নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলায় একটি ডাইং কারখানায় বয়লার বিস্ফোরণে দুই শ্রমিক দগ্ধ হয়েছেন। গুরুতর অবস্থায় তাদের রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) গভীর রাতে ফতুল্লার ইসদাইর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক ২টার দিকে রতন মিয়ার মালিকানাধীন রতন ডাইং কারখানায় বিকট শব্দে বয়লার বিস্ফোরিত হয়। এতে পাশা (৪০) ও রঞ্জিত (৪৫) নামে দুই শ্রমিক গুরুতর দগ্ধ হন। বিস্ফোরণের শব্দ পেয়ে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে গিয়ে তাদের উদ্ধার করেন। পরে তাদের দ্রুত জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।
খবর পেয়ে ফতুল্লা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে কারখানার মালিক আব্দুল বাসেত ওরফে রতনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার বলেন, ‘দগ্ধ দুই শ্রমিকের মধ্যে পাশার শরীরের ৮৭ শতাংশ এবং রঞ্জিতের শরীরের ৫২ শতাংশ পুড়ে গেছে।’
কেকে/ এসএমএন