বলিউডের সিনেমাপ্রেমীদের কাছে ‘কাভি খুশি কাভি গম’ শুধু একটি সিনেমা নয়, বরং এক টুকরো আবেগ, ভালোবাসা আর নস্টালজিয়া। শাহরুখ খানের সেই পারিবারিক টানাপোড়েন, অমিতাভ বচ্চনের গম্ভীর ব্যক্তিত্ব, কাজলের প্রাণবন্ত অভিনয় আর কারিনা কাপুর খানের দুর্দান্ত ‘পু’ চরিত্র—সব মিলিয়ে সিনেমাটি আজও দর্শকের মনে বিশেষ জায়গা দখল করে আছে। মুক্তির ২৫ বছর পূর্তি সামনে রেখে এবার সেই স্মৃতিমাখা জগৎ ফিরে এসেছে নতুন আয়োজনে।
২০০১ সালে মুক্তি পাওয়া করণ জোহর পরিচালিত ‘কাভি খুশি কাভি গম’ সিনেমার কাল্পনিক রাইচাঁদ পরিবারের বাড়ি এবার বাস্তবে ঘুরে দেখার সুযোগ পাচ্ছেন ভক্তরা। এ উপলক্ষে ভারতের জুহুর গোল্ড স্টুডিওতে তৈরি করা হয়েছে রাইচাঁদ পরিবারের বাড়ির আদলে বিশাল এক আয়োজন। বৈশ্বিক হোমস্টে সেবা প্রতিষ্ঠান এয়ারবিএনবির উদ্যোগে ‘অ্যাট হোম উইথ দ্য রাইচাঁডস’ শিরোনামে সাজানো হয়েছে পুরো অভিজ্ঞতা।
সিনেমার সেই বিখ্যাত বাড়ির বাঁকানো সিঁড়ি, পরিবারের সদস্যদের ছবি, পু ও রোহানের ঘরের আদলে সাজানো কক্ষ, আয়নাসহ টাই রাখার স্ট্যান্ড—সবকিছুতেই রাখা হয়েছে সিনেমার স্মৃতি। এমনকি নন্দিনী যে ছোট টুলে দাঁড়িয়ে থাকতেন, ভাঙা ফুলদানিসহ সিনেমার নানা পরিচিত অনুষঙ্গও জায়গা পেয়েছে সেখানে। অমিতাভ বচ্চনের সেই গম্ভীর কণ্ঠে ‘রাইচাঁদ!’ বলে ডাকার স্মৃতিও যেন নতুন করে জীবন্ত হয়ে উঠেছে।
আয়োজনটিতে ছিল রঙিন সাজসজ্জা, হৃদয় আকৃতির বেলুন, ‘প্রম নাইট’ ও ‘চাঁদনি চক মেলা’ নামে খাবারের টেবিল। এমনকি ‘পু’ নামের বিশেষ মকটেলও রাখা হয়েছিল, যাতে ছিল পিংক গ্রেপফ্রুট, ক্র্যানবেরি, গোলাপ ও হোয়াইট টি। পুরো আয়োজনজুড়েই ছিল সিনেমাটির জনপ্রিয় সংলাপ, চরিত্র ও দৃশ্যের নানা স্মারক।
সিনেমাটির পরিচালক করণ জোহর নিজেও এত বছর পর দর্শকের এমন ভালোবাসায় বিস্মিত। হলিউড রিপোর্টার ইন্ডিয়াকে তিনি বলেন, ‘এটা সত্যিই অবিশ্বাস্য। যখন আমরা সিনেমাটি তৈরি করেছিলাম, তখন রাইচাঁদ পরিবারের বাড়িটি ছিল আমাদের কল্পনায় তৈরি একটি জগৎ। ২৫ বছর পরও মানুষ সেই সিঁড়ি, পরিবারের ছবিগুলো, ভাঙা ফুলদানি, এমনকি নন্দিনী যে ছোট টুলে দাঁড়াতেন, সেসব মনে রাখবে—এটা কখনো ভাবিনি।’
প্রায় ৪০ কোটি রুপি বাজেটে নির্মিত ‘কাভি খুশি কাভি গম’ সে সময়ের সবচেয়ে ব্যয়বহুল ভারতীয় সিনেমা ছিল। সিনেমার বাড়ির বাইরের দৃশ্য ধারণ করা হয়েছিল যুক্তরাজ্যের বাকিংহামশায়ারের ওয়াডেসডন ম্যানরে। অন্যদিকে বাড়ির জমকালো ভারতীয় ঘরোয়া সাজ তৈরি করা হয়েছিল মুম্বাইয়ে। পশ্চিমা আভিজাত্য আর ভারতীয় ঐতিহ্যের মেলবন্ধন ঘটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন সিনেমার প্রোডাকশন ডিজাইনার শর্মিষ্ঠা রায়।
করণ জোহরের মতে, সিনেমাটির গল্পে আভিজাত্য ও পারিবারিক আবেগের এক ভিন্নধর্মী দ্বন্দ্ব তুলে ধরা হয়েছিল। বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ভারতীয়দের জীবনযাপন, আধুনিকতা ও নিজস্ব সংস্কৃতির প্রতি টান—সবকিছুই গল্পে উঠে এসেছিল। তবে এত আয়োজনের মধ্যেও সিনেমাটির মূল শক্তি ছিল পরিবারের প্রতি ভালোবাসা ও সম্পর্কের টানাপোড়েন।
তবে সময়ের সঙ্গে সিনেমাটির সবচেয়ে আলোচিত চরিত্র হয়ে উঠেছে কারিনা কাপুর খানের ‘পু’। আত্মবিশ্বাসে ভরপুর, নিজের সৌন্দর্য নিয়ে মুগ্ধ এবং অন্যদের নিয়ে অকপট মন্তব্য করা এই চরিত্র আজও সামাজিক যোগাযোগমাধ্যমে মিম ও নানা আলোচনার বিষয়। ঝলমলে পোশাক, চোখের চাহনি, ঠোঁটের ভঙ্গি আর ব্যঙ্গাত্মক সংলাপে পু যেন আলাদা এক জনপ্রিয়তার জগৎ তৈরি করেছে।
পু চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতা নিয়ে কারিনা বলেন, ‘করণ যখন প্রথম আমাকে পু চরিত্রটি বুঝিয়ে বলেছিলেন, তখন আমি কিছুটা বিভ্রান্ত ছিলাম। কারণ সে সময়ের হিন্দি সিনেমার নায়িকাদের মতো ছিল না চরিত্রটি। সে জানত কী চায়, নিজেকে নিয়ে মগ্ন থাকত, সবাইকে বিচার করত এবং কোনো কিছু বলার আগে একটুও ভাবত না। কিন্তু করণ বারবার বলেছিলেন, দর্শক এই চরিত্রকে ভালোবাসবে।’
করণ জোহর জানান, তিনি পুকে এমন একজন হিসেবে কল্পনা করেছিলেন, যে নিজের অসাধারণত্ব নিয়ে পুরোপুরি নিশ্চিত। শুটিংয়ের সময় তিনি নিজেই পু-র অঙ্গভঙ্গি ও সংলাপ বলার ধরন করে দেখাতেন। পরে কারিনা নিজের মতো করে চরিত্রটিকে পর্দায় ফুটিয়ে তুলতেন। করণের ভাষায়, ২০০১ সালে তৈরি হওয়া পু চরিত্রটি যেন সামাজিক যোগাযোগমাধ্যমের মিম সংস্কৃতির জন্যই তৈরি হয়েছিল।
কারিনার কাছেও লন্ডনের কলেজজীবনের দৃশ্যগুলো বিশেষ স্মৃতির। বিশেষ করে ‘ইটস রেইনিং মেন’ গুনগুন করতে করতে হাঁটা, পছন্দের ছেলেদের নিয়ে মজার আচরণ এবং সেই বিখ্যাত ‘পার্ক দ্য কার!’ সংলাপ আজও দর্শকের হাসির খোরাক। আর প্রম নাইটের জন্য সঙ্গী বাছাইয়ের সময় পু-র সেই বিখ্যাত সংলাপ—‘গুড লুকস, গুড লুকস অ্যান্ড গুড লুকস’—বলিউডের অন্যতম স্মরণীয় সংলাপ হয়ে আছে।
কারিনা বলেন, ‘পু নিজের জগতে বাস করত। সব প্রশ্নের উত্তর তার কাছে ছিল। আর সে এমন আত্মবিশ্বাসের সঙ্গে কথাগুলো বলত যে দর্শকের হাসি পেত। সে সত্যিই বিশ্বাস করত, সবার পৃথিবীর কেন্দ্রবিন্দু সে নিজেই।’
২৫ বছর পরও ‘কাভি খুশি কাভি গম’ ঘিরে দর্শকের এই উচ্ছ্বাস প্রমাণ করে, কিছু সিনেমা শুধু পর্দায় দেখা হয় না, হৃদয়েও জায়গা করে নেয়। রাইচাঁদ পরিবারের সেই বাড়ি, পু-র দুষ্টুমি আর ভালোবাসার গল্প তাই নতুন প্রজন্মের কাছেও পুরোনো হয় না। সময় বদলায়, দর্শকের রুচি বদলায়, কিন্তু কিছু সংলাপ, কিছু চরিত্র আর কিছু সিনেমা থেকে যায় চিরচেনা নস্টালজিয়া হয়ে।
সূত্র: দ্য হলিউড রিপোর্টার ইন্ডিয়া
কেকে/সাশ