শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬,
৬ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● দুর্বল হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিল ‘আকভান’, ৪ বন্দরে সতর্কসংকেত      ● অস্ট্রেলিয়া সফরে ঢাকা ছাড়লেন জামায়াত আমির      ● আইসিজের রায়ে রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়বে : শামা ওবায়েদ      ● পাঁচ ধাপে চার হাজার ৩৩২ ইউপিতে ভোটের তালিকা প্রকাশ      ● রোহিঙ্গা গণহত্যায় ক্ষতিপূরণ-প্রত্যাবাসনসহ ১২ সিদ্ধান্ত আইসিজের      ● রোহিঙ্গাদের নিয়ে আইসিজের রায়ে আমরা সন্তুষ্ট : হুমায়ুন কবির      ● ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৬১৫      
দেশজুড়ে
রোহিঙ্গা প্রত্যাবাসন
তবুও শঙ্কা, প্রশ্ন একটাই—‘আমরা কবে বাড়ি ফিরব?’
মো. নেজাম উদ্দিন, কক্সবাজার
প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৯:৪৮ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

এক দশক ধরে বুকের ভেতর বয়ে বেড়াচ্ছেন গণহত্যার ক্ষত। চোখ বন্ধ করলেই ভেসে ওঠে গুলির শব্দ, জ্বলন্ত ঘরবাড়ি, স্বজনের নিথর দেহ আর প্রাণ বাঁচাতে দেশ ছাড়ার সেই ভয়াবহ স্মৃতি। কেউ হারিয়েছেন মা-বাবা, কেউ সন্তান, কেউ স্বামী কিংবা ভাই। আবার অনেকে নিজের চোখের সামনে স্বজনদের হত্যার দৃশ্য দেখেছেন। সেই দুঃসহ স্মৃতি নিয়েই কক্সবাজারের শরণার্থীশিবিরগুলোতে দিন কাটছে অন্তত ১৫ লাখ রোহিঙ্গার।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ে মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার অভিযোগের পক্ষে সিদ্ধান্ত আসার পর রোহিঙ্গাদের মধ্যে নতুন করে আলোড়ন সৃষ্টি হয়েছে। দীর্ঘদিনের বঞ্চনা ও নির্যাতনের বিচার পাওয়ার প্রত্যাশায় ক্যাম্পজুড়ে ছড়িয়ে পড়েছে স্বস্তি, আবেগ ও আশাবাদ। অনেকের চোখে আনন্দাশ্রু। তাদের প্রত্যাশা, অবশেষে আন্তর্জাতিক পরিসরে তাদের ওপর চালানো নিপীড়নের বিচারপ্রক্রিয়া এগিয়ে যাবে।

নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত পিস প্যালেসে বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেল ৩টায় রায় পড়া শুরু করেন আইসিজের বিচারক ইউজি ইওয়াসাওয়া। ১৫ বিচারকের আদালতে ৯-৬ ভোটে রায়টি গৃহীত হয়। গাম্বিয়ার করা মামলায় সাত বছর ধরে চলা বিচারিক প্রক্রিয়া শেষে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গাদের ওপর গণহত্যার অভিযোগের পক্ষে সিদ্ধান্ত আসে।

রায়ে বলা হয়েছে, ২০১৭ সালের সামরিক অভিযানের আগে উত্তর রাখাইন রাজ্যে প্রায় ৮ লাখ ১৫ হাজার রোহিঙ্গা বসবাস করতেন। তাদের একটি উল্লেখযোগ্য অংশকে ধ্বংস করার উদ্দেশ্যে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী পরিকল্পিতভাবে সহিংস কর্মকাণ্ড চালিয়েছে। আদালতে উপস্থাপিত প্রমাণ পর্যালোচনা করে এমন সিদ্ধান্তে পৌঁছানোর যৌক্তিক ভিত্তি রয়েছে বলে জানান বিচারক ইউজি ইওয়াসাওয়া।

টেকনাফের লেদা ক্যাম্পের বাসিন্দা মাস্টার আব্দুল জব্বারের কাছে ২০১৭ সালের সেই ভয়াবহ রাত এখনো জীবন্ত। গভীর রাতে গুলির শব্দে ঘুম ভেঙে যাওয়া, চারদিকে মানুষের আর্তচিৎকার আর আগুনের লেলিহান শিখা—সবকিছুই আজও স্পষ্ট তার স্মৃতিতে।

তিনি জানান, মিয়ানমারের সেনাসদস্যরা গ্রামে ঢুকে নির্বিচারে গুলি চালায়। ঘরবাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। প্রাণ বাঁচাতে পালানোর চেষ্টা করেও অনেকে রক্ষা পাননি। কারও সামনে স্বজনকে গুলি করে হত্যা করা হয়েছে, কাউকে ধরে নিয়ে নির্যাতন চালানো হয়েছে। নারীদের ওপর চালানো হয়েছে যৌন সহিংসতা।

সেই অভিযানে মুহূর্তের মধ্যে ছিন্নভিন্ন হয়ে যায় অসংখ্য পরিবার। কেউ সন্তানকে বুকে জড়িয়ে পালিয়েছেন, কেউ বৃদ্ধ মা-বাবাকে ফেলে যেতে বাধ্য হয়েছেন। অনেকেই হারিয়েছেন পরিবারের একাধিক সদস্যকে।

একই অভিজ্ঞতার মধ্য দিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন রোহিঙ্গা ছৈয়দ আলম। তিনি বলেন, প্রাণে বেঁচে যাঁরা ছিলেন, তাদের সামনে দেশ ছেড়ে পালানো ছাড়া আর কোনো পথ খোলা ছিল না। পাহাড়, জঙ্গল ও নদী পেরিয়ে দিনের পর দিন হেঁটে বাংলাদেশে আসতে হয়েছে। পথে কেউ হারিয়েছেন স্বজন, কেউ ক্ষুধা-তৃষ্ণায় অসুস্থ হয়েছেন। আবার অনেকে নিরাপদ আশ্রয়ে পৌঁছানোর আগেই প্রাণ হারিয়েছেন।

বাংলাদেশে আশ্রয় পেলেও হারানো বাড়িঘর, জমিজমা ও স্বজনদের স্মৃতি থেকে বের হতে পারেননি তারা। কক্সবাজারের শরণার্থীশিবিরে কেটে গেছে প্রায় এক দশক। তাদের কাছে আইসিজের রায় কেবল আদালতের একটি সিদ্ধান্ত নয়, বরং দীর্ঘদিনের নির্যাতন ও স্বজন হারানোর বেদনার আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার একটি গুরুত্বপূর্ণ ঘটনা।

লেদা ক্যাম্পের বাসিন্দা রোহিঙ্গা নারী আমিন খাতুনের স্মৃতিতেও ২০১৭ সালের ভয়াবহ দিনগুলো এখনো দগদগে। মিয়ানমারের মংডুতে বসবাসের সময় স্বজনদের ওপর নির্যাতনের ঘটনা নিজের চোখে দেখেছেন বলে জানান তিনি।

আমিন খাতুনের অভিযোগ, সেনাসদস্যরা তরুণীদের ধরে নিয়ে হাত-পা বেঁধে যৌন নির্যাতন চালাত। পরে তাদের পুড়িয়ে হত্যাও করা হয়েছে।

কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘আমার সামনে আত্মীয়স্বজনের অনেক তরুণীকে ধরে নিয়ে অমানুষিক নির্যাতন করা হয়েছে। এসব মনে পড়লে কলিজা ফেটে যায়। প্রায় এক বছর আমি মানসিকভাবে বিপর্যস্ত ছিলাম। চোখ বন্ধ করলেই সেই দৃশ্য ভেসে ওঠে। আমরা চাই, এসব নির্যাতন ও হত্যার সুষ্ঠু বিচার হোক। আমার মতো হাজারো নারী একই ধরনের নির্যাতনের শিকার হয়েছেন।’

আইসিজের রায় ঘোষণার পর নতুন করে ন্যায়বিচারের প্রত্যাশা তৈরি হয়েছে ক্যাম্পের বাসিন্দাদের মধ্যে। তবে রোহিঙ্গা ছৈয়দুল আমিন মনে করেন, এ রায়ে তাদের জীবনে তাৎক্ষণিক কোনো পরিবর্তন না এলেও দীর্ঘদিনের দুর্ভোগ ও নির্যাতনের আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়াটাই বড় বিষয়।

রোহিঙ্গা তরুণ আব্দুল হাফিজ বলেন, যুক্তরাষ্ট্র ইতিমধ্যে মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর গণহত্যার বিষয়টি স্বীকার করেছে। এখন আন্তর্জাতিক বিচার আদালতের সিদ্ধান্ত তাদের জন্য গুরুত্বপূর্ণ। তার প্রত্যাশা, এ রায়ের পর অপরাধীদের জবাবদিহির আওতায় আনার প্রক্রিয়া আরও এগিয়ে যাবে।

রোহিঙ্গা তরুণী সাদিয়া জাহানের প্রত্যাশা, বিশ্বের প্রভাবশালী দেশগুলো ঐক্যবদ্ধ হয়ে আন্তর্জাতিক আইনের আওতায় অপরাধীদের বিচার নিশ্চিত করবে।

রোহিঙ্গা নেতারাও আইসিজের রায়কে নিপীড়নের আন্তর্জাতিক স্বীকৃতি এবং জবাবদিহি নিশ্চিতের গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখছেন। ইউনাইটেড কাউন্সিল অব রোহিঙ্গার (ইউসিআর) প্রতিষ্ঠাকালীন সভাপতি সাঈদ উল্লাহ বলেন, ‘ন্যায়বিচারের আশায় প্রায় এক দশক ধরে আমরা অপেক্ষা করছি। আদালতের সিদ্ধান্ত ইতিবাচক ফল বয়ে আনবে বলে আমরা আশাবাদী।’

আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের চেয়ারম্যান মোহাম্মদ জুবায়েরের প্রত্যাশা, আদালতের এ সিদ্ধান্ত রোহিঙ্গাদের ওপর সংঘটিত নৃশংসতাকে গণহত্যা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়ার পথ আরও শক্তিশালী করবে। একই সঙ্গে জাতিসংঘের সদস্যরাষ্ট্রগুলোর ওপর মিয়ানমারের জবাবদিহি নিশ্চিত করার নৈতিক চাপ বাড়াবে।

তিনি বলেন, রোহিঙ্গাদের সবচেয়ে বড় প্রত্যাশা এখনো জন্মভূমিতে ফিরে যাওয়া। তারা মিয়ানমারে ফিরতে চান। তবে সেই প্রত্যাবাসনের সঙ্গে জড়িয়ে রয়েছে নিরাপত্তা, নাগরিকত্ব ও মৌলিক অধিকার নিশ্চিতের বিষয়টি।

আইসিজের রায়ে হত্যা ও নির্যাতনের পাশাপাশি গণহত্যার আলামত ধ্বংসের বিষয়টিও গুরুত্ব পেয়েছে। বিচারক ইউজি ইওয়াসাওয়া জানান, অনেক মরদেহ পুড়িয়ে ফেলা বা সরিয়ে দেওয়া হয়েছে। ‘ক্লিয়ারেন্স অপারেশন’ চালানো বিভিন্ন এলাকা পরবর্তী সময়ে পুড়িয়ে দেওয়া এবং বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে। এসব কর্মকাণ্ডের কারণে ২০১৭ সালে ঠিক কী ঘটেছিল, তা নিয়ে কার্যকর তদন্ত বাধাগ্রস্ত হয়েছে।

আদালতের পর্যবেক্ষণে আরও উঠে এসেছে, ওই অভিযানে প্রায় ১০ হাজার রোহিঙ্গাকে হত্যা করা হয়। নির্বিচার হত্যাকাণ্ড, পুরুষদের আলাদা করে হত্যা, যৌন সহিংসতা, শিশুদের ওপর নৃশংসতা এবং রোহিঙ্গাদের ঘরবাড়িতে পরিকল্পিতভাবে আগুন দেওয়ার ঘটনা ঘটে। বাংলাদেশে পালিয়ে আসার পথেও বিপুলসংখ্যক রোহিঙ্গার ওপর হামলা চালানো হয়েছিল।

এ ছাড়া ফেসবুকের মাধ্যমে মিয়ানমারের সামরিক বাহিনীর কিছু বার্তা অ-রোহিঙ্গা জনগোষ্ঠীকে রোহিঙ্গাদের বিরুদ্ধে সহিংসতায় উসকে দেওয়ার চেষ্টা করেছিল বলেও আদালতের পর্যবেক্ষণে উল্লেখ করা হয়েছে।

রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের জন্য মিয়ানমারকে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টিও রায়ে উঠে এসেছে। তবে ক্ষতিপূরণের পরিমাণ এখনো নির্ধারণ করেনি আদালত। ক্ষয়ক্ষতির মাত্রা বিবেচনায় নিয়ে পরবর্তী আইনি প্রক্রিয়ায় ক্ষতিপূরণের পরিমাণ ও প্রদানের পদ্ধতি নির্ধারণ করা হবে। রায় ঘোষণার দুই বছরের মধ্যে ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত কীভাবে বাস্তবায়ন করা হবে, সে বিষয়ে মিয়ানমারকে প্রতিবেদন জমা দিতে হবে।

গণহত্যা, গণহত্যার ষড়যন্ত্র, সরাসরি ও প্রকাশ্যে গণহত্যায় উসকানি, গণহত্যার চেষ্টা এবং গণহত্যায় সহযোগিতার মতো অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের তদন্ত, বিচার ও শাস্তি দিতে ব্যর্থ হওয়ার বিষয়টিও রায়ে উঠে এসেছে। সামরিক কমান্ডারদের বিরুদ্ধেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানান বিচারক।

রোহিঙ্গাদের কাছে আইসিজের রায় নিঃসন্দেহে বড় স্বীকৃতি। দীর্ঘদিনের নির্যাতন ও বঞ্চনার আন্তর্জাতিক স্বীকৃতি পেলেও তাদের সামনে এখনো একটি প্রশ্নই সবচেয়ে বড় হয়ে আছে—‘আমরা কবে বাড়ি ফিরব?’ জন্মভূমিতে নিরাপদে প্রত্যাবর্তন, নাগরিকত্ব ও মৌলিক অধিকার ফিরে পাওয়ার অপেক্ষায় দিন গুনছেন তারা।

নিরাপত্তা বিশ্লেষক মেজর (অব.) ইমদাদুল ইসলাম বলেন, গাম্বিয়ার করা মামলার সঙ্গে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের সরাসরি সম্পর্ক নেই। এ মামলায় মূলত মিয়ানমারে গণহত্যা সংঘটিত হয়েছে কি না এবং গণহত্যা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছিল কি না, সেসব বিষয় বিবেচনা করা হয়েছে।

তার মতে, আইসিজের নিজস্বভাবে রায় বাস্তবায়নের ক্ষমতা নেই। এ ক্ষেত্রে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সহযোগিতা প্রয়োজন হবে। তবে নিরাপত্তা পরিষদে চীন ও রাশিয়ার ভেটো দেওয়ার ক্ষমতা থাকায় রায় বাস্তবায়নে জটিলতা তৈরি হতে পারে। তা সত্ত্বেও মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ তৈরিতে এ সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বাংলাদেশের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মোহাম্মদ মিজানুর রহমান মনে করেন, রায়ে রোহিঙ্গাদের ওপর সংঘটিত নৃশংসতার স্বীকৃতি তাদের দীর্ঘদিনের দাবির ক্ষেত্রে বড় অর্জন। এর ফলে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়বে। পাশাপাশি রোহিঙ্গাদের অধিকার প্রতিষ্ঠায় পাশে দাঁড়ানোর জন্য জাতিসংঘের সদস্যরাষ্ট্রগুলোর ওপর নৈতিক চাপ তৈরি হবে।

রোহিঙ্গাদের মিয়ানমারের নাগরিকত্বের স্বীকৃতি রায়ে প্রতিফলিত হলে তাদের ‘বহিরাগত’ হিসেবে আখ্যায়িত করার মিয়ানমারের দাবির বিরুদ্ধে তা গুরুত্বপূর্ণ দলিল হিসেবে বিবেচিত হতে পারে বলেও মনে করেন তিনি।


কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  রোহিঙ্গা প্রত্যাবাসন   গণহত্যার রায়  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close