার :

১১-৪ ভোটে আদালত বলেছেন, ২০২০ সালের ২৩ জানুয়ারির অন্তর্বর্তী নির্দেশনা অনুযায়ী গণহত্যার অভিযোগসংক্রান্ত প্রমাণ ধ্বংস ঠেকানো ও সেগুলো সংরক্ষণের কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে মিয়ানমার।

২০১৯ সালের ১১ নভেম্বর মিয়ানমারের বিরুদ্ধে আইসিজেতে মামলাটি করে গাম্বিয়া। অভিযোগ ছিল, রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর নির্যাতন ও সহিংসতার মাধ্যমে মিয়ানমার গণহত্যা প্রতিরোধ ও শাস্তি প্রদানবিষয়ক সনদ লঙ্ঘন করেছে। ২০২০ সালের ২৩ জানুয়ারি আদালত মিয়ানমারকে কয়েকটি অন্তর্বর্তী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এর মধ্যে গণহত্যার অভিযোগসংক্রান্ত প্রমাণ ধ্বংস ঠেকানো ও সংরক্ষণের বিষয়ও ছিল।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  রোহিঙ্গা গণহত্যায় ক্ষতিপূরণ   প্রত্যাবাসন   সিদ্ধান্ত   আইসিজে  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close