শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬,
৬ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● দুর্বল হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিল ‘আকভান’, ৪ বন্দরে সতর্কসংকেত      ● অস্ট্রেলিয়া সফরে ঢাকা ছাড়লেন জামায়াত আমির      ● আইসিজের রায়ে রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়বে : শামা ওবায়েদ      ● পাঁচ ধাপে চার হাজার ৩৩২ ইউপিতে ভোটের তালিকা প্রকাশ      ● রোহিঙ্গা গণহত্যায় ক্ষতিপূরণ-প্রত্যাবাসনসহ ১২ সিদ্ধান্ত আইসিজের      ● রোহিঙ্গাদের নিয়ে আইসিজের রায়ে আমরা সন্তুষ্ট : হুমায়ুন কবির      ● ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৬১৫      
অর্থনীতি
নিত্যপণ্যের বাজারে ম্লান সবজির স্বস্তি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ১০:৩৬ এএম আপডেট: ২০.১১.২০২৬ ১০:৩৮ এএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

রাজধানীর কাঁচা বাজারে কিছু সবজি ও নিত্যপণ্যের দামে সাময়িক স্বস্তির আভাস মিললেও সামগ্রিক বাজারে তার ছাপ পড়েনি। কোথাও কোথাও সবজি, আলু, পেঁয়াজ বা কাঁচামরিচের দাম তুলনামূলক সহনীয় পর্যায়ে থাকলেও চাল, ভোজ্যতেল, ডাল ও মাছ-মাংসের চড়া দরে সাধারণ ক্রেতাদের সংসার খরচে বড় কোনো স্বস্তি আসেনি। বাজারে মোটা চাল ৫০-৬০ টাকা ও সরু চাল ৭০-৯০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে, খোলা সয়াবিন তেল ১৮৫-১৯৫ টাকা এবং বোতলজাত তেল ২০০ টাকার উপরে অবস্থান করছে। পাশাপাশি মসুর ডাল, পেঁয়াজ, আদা-রসুন ও মাছ-মাংসের দামের ওঠানামায় সবজির সামান্য স্বস্তি ম্লান হয়ে পড়েছে নিত্যপণ্যের বাজারে। 

সরেজমিন রাজধানীর একাধিক খুচরা ও কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, শীতের আগাম বা মৌসুমি কিছু সবজির সরবরাহ বাড়ায় কেজিপ্রতি দামে সামান্য নিম্নমুখী প্রবণতা রয়েছে; কোথাও কোথাও বেগুন, শিম, মুলা বা পটোল আগের চেয়ে কিছুটা কম দামে মিলছে। তবে সবজির এই স্বস্তি বেশিদূর এগোতে পারছে না চাল, আটা, সয়াবিন তেল, ডাল ও ডিম-মুরগির বাজারের চাপের কারণে। ক্রেতাদের অভিযোগ, দু-একটি পণ্যের দাম সামান্য কমলেও পুরো বাজারের ফর্দ হিসাব করলে খরচ আগের মতোই থাকছে, কিংবা বাড়ছে। অন্যদিকে বিক্রেতাদের দাবি, পাইকারি বাজার ও পরিবহন খরচের ওপর নির্ভর করেই খুচরা দর নির্ধারিত হচ্ছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, যেসব পণ্য প্রতিদিন পরিবারের খাদ্যতালিকায় অপরিহার্য, সেগুলোর দাম এখনো চড়া বা অস্থিতিশীল। বিশেষ করে চালের বিভিন্ন জাত, ভোজ্যতেল, মসুর ডাল এবং মাছ-মাংস ও ডিমের দরে স্বস্তি না ফেরায় সবজির সামান্য দরপতন ক্রেতাদের ওপর বড় কোনো ইতিবাচক প্রভাব ফেলছে না। নিম্ন ও মধ্যবিত্ত আয়ের ক্রেতাদের মতে, বাজারের একটি অংশে সামান্য ছাড় মিললেও অন্য অংশে বাড়তি দামের কারণে সার্বিক ব্যয় সামলানো কঠিন হয়ে পড়ছে। 

নিত্যপণ্যের বাজারে সবজির দামে সামান্য স্বস্তি মিললেও ক্রেতাদের পকেটে সবচেয়ে বড় ধাক্কা দিচ্ছে মাছ, মাংস ও মসলার চড়া দর। দৈনন্দিন খাদ্যতালিকায় আমিষের অন্যতম প্রধান উৎস মাছ— যেমন রুই, কাতলা, পাঙাশ, তেলাপিয়া বা চিংড়ি কিনতে গিয়ে হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ। মাছের খাবার, পরিবহন খরচ ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যের কারণে খুচরা বাজারে মাছের দাম সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে যাচ্ছে। একইভাবে গরু, খাসি ও ব্রয়লার মুরগির বাজারও চড়া থাকায় নিম্ন ও মধ্যবিত্ত আয়ের পরিবারগুলোর পাতে নিয়মিত আমিষ তোলা কঠিন হয়ে পড়েছে।
 
অন্যদিকে রান্নার অপরিহার্য অনুষঙ্গ মসলার বাজারেও দেখা দিয়েছে অস্থিরতা। পেঁয়াজ, আদা, রসুন, শুকনা মরিচ, হলুদ ও জিরাসহ নানা মসলার দামে ঊর্ধ্বমুখী প্রবণতা বা উচ্চদর বহাল থাকায় সামগ্রিক রান্নার খরচ বাড়ছে। আমদানি নির্ভরতা, এলসি জটিলতা, আন্তর্জাতিক বাজারে দরবৃদ্ধি এবং দেশীয় সরবরাহ শৃঙ্খলে ঘাটতির অজুহাতে পাইকারি থেকে খুচরা পর্যায়ে মসলার দাম চড়া থাকছে বলে অভিযোগ ক্রেতাদের। ফলে মৌসুমি সবজিতে সামান্য ছাড় মিললেও মাছ-মাংস ও মসলার বাড়তি ব্যয় পুরো সংসারের বাজেটকে ভারসাম্যহীন করে তুলছে।
 
বাজার সংশ্লিষ্টদের মতে, কেবল সরবরাহ বাড়ানো নয়, বরং পাইকারি ও খুচরা পর্যায়ে নিয়মিত তদারকি, কৃত্রিম সংকট ও সিন্ডিকেট নিয়ন্ত্রণ এবং আমদানি ও পরিবহন ব্যয় যৌক্তিক পর্যায়ে না আনলে এই খাতে স্বস্তি ফেরা কঠিন। ক্রেতাদের প্রত্যাশা, বাজার ব্যবস্থাপনায় কার্যকর পদক্ষেপ নেওয়া হলে আমিষ ও মসলার মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে ফিরে আসবে।

বাজার ঘুরে দেখা যায়, আলু ২৫, পটোল ৫০, বেগুন ৬০-৮০, সিম ৬০-৮০, ভেন্ডি ৫০, টমেটো ১৫০, পেঁপে ২৫, করলা ৮০, বরবটি ৮০, ঝিঙা ৮০, চিচিঙ্গা ৬০ টাকা প্রতি কেজি দরে বিক্রি হচ্ছে। কাঁচা মরিজ দেশি ১৪০ ও হাইব্রিড ১০০ টাকা কেজি। 

প্রতি পিস ফুলকপি ৩০ ও বাঁধাকপি ৩০-৪০ টাকা, লাউ ৬০-৭০, কাঁচা কলা ৪০ টাকা প্রতি হালি, লালশাক প্রতি আঁটি ১৫, কলমিশাক ২০, পুঁইশাক ৩০ টাকা।  ডিমের মধ্যে লালডিম ১৩৫-১৪০, সাদা ডিম ১২০ টাকা ডজনে বিক্রি হচ্ছে।
 
রুই মাছ ৩৮০ টাকা থেকে শুরু ৪৮০ টাকা পর্যন্ত। ছোট মলা, চিংড়িসহ অন্যান্য মাছের দাম কেজিতে ৫০০ থেকে ১২০০ টাকা পর্যন্ত। গরুর মাংস ৮২০ টাকা কেজি, খাসির মাংস ১২০০ টাকা। ব্রয়লার কেজি প্রতি ১৯০, কক ৩৩০, দেশি ৬৬০ টাকা। 

এর মধ্যে গত কয়েকদিনের তুলনায় সিম ও টমেটোর দাম  কেজিপ্রতি ১০ টাকা বেড়ে ৮০ ও ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া বাজারে নতুন আলু ১৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। 

বাজারে আসা রাবিব হোসেন বলেন, ‘বাজারে সবজির যে দাম তা অব্যাহত থাকা দরকার। অন্তত মানুষ খেয়ে বাঁচতে পারবে। তা না হলে মানুষকে প্রয়োজনের তুলনায় কম খেতে হবে।’ তিনি বলেন, ‘ব্রয়লার মুরগি ১৭০-১৯০ টাকা কেজি। আরও কমা উচিত। সাধারণ মানুষ ব্রয়লার কিংবা মাছের মধ্যে তেলাপিয়া, পাঙ্গাস বেশি কেনে। সেটিও ৩০০ টাকা কেজির কাছাকাছি। আসলে জিনিসপত্রের দাম না কমলে মানুষের চলা কঠিন।’ 

সকালে বাজার করতে আসা তাসলিমা বেগম বলেন, ‘সবজির বাজারে আগুন নাই। আগুন আছে মাছ-মাংসে। যখন সিম, পটোল ১০০ টাকার ওপরে কেজি ছিল তখন তো মানুষ ঠিকমতো সবজিই কিনতে পারেনি। এখন সবজির বাজার একটু নাগালের মধ্যে। তবে ওই যে মাছ-মাংসের দাম প্রতিদিন বাড়ে। ওখানে একটু শান্তি আসলে মানুষ ভালো থাকত।’ 

তিনি বলেন, ‘বর্তমান বাজারে সবকিছু মোকাবিলা করে একুট ভালো খাওয়া মানুষ এখন খেতে পারছে না। ওই যে ডিম-আলু এর মধ্যে আছে। যারা দিনমজুর তারা তো এক সপ্তাহের টাকা জমিয়ে পরের সপ্তাহে মাছ বা ব্রয়লার মুরগি কেনে। আবার টাকা জমায় আবার কেনে। একদিন-দুইদিন পর যে একটু পছন্দের খাবার খাবে সেটা হয় না। এটা শুধু দিনমজুরের বেলায় তা নয়, অনেক চাকরিজীবিরাও এই অবস্থার মধ্যে আছে।’

মেরাদিয়া বাজারের সবজি বিক্রেতা রায়হান জানান, সবজির বাজার এখন নিম্নমুখী। বাজার অনেকটা কমেছে। যেহেতু শীত মৌসুম তাই বাজার এ রকমই থাকার কথা। তবে যেমন সিমের দাম একটু একটু করে বাড়ছে। বাজারে সিমের ঘাটতির কারণে দাম বাড়ছে।’  

আরেক বিক্রেতা আরিফ হোসেন বলেন, ‘দাম যা আছে, তাতে পূর্বের চেয়ে বেচা-বিক্রি ভালো। এ রকম দাম থাকলে সবার জন্যই ভালো। তবে কাঁচা মাল কখন বাড়ে আর কখন কমে বলা যায় না।’ 

মাছ ব্যবসায়ী আলিম মিয়ার বক্তব্য, মাছের বাজার একুট চড়া। দাম বাড়তির দিকে। তেলাপিয়া, পাঙ্গাস, ছোট রুই— এগুলো ৩২০-৩৫০ টাকা কেজি। আসলে কোনো মাছের দামই ওইভাবে কমতির দিকে নেই। 

বিশ্ববাজারে চালের দরবৃদ্ধি, বিপাকে আমদানিকারকরা

বিশ্বের প্রায় অর্ধেক জনগোষ্ঠীর প্রধান খাবার ভাত। পুরো বিশ্বে সবচেয়ে বেশি চাল রপ্তানি করে ভারত, চীন, থাইল্যান্ড, ভিয়েতনাম, কম্বোডিয়ার মতো দেশ। চলতি বছর বিশ্ববাজারে এই চালের বাড়তি দামে চাপে পড়তে পারেন আমদানিকারকরা। প্রধান চাল রপ্তানিকারক দেশ ভারত, থাইল্যান্ড, ভিয়েতনামে চালের রপ্তানিমূল্য বাড়ায় উদ্বেগে আছেন তারা। 

আন্তর্জাতিক বাজারে চালের দাম বোঝার অন্যতম গুরুত্বপূর্ণ মাপকাঠি হলো প্রতি টন ৫ শতাংশ ভাঙা চালের রপ্তানিমূল্য। ভারত থেকে এই মানের সাদা চাল রপ্তানি হচ্ছে প্রতি টন ৩৯০ থেকে ৩৯৫ ডলারে। এ ছাড়া দেশটির ৫ শতাংশ ভাঙা সেদ্ধ চালের দামও বেড়ে দাঁড়িয়েছে ৩৮৫ থেকে ৩৯০ ডলারে। থাইল্যান্ডের একই মানের চালের দাম বেড়ে হয়েছে টনপ্রতি ৪৯৫ থেকে ৫০০ ডলার। আর ভিয়েতনামের চাল বিক্রি হচ্ছে ৪৯০ থেকে ৪৯৫ ডলারে। 

আফ্রিকার দেশগুলোর বাড়তি চাহিদা, ভারতীয় রুপির শক্তিশালী বিনিময় হার এবং সরবরাহ কমার আশঙ্কায় বাড়ছে দাম। উৎপাদন ব্যাহত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে আবহাওয়ার এল নিনোর কারণে। 

চালের এই বাড়তি দামের কারণে সবচেয়ে বেশি চাপে পড়তে পারেন আমদানিকারকরা। কারণ, একই পরিমাণ চাল কিনতে এখন আগের চেয়ে বেশি ডলার ব্যয় করতে হচ্ছে। বিশেষ করে যেসব আমদানিকারক কম দামে চাল বিক্রির চুক্তি করেছেন, অথচ পরে বেশি দামে চাল কিনতে হচ্ছে, তাঁদের লোকসানের আশঙ্কা তৈরি হয়েছে। 

এদিকে বাংলাদেশের আমদানিকৃত চালের ওপর নির্ভরতা কমলেও, বাজারে বাড়তি দামে বিক্রি হচ্ছে চাল। নভেম্বরের শুরু থেকে সরু ও মাঝারি চালের দাম কেজিতে বেড়েছে ২ থেকে ৫ টাকা। ১৫ নভেম্বর সংসদে খাদ্যমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে খাদ্যশস্যের মজুত ২১ লাখ ৪৭ হাজার টন।

কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  সবজি বাজার   বাজারদর   
মতামত লিখুন:
Loading...
Loading...

অর্থনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close