বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● আইসিজের রায়ে রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়বে : শামা ওবায়েদ      ● পাঁচ ধাপে চার হাজার ৩৩২ ইউপিতে ভোটের তালিকা প্রকাশ      ● রোহিঙ্গা গণহত্যায় ক্ষতিপূরণ-প্রত্যাবাসনসহ ১২ সিদ্ধান্ত আইসিজের      ● রোহিঙ্গাদের নিয়ে আইসিজের রায়ে আমরা সন্তুষ্ট : হুমায়ুন কবির      ● ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৬১৫      ● দুই ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি      ● ‘গণহত্যার উদ্দেশ্য’ ছিল, আইসিজেতে দোষী সাব্যস্ত মিয়ানমার      
জাতীয়
ডিএনসিসির উদ্যোগে সড়কে হতাহতদের স্মরণে বৈশ্বিক দিবস উদযাপন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ১০:১৭ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে সড়কে হতাহতদের স্মরণে জাতিসংঘ ঘোষিত বৈশ্বিক দিবস ‘ওয়ার্ল্ড ডে অফ রিমেমব্রান্স ফর রোড ট্রাফিক ভিকটিমস’ উদযাপন উপলক্ষে গোলটেবিল সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে গুলশান-২-এ অবস্থিত নগর ভবনের সেমিনার কক্ষে এ সভায় অনুষ্ঠিত হয়।

ব্লুমবার্গ ফিলানথ্রপিস ইনিশিয়েটিভ ফর গ্লোবাল রোড সেফটি (বিআইজিআরএস) ও ভাইটাল স্ট্রাটেজিসের কারিগরি সহায়তায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান।

বিআইজিআরএসের ইনিশিয়েটিভ কোঅর্ডিনেটর মো. আবদুল ওয়াদুদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডিএনসিসির অতিরিক্ত প্রধান প্রকৌশলী খন্দকার মাহবুব আলম, ঢাকা ট্রান্সপোর্ট কো-অর্ডিনেশন অথরিটির (ডিটিসিএ) সিনিয়র রোড সেফটি স্পেশালিস্ট মামুনুর রহমান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)অতিরিক্ত উপ-কমিশনার (ট্রাফিক বিভাগ – গুলশান জোন) মো. জিয়াউর রহমান। 

দিবসের প্রতিপাদ্য তুলে ধরে প্রবন্ধ উপস্থাপন করেন ভাইটাল স্ট্রাটেজিসের কারিগরি পরামর্শক আমিনুল ইসলাম সুজন।
 
সভায় মুহাম্মদ আসাদুজ্জামান বলেন, ‘দীর্ঘদিন যাবত ঢাকা শহরের অনেক ফুটপাথ দখল, বেদখল হয়ে ব্যবহার অনুপযোগী হয়ে উঠেছিলো। পুলিশ ও স্থানীয় জনগণের সহায়তায় ডিএনসিসি ফুটপাথ থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে তা পথচারীদের জন্য নিরাপদ করার জন্য পদক্ষেপ নিয়েছে। কেউ যেনো অবৈধ উপায়ে ফুটপাথ দখল করে পথচারীদের ঝুঁকি সৃষ্টি করতে না পারে, সেজন্য এই উদ্যোগে গণমাধ্যমসহ নগরবাসীর সহযোগিতা চাই।’

তিনি শিশু, নারী, প্রতিবন্ধী ব্যক্তিসহ সবার জন্য নিরাপদ সড়ক গড়ে তোলার কাজে সামর্থ অনুযায়ী ডিএনসিসি সক্রিয় রয়েছে বলে জানান।

খন্দকার মাহবুব আলম বলেন, ‘ঢাকা উত্তরের ঝুঁকিপূর্ণ সড়ক ও মোড়সমূহ নিরাপদ করার পাশাপাশি জেব্রা ক্রসিং অঙ্কন, ট্রাফিক ব্যবস্থার উন্নতির লক্ষ্যে ডিএনসিসি কাজ করছে। সড়কে গতিসীমা মেনে গাড়ি চালানোর বিষয়কে উৎসাহিত করতে জনসচেতনতামূলক প্রচারণার পদক্ষেপ নেওয়া হচ্ছে।’

মো. আবদুল ওয়াদুদ বৈশ্বিক সড়ক নিরাপত্তা কর্মসূচি তুলে ধরেন। তিনি ট্রাফিক আইন মেনে চলা, শহরের ব্যস্ত সড়কে অতিরিক্ত গতি পরিহার, নির্দিষ্ট স্থানে যাত্রী উঠানামা ও প্রতিযোগিতা এড়িয়ে নিরাপদে গাড়ি চালানোর জন্য চালকদের অনুরোধ জানান।  

মো. মামুনুর রহমান বলেন, ‘মানুষের দুর্ভোগ কমাতে ঢাকায় পথচারীবান্ধব পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের মধ্যে সমন্বয়ের মাধ্যমে ডিটিসিএ একটি নীতিমালার খসড়া প্রণয়ন করেছে।’

তিনি সড়ক নিরাপত্তায় জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলকে সক্রিয় করার প্রতি সংশ্লিষ্টদের অনুরোধ জানান। 

মো. জিয়াউর রহমান বলেন, ‘সড়ক নিরাপত্তায় ডিএমপি বেশকিছু পদক্ষেপ নিয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে যানবাহন চলাচল মনিটর করার জন্য এআই ক্যামেরা বসানো হচ্ছে। এলিভিটেড এক্সপ্রেসওয়ে ও ৩০০-ফিট সড়কে গতিসীমা লঙ্ঘণের দায়ে জরিমানা করায় গতিসীমা মেনে চলার প্রবণতা বেড়েছে।’

ব্র্যাকের রোড সেফটি প্রকল্পের (জিআরএসপি) টিম লিডার খালিদ মাহমুদ বলেন, ‘সড়কসমূহ নিরাপদ করতে সেফ সিস্টেম এপ্রোচকে বিশ্বব্যাপী গ্রহণ করা হয়েছে। আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশ সরকার এই এপ্রোচ গ্রহণ করার অঙ্গীকার করেছে। এজন্য দ্রুত একটি আইন প্রণয়ন করা প্রয়োজন। প্রবন্ধ উপস্থাপনে ভাইটাল স্ট্রাটেজিস এর কারিগরি পরামর্শক আমিনুল ইসলাম সুজন বলেন, সড়কে হতাহতদের বৈশ্বিক দিবসে সড়কে নিহতদের অনুপ্রেরণার স্মৃতি স্মরণ, তাদের পরিবারের প্রতি সহমর্মিতা, ক্ষতিগ্রস্তদের পাশে থাকা, সহানুভূতিশীল ও সচেতন সমাজ প্রতিষ্ঠা এবং সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ দায়িত্ব পালনের মাধ্যমে নিরাপদ সড়ক গড়ে তোলার কথা বলা হয়েছে।’

রোডক্র্যাশে নিহত সন্তানের পিতা ও অবসরপ্রাপ্ত শিক্ষক এসএম সাইফুল ইসলাম বলেন, ‘২০২৪ সালের ৯ অক্টোবর ঢাকার বাড্ডায় সুবাস্তু টাওয়ারের কাছে সড়ক পার হতে গিয়ে ২টি দ্রুতগামী বাসের প্রতিযোগিতায় আমার মেয়ে বাস চাপায় প্রাণ হারিয়েছে। আমি চাই না এভাবে আর কোনো মায়ের কোল খালি হোক।’

এ জন্য সড়কে কঠোরভাবে আইন প্রয়োগের আহ্বান জানান তিনি।

রোডক্র্যাশে ছোট ভাইকে হারানোর মর্মান্তিক অভিজ্ঞতা তুলে ধরে স্টেপসের নির্বাহী পরিচালক চন্দন লাহিড়ী সড়ক নিরাপত্তায় প্রণীত খসড়া দ্রুত আইন আকারে পাশের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। 

রোড ক্র্যাশে মারাত্মক আহত বড় বোনের দুর্বিষহ জীবনের অভিজ্ঞতা তুলে ধরেন কেএনকেএস সংস্থার নির্বাহী পরিচালক অরিন্দম দেবনাথ। 

তিনি জানান, তার বোনকে একটি দ্রুতগতির মোটর সাইকেল ধাক্কা দেয়ার পরে তার জীবনের গতি স্থবির হয়ে পড়ে। 

তাই জীবনের গতি ঠিক রাখতে সড়কে যানবাহনের গতিসীমা নিয়ন্ত্রণ নির্দেশিকা বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান অরিন্দম দেবনাথ। 

অনুষ্ঠানে আলোচনা করেন নিরাপদ সড়ক চাইয়ের (নিসচা) মহাসচিব লিটন এরশাদ, রোড সেফটি ফাউন্ডেশনের নাসির উদ্দিন শেখ, ঢাকা আহছানিয়া মিশনের প্রকল্প সমন্বয়কারী শারমীন রহমান, সেন্টার ফর ইনজ্যুরি প্রিভেনশান রিসার্চের বাংলাদেশ (সিআইপিআরবি) প্রোগ্রাম ম্যানেজার (সড়ক নিরাপত্তা) কাজী বোরহান উদ্দিন, সিয়াম সংস্থার নির্বাহী পরিচালক ও আইনজীবী মাসুম বিল্লাহ, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ও সড়ক নিরাপত্তা কর্মসূচির প্রকল্প পরিচালক মো. বজলুর রহমান, ওয়ার্ক ফর অ্যা বেটার বাংলাদেশের (ডব্লিউবিবি) ট্রাস্টের প্রজেক্ট ম্যানেজার নাঈমা আক্তার, মাদকদ্রব্য ও নেশানিরোধ সংস্থার (মানস) সিনিয়র প্রজেক্ট অ্যান্ড কমিনউনিকেশন অফিসার মো. আবু রায়হান প্রমুখ। 

সভায় আর্ক ফাউন্ডেশন, সেন্টার ফর ল অ্যান্ড পলিসি এফেয়ার্স (সিএলপিএ), প্রজ্ঞা, সেতু সংস্থা, ওয়ার্ল্ড রিসোর্সেস ইনস্টিটিউট, সড়ক ও জনপথ অধিদপ্তর, বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা, বিআইজিআরএসসহ বিভিন্ন সরকারি, বেসরকারি ও আন্তর্জাতিক সংগঠনের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ডিএনসিসির উদ্যোগ   হতাহতদের স্মরণ   বৈশ্বিক দিবস উদযাপন  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close