তৈরি পোশাকশ্রমিকদের চলমান মজুরি আন্দোলনে দেশের পোশাকশিল্পে ৩ থেকে ৪ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে বলে আশঙ্কা প্রকাশ করেছে বাংলাদেশ গার্মেন্ট বায়িং হাউস অ্যাসোসিয়েশন (বিজিবিএ)। পরিস্থিতির দ্রুত উন্নতি না হলে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে মনে করছেন সংগঠনটির নেতারা। এর প্রভাব পোশাকশিল্প ছাড়িয়ে পরিবহন, ব্যাংকিং ও লজিস্টিকসসহ দেশের সামগ্রিক অর্থনীতিতে পড়ার আশঙ্কা রয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীর উত্তরায় বিজিবিএ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি মো. আবদুল হামিদ চলমান মজুরি আন্দোলনে পোশাকশিল্পের ক্ষয়ক্ষতি ও এর প্রভাব তুলে ধরেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘জীবনযাত্রার ব্যয় ও মূল্যস্ফীতি বিবেচনায় শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবি যৌক্তিক। এ বিষয়ে নিম্নতম মজুরি বোর্ড কাজ করছে। শ্রমিকদের জন্য ন্যায্য এবং কারখানাগুলোর জন্য বহনযোগ্য একটি মজুরিকাঠামো নির্ধারণ করা প্রয়োজন।’
চলমান অস্থিরতার প্রভাব তুলে ধরে তিনি বলেন, ‘নতুন পণ্যের উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি প্রস্তুত পণ্য নির্ধারিত সময়ে জাহাজীকরণ করা যাচ্ছে না। সময়মতো ক্রেতাদের কাছে পণ্য পৌঁছাতে না পারলে বাড়তি খরচে উড়োজাহাজে পাঠাতে হতে পারে। পাশাপাশি আন্তর্জাতিক ক্রেতাদের কাছ থেকে মূল্যছাড়ের চাপ আসার আশঙ্কাও রয়েছে।’
আন্তর্জাতিক ক্রয়াদেশের পরিস্থিতি তুলে ধরে আবদুল হামিদ বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে আন্তর্জাতিক ক্রেতারা বাংলাদেশ থেকে নতুন ক্রয়াদেশ দেওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করছেন। কিছু ক্ষেত্রে ক্রয়াদেশের পরিমাণও কমেছে। এ অবস্থা দীর্ঘায়িত হলে কারখানাগুলো পূর্ণ সক্ষমতায় উৎপাদন চালাতে পারবে না। এমনকি কিছু কারখানা বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকিও তৈরি হতে পারে।’
বিজিবিএ নেতাদের মতে, চলমান অস্থিরতায় রপ্তানি আয় ও পোশাকশিল্পের উৎপাদন সক্ষমতা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি শ্রমিকদের জীবিকা ও আর্থিক নিরাপত্তাও হুমকির মুখে পড়তে পারে। একই সঙ্গে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের ব্যবসায়িক সুনাম ও নির্ভরযোগ্যতা নিয়েও ঝুঁকি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।
সংবাদ সম্মেলনে বিজিবিএর সিনিয়র সহসভাপতি মোহাম্মদ জাকির হোসেন, সহসভাপতি রোমান মিয়া ও এমদাদুল হক মিয়াজীসহ সংগঠনের অন্য নেতারা উপস্থিত ছিলেন।
কেকে/ এসএমএন