স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় দেশের তিনটি মেডিকেল কলেজ হাসপাতালে নতুন করে আট হাজার ৮২টি পদ সৃষ্টির প্রস্তাব করেছে। পাশাপাশি জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে জনবল বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
এসব প্রস্তাবসহ মোট ছয়টি বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামী রোববার (২২ নভেম্বর) সভা ডেকেছে স্বাস্থ্য সেবা বিভাগ।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পারসোনেল-৪ শাখা থেকে জারি করা নোটিশে এসব তথ্য জানানো হয়েছে।
নোটিশ অনুযায়ী, রোববার সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ৩ নম্বর ভবনের ৩০৩ নম্বর সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব আ ন ম বজলুর রশীদ।
সভায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল বগুড়ার জন্য ৩ হাজার ৬৯৩টি, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের জন্য ১ হাজার ৮১৪টি ও দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের জন্য ২ হাজার ৫৭৫টি পদ রাজস্ব খাতে সৃষ্টির প্রস্তাব নিয়ে আলোচনা হবে। এ তিন হাসপাতালে সব মিলিয়ে ৮ হাজার ৮২টি পদ সৃষ্টির প্রস্তাব রয়েছে।
এ ছাড়া দেশের ৩৬টি জেলার সিভিল সার্জন কার্যালয়ের অধীনে জেলা কীটতত্ত্ববিদ এবং চারটি বিভাগে বিভাগীয় কীটতত্ত্ববিদের জন্য ৪০টি পদ সৃষ্টির প্রস্তাবও আলোচ্যসূচিতে রাখা হয়েছে।
অন্যদিকে, দিনাজপুর, বাগেরহাট, লালমনিরহাট, টাঙ্গাইল, ফরিদপুর, নড়াইল, পঞ্চগড়, কক্সবাজার, গোপালগঞ্জ, ঝিনাইদহ, লক্ষ্মীপুর, ঝালকাঠি ও সাতক্ষীরা জেলা সদর ও জেনারেল হাসপাতালের জন্য রাজস্ব খাতে নতুন পদ সৃষ্টির বিষয়েও আলোচনা হবে।
এ ছাড়া চট্টগ্রামের পটিয়া ও পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য নতুন পদ সৃষ্টির প্রস্তাবও সভার আলোচ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
কেকে/এমএ