‘যাদের জিহ্বায় রক্তের তৃষ্ণা, বিদেশে পালিয়ে থেকে তাদের সেই তৃষ্ণা আরও তীব্র হয়েছে। তাই তারা এখনও এ দেশের গণতন্ত্রকামী মানুষের রক্ত ঝরাচ্ছে।’ এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
শুক্রবার (২০ নভেম্বর) নড়াইলের কালিয়া উপজেলায় নিহত বিএনপির দুই নেতা সোহেল ও শাহিনের কবর জিয়ারত শেষে উপস্থিত নেতাকর্মী ও গণমাধ্যমকর্মীদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, ‘বিদেশে অবস্থান করেও দেশের গণতন্ত্রকামী মানুষের ওপর রক্তপাত বন্ধ হয়নি।’
এদিন রিজভীর আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই কালিয়ায় নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক সমাগম ঘটে। থেমে থেমে ভারী বৃষ্টি উপেক্ষা করেও তাকে একনজর দেখতে এবং নিহত দুই নেতার প্রতি শ্রদ্ধা জানাতে সেখানে জড়ো হন হাজারো মানুষ।
কবর জিয়ারত ও দোয়া-মোনাজাতে রিজভীর সঙ্গে উপস্থিত ছিলেন পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এবং বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তারা নিহত দুই নেতার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক খন্দকার এজাজুল হাসান বাবু, জেলা যুবদলের সভাপতি মশিয়ার রহমান, জেলা ছাত্রদলের আহ্বায়ক খন্দকার মাহমুদুল হাসান সনি এবং কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিন্নাতুল ইসলাম।
এ ছাড়া নিহত দুই নেতার স্বজনদের পাশাপাশি নড়াইল সদর, কালিয়া, লোহাগড়া ও নড়াগাতীসহ বিভিন্ন এলাকার বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।
রিজভীর আগমন ও কবর জিয়ারতকে ঘিরে পুরো এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। বৃষ্টিতে ভিজেও নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি দুই প্রতিমন্ত্রীর আগমন উপলক্ষে কর্মসূচিস্থল ও আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়।
কেকে/ এসএমএন