মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় গ্রামীণ ব্যাংকের সিন্দুরখান শাখা কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।
বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে কার্যালয়ের প্রধান ফটকের সামনের বারান্দায় এ ঘটনা ঘটে। তবে স্থানীয় বাসিন্দাদের দ্রুত তৎপরতায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে ব্যাংকটি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ব্যাংক ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার গভীর রাতে একদল দুর্বৃত্ত গ্রামীণ ব্যাংকের সিন্দুরখান শাখার প্রধান ফটকের সামনের বারান্দায় গাড়ির একটি টায়ারে আগুন ধরিয়ে দেয়। আগুন দেখতে পেয়ে আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এলে দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে ব্যাংকের ভেতরে থাকা নথিপত্র ও আসবাবপত্রের কোনো ক্ষতি হয়নি।
গ্রামীণ ব্যাংকের সিন্দুরখান শাখার ব্যবস্থাপক অজিত চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘দুর্বৃত্তরা প্রধান ফটকের সামনের বারান্দায় টায়ার জ্বালিয়ে আগুন দেওয়ার চেষ্টা করেছিল। তবে স্থানীয়দের সহযোগিতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।’
খবর পেয়ে বৃহস্পতিবার সকালে শ্রীমঙ্গল থানা-পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় রাজনৈতিক নেতারা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে দুর্বৃত্তদের পৃষ্ঠপোষকতার অভিযোগ তুলে শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেখ জসিম বলেন, ‘যারা এসব দুর্বৃত্তদের পৃষ্ঠপোষকতা করছে, তাদের মনে রাখা উচিত, এই আগুনের তাপ একদিন তাদের ঘরেও পৌঁছাতে পারে।’
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। কারা এবং কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।
কেকে/সাশ