রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে এক শিক্ষার্থীকে মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। তবে ওই শিক্ষার্থীকে অকারণে মারধর করা হয়েছে দাবি করে ক্ষোভ প্রকাশ করেছেন হল ও বিভাগের শিক্ষার্থীরা। এর প্রতিবাদে হলের প্রাধ্যক্ষের কক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তা ও ছাত্রদলের নেতাকর্মীদের প্রায় চার ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন তারা। এ সময় দফায় দফায় উত্তেজনা ও বাক্বিতণ্ডার ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ সোহরাওয়ার্দী হলের নিজ কক্ষ থেকে ডেকে নিয়ে দেবজয় সরকারকে মারধর করা হয়। তিনি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। ২০২২ সালে হল শাখা ছাত্রলীগের কমিটিতে তার সদস্য পদ ছিল। তবে হলে আসন পাওয়ার জন্যই ছাত্রলীগের সঙ্গে যুক্ত হয়েছিলেন বলে দাবি করেছেন তিনি।
অন্যদিকে ছাত্রদলের নেতাকর্মীদের দাবি, দেবজয় হল শাখা ছাত্রলীগের পদধারী নেতা ছিলেন। এ-সংক্রান্ত প্রমাণও তাদের কাছে রয়েছে বলে দাবি করেন তারা।
দেবজয় সরকার বলেন, ‘আমি প্রথম বর্ষে সিট পাওয়ার জন্য ছাত্রলীগে জয়েন করেছিলাম। তবে আমাকে যে পদ দিয়েছে, সেটাও আমি জানতাম না। আমি চার বছর ধরে এই হলে থাকি। জুলাই গণ-অভ্যুত্থানেও নিজে আন্দোলন করেছি। দুই বছর পর আজ তারা আমাকে রুম থেকে ডেকে নিয়ে অকারণে মারধর করেছে। আমি এখন কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই।’
মারধরের পর দেবজয়কে হলের গেস্টরুমে নিয়ে যাওয়া হয়। খবর ছড়িয়ে পড়লে হল ও অর্থনীতি বিভাগের শতাধিক শিক্ষার্থী সেখানে জড়ো হন। প্রায় এক ঘণ্টা পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, ছাত্র উপদেষ্টা ও জনসংযোগ দপ্তরের প্রশাসক ঘটনাস্থলে উপস্থিত হন। পরে দেবজয় ও ছাত্রদলের কয়েকজন নেতাকে হলের প্রাধ্যক্ষের কক্ষে নেওয়া হয়। এ সময় প্রশাসনের কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন।
তবে মারধরের ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। তাদের অভিযোগ, ভিডিও ধারণের উদ্দেশ্যে দেবজয়কে ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার তকমা দিয়ে মারধর করা হয়েছে।
এদিকে অর্থনীতি বিভাগের শিক্ষার্থীরা ঘটনার সুষ্ঠু তদন্ত, হামলাকারীদের শনাক্ত এবং হলের সিসিটিভি ফুটেজ প্রকাশের দাবি জানান। দ্রুত ফুটেজ দেখানোর জন্য তারা প্রশাসনের প্রতি বারবার আহ্বান জানান। তবে হল প্রশাসন ও প্রক্টর জানান, রাতে সিসিটিভি ফুটেজ সংগ্রহের জন্য কোনো টেকনিশিয়ান উপস্থিত নেই। পরদিন সকালে ফুটেজ দেখানোর ব্যবস্থা করা হবে।
এ নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে প্রশাসন ও ছাত্রদলের নেতাকর্মীদের দফায় দফায় বাক্বিতণ্ডা হয়। একপর্যায়ে কয়েকজন শিক্ষার্থী প্রাধ্যক্ষের কক্ষের দরজা ভাঙারও চেষ্টা করেন। প্রায় চার ঘণ্টা ধরে আলোচনা ও উত্তেজনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্ত কমিটি গঠন এবং সকালে সিসিটিভি ফুটেজ দেখানোর আশ্বাস দেয়। এতে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। পরে প্রাধ্যক্ষের কক্ষ সিলগালা করে বিক্ষোভরত শিক্ষার্থীরা নিজ নিজ কক্ষে ফিরে যান।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, ‘আমরা তোমাদের কথা শুনেছি। আগামীকাল সিসিটিভি ফুটেজ দেখা হবে এবং তদন্ত কমিটি গঠন করা হবে। দোষীদের অবশ্যই শাস্তির আওতায় আনা হবে।’
কেকে/সাশ