হালকা বৃষ্টি ও হিমেল হাওয়ায় চায়ের রাজধানীখ্যাত মৌলভীবাজারজুড়ে শীতের আমেজ ছড়িয়ে পড়তে শুরু করেছে। রাত ও ভোরে শীতল বাতাসের পাশাপাশি ঘাসের ডগায় জমে থাকা শিশিরবিন্দু জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা।
বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাতের বৃষ্টির পর বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে আবহাওয়ার পরিবর্তন স্পষ্ট হয়ে ওঠে। দিনের বেলায় রোদের উষ্ণতা থাকলেও ভোর, সন্ধ্যা ও রাতে অনুভূত হচ্ছে শীতল বাতাস। বিশেষ করে চা-বাগান, পাহাড়ি টিলা ও হাওরবেষ্টিত এলাকায় শীতের আমেজ বেশি অনুভূত হচ্ছে।
শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৯টায় শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। তবে বৃষ্টির পর বৃহস্পতিবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে দাঁড়ায় ২২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে। একই সঙ্গে বুধবার রাত থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ৫ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক মো. মুজিবুর রহমান বৃহস্পতিবার রাত ৮টায় দৈনিক খোলা কাগজকে বলেন, গত কয়েক দিন ধরেই রাত ও ভোরের তাপমাত্রা ওঠানামা করছে। আগামী দিনগুলোতে রাতের তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ৫ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
এদিকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলের পাশাপাশি সিলেট বিভাগের কিছু এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
শীতের আগমনী বার্তায় বদলে যেতে শুরু করেছে জেলার গ্রামীণ জনপদের চিত্র। শ্রীমঙ্গল, কমলগঞ্জ ও মৌলভীবাজার শহরের বিভিন্ন হাটবাজারে ইতোমধ্যে শুরু হয়েছে গরম কাপড়ের বেচাকেনা। অন্যদিকে শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। কৃষিজমিতে শিম, লালশাক, টমেটো, লাউ, লাউশাক, ফুলকপি ও বাঁধাকপিসহ বিভিন্ন সবজির বীজ বপন ও পরিচর্যা করছেন তারা।
প্রকৃতির এই পরিবর্তন অনেকের কাছে উপভোগ্য হলেও দরিদ্র ও ছিন্নমূল মানুষের জন্য তা বাড়তি দুর্ভোগের আশঙ্কা তৈরি করছে। যাদের মাথার ওপর পাকা ছাদ নেই, শরীরে জড়ানোর মতো পর্যাপ্ত গরম কাপড় নেই, তাদের জন্য হিমেল হাওয়া ও ভেজা ঠান্ডা হয়ে উঠতে পারে কষ্টের কারণ।
শীত পুরোপুরি জেঁকে বসার আগেই অসহায় ও শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে বিত্তবান ও সমাজের সামর্থ্যবানদের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। তাদের মতে, সময়মতো শীতবস্ত্র বিতরণ ও মানবিক সহযোগিতা নিশ্চিত করা গেলে শীতের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে।
কেকে/সাশ