সারাদেশে লকডাউন কর্মসূচির নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দা উপজেলায় বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সকালে নওগাঁ-রাজশাহী মহাসড়কের ফেরিঘাট এলাকায় ‘ষড়যন্ত্র হয়নি শেষ, সজাগ থাকো বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে এ কর্মসূচি পালন করা হয়।
জাতীয় নির্বাহী কমিটির সদস্য, মান্দা উপজেলা বিএনপির সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক আহ্বায়ক এম এ মতিন এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল চৌধুরীর নির্দেশনায় আয়োজিত কর্মসূচিতে নেতৃত্ব দেন শফিকুল ইসলাম বাবুল চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেন খান, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট কুমার বিশ্বজিৎ ও শামসুল ইসলাম বাদল, যুবদলের সাবেক আহ্বায়ক নূরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম, অ্যাডভোকেট মিজান ও সিদ্দিক হোসেন। এ ছাড়া জেলা ছাত্রদলের সহসভাপতি ও উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হালিম দুলাল এবং উপজেলা ছাত্রদলের সদস্যসচিব পলাশ কুমারসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন ভারশোঁ ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম সাকলাইন চারু ও সাধারণ সম্পাদক গোলাম নবী কাবুল, পরানপুর ইউনিয়নের সভাপতি গোলাম মোস্তফা ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, মান্দা ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক হামিদুর রহমান শাহানা, গণেশপুর ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন এবং মৈনম ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন।
এ ছাড়া প্রসাদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম হোসেন, কুসুম্বা ইউনিয়নের সভাপতি সেলিম মোরশেদ চৌধুরী, কালিকাপুর ইউনিয়নের সভাপতি আব্দুল মান্নান গদু, সাধারণ সম্পাদক তাজ ও সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, কসব ইউনিয়নের সাধারণ সম্পাদক লিয়াকত আলী ও সাংগঠনিক সম্পাদক মোহসীন আলী এবং বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির মামুনুর রশিদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।
কর্মসূচিতে বিএনপি নেতাকর্মীরা বলেন, ‘আপা ডিসেম্বরে কখনোই বাংলাদেশে ফিরে আসবেন না। তাকে দেশে ফিরিয়ে আনার স্বপ্ন দেখিয়ে কিংবা লকডাউনের নামে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে কোনো লাভ হবে না। নাশকতা, অগ্নিসংযোগ ও সহিংসতার মাধ্যমে জনগণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা সফল হবে না।’
তারা আরও বলেন, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা যেকোনো ধরনের অপতৎপরতা ও নাশকতা প্রতিহত করতে সবসময় সজাগ ও প্রস্তুত রয়েছেন। দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে তারা ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকবেন। কোনো অপশক্তিকে জনগণের জানমাল ও রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি করতে দেওয়া হবে না।
কেকে/ এসএমএন