রাজধানীর হাতিরঝিল প্রকল্পের একটি মোবাইল ফুড কোর্টের বরাদ্দ পেয়েছিলেন মনিরুল হক খান। ‘প্লাটিনাম পার্ক’ নামে ওই ফুড কোর্টের বরাদ্দ দেওয়া হয় তার প্রতিষ্ঠানের অনুকূলে। কিন্তু বর্তমানে সেটির দখলে রয়েছেন মাহবুবুর রহমান নামের আরেক ব্যক্তি।
অভিযোগ উঠেছে, মনিরুল হক খানের বরাদ্দ বাতিল না করেই তাকে সরিয়ে ফুড কোর্টটি অন্যের নিয়ন্ত্রণে দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে রাজউকের কিছু কর্মকর্তার যোগসাজশের অভিযোগও উঠেছে।
অভিযোগ রয়েছে, মনিরুল হক খানের নামে পাঠানো চিঠি ও নোটিশ পাঠানো হয়েছে— এমন একটি ঠিকানায়, যার অস্তিত্বই নেই। পরে বরাদ্দের মালিকানা পরিবর্তনের চেষ্টাও হয়েছে দাপ্তরিক নথিতে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) নথি ও সার্ভারের তথ্য বিশ্লেষণে এসব অসংগতির প্রমাণ মিলেছে। বিষয়টি নিয়ে উচ্চ আদালতে রিটও করেছেন মনিরুল হক খান।
তার অভিযোগ, পুরো প্রক্রিয়ায় রাজউকের কিছু কর্মকর্তা জালিয়াতির আশ্রয় নিয়েছেন।
অনুসন্ধানে জানা যায়, হাতিরঝিল প্রকল্পের নির্মাণকালে প্রকল্পের আয় থেকে ব্যয় নির্বাহের পরিকল্পনা নেওয়া হয়। এ লক্ষ্যে কয়েকটি মোবাইল ফুড কোর্ট স্থাপনের জন্য স্থান নির্ধারণ করে বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে ‘প্লাটিনাম পার্ক’ নামের একটি ফুড কোর্টের বরাদ্দ পান মনিরুল হক খান। ২০১৬ সালে তৎকালীন প্রকল্প কর্মকর্তা মেজর কাজী শাকিল হোসেনের স্বাক্ষরিত কার্যাদেশের মাধ্যমে তাকে বরাদ্দের বিষয়টি জানানো হয়।
তবে বর্তমানে ফুড কোর্টটির নাম ‘প্লাটিনাম পার্ক’ থাকলেও এর দখলে রয়েছেন মাহবুবুর রহমান।
কীভাবে মনিরুলের বরাদ্দ অন্যের নিয়ন্ত্রণে গেল তা জানতে চাইলে হাতিরঝিল প্রকল্পের বর্তমান দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আবু সাঈদ খন্দকার প্রথমে দাবি করেন, বরাদ্দ পাওয়ার পর মনিরুল হক খানকে খুঁজে পাওয়া যায়নি। তাকে একাধিকবার চিঠি ও নোটিশ পাঠানো হলেও তিনি সাড়া দেননি।
তবে রাজউকের পাঠানো চিঠি ও নোটিশ পর্যালোচনা করে পাওয়া গেছে ভিন্ন তথ্য। বরাদ্দের জন্য মনিরুলের আবেদনে এবং তার নামে দেওয়া কার্যাদেশে ঠিকানা উল্লেখ রয়েছে—টি-৮০/৮১, গুলশান লিংক রোড, বাড্ডা, ঢাকা। অথচ রাজউক থেকে পাঠানো সব চিঠি ও নোটিশ পাঠানো হয়েছে ধানমন্ডির একটি ঠিকানায়। সেটি হলো, মুসকাট টাওয়ার, প্লট নম্বর-৫৬, রোড নম্বর-১৫ (পুরাতন), ধানমন্ডি আবাসিক এলাকা ঢাকা।
এ ঠিকানার খোঁজে ধানমন্ডিতে গিয়ে আরও চাঞ্চল্যকর তথ্য পাওয়া যায়। সেখানে ৫৬ নম্বর প্লটের কোনো অস্তিত্ব নেই।
স্থানীয় বাসিন্দারাও জানান, পুরাতন ১৫ নম্বর সড়কে দুটি প্লট নেই। এর মধ্যে ৫৬ নম্বর প্লটও নেই।
অনুসন্ধানে আরও দেখা যায়, প্রথমে মনিরুল হক খানের ঠিকানা পরিবর্তন করা হয়েছে। পরে বরাদ্দের সঙ্গে অন্য ব্যক্তির নাম যুক্ত করা হয়েছে। রাজউকের ভাড়া আদায়ের সার্ভারেও এর প্রমাণ মিলেছে। সেখানে দেখা যায়, যমুনা ব্যাংকের মাধ্যমে প্রতি মাসে ‘প্লাটিনাম পার্ক’-এর ভাড়া পরিশোধের তথ্যে মনিরুল হক খানের নামের পাশাপাশি যুক্ত করা হয়েছে মাহবুবুর রহমানের নাম।
আরও বিস্ময়কর বিষয় হলো, ২০২০ সালে মনিরুলের বরাদ্দ বা চুক্তি বাতিল না করেই মাহবুবুর রহমানের সঙ্গে নতুন একটি বরাদ্দ চুক্তিপত্র প্রস্তুত করা হয়। ওই চুক্তিপত্রে বরাদ্দগ্রহীতার স্বাক্ষর রয়েছে। তবে রাজউক কর্তৃপক্ষের কারও স্বাক্ষর নেই।
এ বিষয়ে মনিরুল হক খান বলেন, ‘বরাদ্দ পাওয়ার পর আমি মোবাইল ফুড কোর্ট হিসেবে ব্যবসায় পরিচালনা করে আসছিলাম। ২০১৯ সালে জানতে পারি, আমার নামে চিঠি ও নোটিশ ভুল ঠিকানায় পাঠানো হয়েছে। এভাবে কৌশলে আমার জন্য বরাদ্দ করা ফুড কোর্টটি অন্য একজনকে দখল করিয়ে দেওয়া হয়েছে। পরে ২০২১ ও ২০২২ সালে লিখিতভাবে একাধিকবার রাজউক চেয়ারম্যানকে বিষয়টি জানিয়েছে।’
তিনি আরও বলেন, ‘এ ঘটনায় আদালতে একটি রিট করেছি।’
কেকে/এমএ