সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের উদ্যোগে ‘ক্যারিয়ার প্রসপেক্টস ফর ইইই গ্র্যাজুয়েটস’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে ইইই গ্র্যাজুয়েটদের বর্তমান ও ভবিষ্যৎ কর্মসংস্থানের সুযোগ, চ্যালেঞ্জ এবং সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।
বৃহস্পতিবার (১৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) সভাকক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো. সিরাজুল ইসলাম। সভাপতিত্ব করেন ইইই বিভাগের বিভাগীয় প্রধান ড. পলাশ চন্দ্র কর্মকার।
সেমিনারে ভিডিও প্রেজেন্টেশনের মাধ্যমে মূল আলোচনা উপস্থাপন করেন ড. পলাশ চন্দ্র কর্মকার। এতে ইইই শিক্ষার্থীদের কর্মসংস্থানের বর্তমান চিত্র, ভবিষ্যৎ সম্ভাবনা ও বিভিন্ন চ্যালেঞ্জ তুলে ধরা হয়।
আলোচনায় বাংলাদেশে ভিএলএসআই ও সেমিকন্ডাক্টর নকশা শিল্পের বর্তমান অবস্থা, ভবিষ্যৎ সম্ভাবনা, চাকরির ক্ষেত্র ও বেতন কাঠামো গুরুত্ব পায়। পাশাপাশি শিক্ষা ও গবেষণা খাতে কাজের সুযোগ এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন, বিদ্যুৎ উৎপাদন ও বিতরণকারী প্রতিষ্ঠান, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও প্রতিরক্ষা বিভাগের কারিগরি সেবায় কর্মসংস্থানের সম্ভাবনা তুলে ধরা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জহিরুল ইসলাম খান বলেন, সব ক্ষেত্রেই ইইই বিভাগের প্রয়োজনীয়তা রয়েছে। সার্কিট প্রযুক্তি এ বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ অবদান। শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে তাদের নিজস্ব সক্ষমতা ও যোগ্য শিক্ষকের ভূমিকা গুরুত্বপূর্ণ। শিক্ষকদের নিয়মিত ব্যবহারিক ক্লাস নেওয়ার পাশাপাশি পাঠ্যবিষয়ের সঙ্গে বাস্তব জীবনের সম্পর্ক তুলে ধরতে হবে। এতে শিক্ষার্থীরা কর্মজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।
বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন ড. ওয়াহিদা জামান লস্কর বলেন, প্রযুক্তি দ্রুত পরিবর্তিত হচ্ছে। এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলতে শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের দক্ষতা অর্জন করতে হবে। বিশেষ করে সফট স্কিল ও প্রোগ্রামিং দক্ষতার ওপর গুরুত্ব দিতে হবে। পাশাপাশি বর্তমান পাঠ্যক্রম পরিবর্তন করে শিল্পপ্রতিষ্ঠানভিত্তিক (ইন্ডাস্ট্রি বেসড) সিলেবাস প্রণয়ন করা জরুরি।
প্রধান অতিথির বক্তব্যে কোষাধ্যক্ষ অধ্যাপক মো. সিরাজুল ইসলাম বলেন, ‘বর্তমান যুগ প্রযুক্তিনির্ভর। এই যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে প্রযুক্তিগত দক্ষতা অর্জনের বিকল্প নেই। আর এ দক্ষতা অর্জনে ব্যবহারিক শিক্ষার গুরুত্ব অপরিসীম। বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের অনেক শিক্ষার্থী দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে সুনামের সঙ্গে কাজ করছেন।’ ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সভাপতির বক্তব্যে বিভাগীয় প্রধান ড. পলাশ চন্দ্র কর্মকার বলেন, ‘বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে প্রযুক্তির সঠিক ও সময়োপযোগী ব্যবহার নিশ্চিত করতে হবে। ইইই শিক্ষার্থীরা প্রযুক্তিগত উদ্ভাবনকে এগিয়ে নিতে কাজ করছেন। দক্ষ প্রকৌশলী তৈরিতে প্রয়োজন যথাযথ দিকনির্দেশনা ও কার্যকর প্রশিক্ষণ। দক্ষ প্রকৌশলীরা দেশের প্রযুক্তি খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।’
সেমিনারে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, ছাত্র উপদেষ্টা মো. শাহ্ আলম, শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
কেকে/ এসএমএন