বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান ছয় দিনের সফরে অস্ট্রেলিয়া ও মালয়েশিয়ায় যাচ্ছেন । এ লক্ষ্যে আগামীকাল শুক্রবার (২০ নভেম্বর) সফরসঙ্গীদের নিয়ে ঢাকা ত্যাগ করবেন তিনি।
আগামী ২০-২৬ নভেম্বর পর্যন্ত দেশ দুটি সফরকালে শফিকুর রহমান অস্ট্রেলিয়া সরকারের উচ্চপর্যায়ের ব্যক্তিবর্গের সঙ্গে বৈঠক করবেন এবং প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। এ ছাড়াও মালয়েশিয়ায় প্রবাসীদের নানা কর্মসূচিতেও অংশ নেবেন তিনি।
ছয় দিনের এই সফরে শফিকুর রহমানের সঙ্গী হিসেবে থাকবেন যশোর-২ আসনের সংসদ সদস্য (এমপি) মোসলেহ উদ্দিন ফরিদ, ঢাকা-১৪ আসনের এমপি ও জামায়াত আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মীর আহমদ বিন কাশেম এবং বিরোধীদলীয় নেতার এপিএস মুহাম্মদ নজরুল ইসলাম।
দেশ দুটি সফরের লক্ষ্যে শুক্রবার ঢাকা ত্যাগকালে জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল ও উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনসহ দলীয় নেতৃবৃন্দ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জামায়াত আমিরকে বিদায় জানাবেন।
সফর শেষে আগামী ২৬ নভেম্বর শফিকুর রহমানের দেশে ফেরার কথা রয়েছে।
কেকে/ এসএমএন