বৈরী আবহাওয়ার সুযোগ নিয়ে মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে নারী-পুরুষসহ অন্তত ২০ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার (পুশইন) চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। এ ঘটনায় সীমান্ত এলাকায় নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে বড়লেখার দুর্গম পাহাড়ি লাতু ও পাল্লাথল সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। দুর্যোগপূর্ণ আবহাওয়ার সুযোগ নিয়ে সীমান্তের ওপার থেকে তাদের ঠেলে পাঠানোর চেষ্টা করা হয়।
অনুপ্রবেশের চেষ্টা বুঝতে পেরে বিজিবি সদস্যরা দ্রুত সতর্ক অবস্থান নেন এবং প্রতিরোধ গড়ে তোলেন। বিজিবির কঠোর অবস্থানের কারণে ওই ২০ জন বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করতে পারেননি। শুক্রবার (২০ নভেম্বর) সকাল পর্যন্ত তাদের সীমান্তের নো ম্যানস ল্যান্ডের ভারতীয় অংশে অবস্থান করতে দেখা যায়।
এ বিষয়ে বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান সুজন বলেন, ‘বৈরী আবহাওয়ার সুযোগে লাতু ও পাল্লাথল সীমান্তের পাহাড়ি অঞ্চল দিয়ে ২০ জন নারী-পুরুষকে বাংলাদেশে পুশইন করার চেষ্টা করেছিল বিএসএফ। তবে বিজিবির নিয়মিত টহল দল অত্যন্ত তৎপর থাকায় তাদের সেই প্রচেষ্টা প্রতিহত করা সম্ভব হয়েছে।’
তিনি আরও জানান, ঘটনার পর লাতু, পাল্লাথলসহ বড়লেখার স্পর্শকাতর সীমান্ত এলাকায় টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। যাতে ভবিষ্যতে অনুপ্রবেশ কিংবা পুশইনের কোনো চেষ্টা সফল না হয়। সীমান্তের সার্বিক পরিস্থিতি বিজিবির কঠোর নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানান তিনি।
কেকে/সাশ