জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমান আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগ প্রমাণিত হওয়ার পর কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন করেছেন। এ সময় তিনি রোহিঙ্গাদের ন্যায়বিচার, নিরাপদ প্রত্যাবাসন ও ক্ষতিপূরণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
শুক্রবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে কক্সবাজারের একটি রোহিঙ্গা আশ্রয়শিবিরের খেলার মাঠে সমবেত শরণার্থী, বাংলাদেশ সরকার ও জাতিসংঘের প্রতিনিধিদের সামনে বক্তব্য দেন তিনি।
বক্তব্যের শুরুতে আবেগাপ্লুত কণ্ঠে ড. খলিলুর রহমান বলেন, ‘গতকাল দ্য হেগে জাতিসংঘের সর্বোচ্চ আদালত কথা বলেছেন। আদালত তোমাদের নাম উচ্চারণ করেছেন—রোহিঙ্গা। আদালতের রায় স্পষ্ট, ২০১৭ সালে তোমাদের ওপর চালানো হয়েছিল গণহত্যা।’ এ সময় বিচার দেখে যেতে না পারা নিহত রোহিঙ্গাদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তিনি।
রোহিঙ্গাদের সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পৃক্ততার কথা তুলে ধরে তিনি বলেন, ‘আমি নিউইয়র্ক থেকে তোমাদের নিয়ে কথা বলতে চাইনি। আমি তোমাদের পাশে এসে দাঁড়াতে চেয়েছি। বছরের পর বছর তোমরা বিশ্ববাসীকে তোমাদের কথা শোনার আহ্বান জানিয়েছ। আজ বিশ্ব তোমাদের সেই কথা শুনেছে।’
তিনি বলেন, আন্তর্জাতিক বিচার আদালতের এই রায় রোহিঙ্গাদের ন্যায়বিচার প্রতিষ্ঠার পথে একটি ঐতিহাসিক অগ্রগতি। আদালত রোহিঙ্গাদের স্বতন্ত্র জাতিগোষ্ঠী হিসেবে স্বীকৃতি দিয়েছেন। এখন এই রায় বাস্তবায়ন এবং অপরাধীদের জবাবদিহির আওতায় আনার পাশাপাশি রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে হবে।
ড. খলিলুর রহমান রোহিঙ্গাদের নিজ দেশে স্বেচ্ছায় ও নিরাপদে ফিরে যাওয়ার পরিবেশ তৈরির আহ্বান জানান। এ জন্য তাদের নাগরিকত্বের অধিকার, নিরাপত্তা, হারানো বাড়িঘর ও সম্পত্তি ফিরিয়ে দেওয়া অথবা উপযুক্ত ক্ষতিপূরণ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি।
তিনি আরও বলেন, রোহিঙ্গাদের ওপর সংঘটিত অপরাধের উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে। নিরাপদ প্রত্যাবাসন শুরু না হওয়া পর্যন্ত আশ্রয়শিবিরে খাদ্য, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে সহায়তা বাড়াতে হবে। দীর্ঘদিন ধরে বাংলাদেশ রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে যে মানবিক দায়িত্ব পালন করছে, তা একা বাংলাদেশের পক্ষে বহন করা সম্ভব নয়।
এ সময় রোহিঙ্গা গণহত্যার বিচারের জন্য গাম্বিয়া, ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি), মামলায় হস্তক্ষেপকারী দেশগুলো, আন্তর্জাতিক বিচার আদালত এবং জাতিসংঘের তদন্তকারী দলের ভূমিকার প্রশংসা করেন তিনি। পাশাপাশি রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশ সরকার, জনগণ এবং উখিয়া-টেকনাফের স্থানীয় বাসিন্দাদের প্রতি কৃতজ্ঞতা জানান। সাহসিকতার সঙ্গে আদালতে সাক্ষ্য দেওয়া রোহিঙ্গা নারী ও ভুক্তভোগীদের প্রতিও বিশেষ শ্রদ্ধা জানান তিনি।
বক্তব্যের শেষ পর্যায়ে ড. খলিলুর রহমান বলেন, ‘গতকালের রায়ের মাধ্যমে বিশ্ব রোহিঙ্গাদের কাছে দেওয়া প্রতিশ্রুতি রক্ষায় বড় পদক্ষেপ নিয়েছে। এখন পূর্ণ ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং তোমাদের নিরাপদে ঘরে ফেরা পর্যন্ত আমাদের একসঙ্গে পথ চলতে হবে।’
কেকে/সাশ