চিকিৎসায় অবহেলার অভিযোগে ফেনীর সোনাগাজী উপজেলায় এক বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন কামরুন নাহার (৩২)। বর্তমানে চট্টগ্রামের একটি হাসপাতালে আইসিইউতে লাইফ সাপোর্টে রয়েছেন তিনি। এ ঘটনায় চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন স্বজনেরা।
পরিবারের লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় তিন মাসের গর্ভাবস্থা নষ্ট (মিসক্যারেজ) হলে চিকিৎসক ডা. ফাহমিদা ইয়াসমিনের পরামর্শে গত ৬ নভেম্বর গর্ভপাত-পরবর্তী চিকিৎসার জন্য কামরুন নাহারকে ফেনী সদর হাসপাতালে নেওয়া হয়। এ সময় জোসনারা বেগম নামে এক নারী রোগীর স্বামী মো. রহিম উদ্দিনের সঙ্গে যোগাযোগ করেন। তিনি জানান, সোনাগাজী ডায়াবেটিস অ্যান্ড স্পেশালিস্ট হাসপাতালে তাদের আত্মীয়ের শেয়ার রয়েছে এবং ডা. মামুন তাদের পরিচিত ও মেডিসিন বিশেষজ্ঞ। তার কথায় আশ্বস্ত হয়ে স্বজনেরা ফেনী সদর হাসপাতাল থেকে কামরুন নাহারকে সোনাগাজী ডায়াবেটিস অ্যান্ড স্পেশালিস্ট হাসপাতালে নিয়ে যান। ওই দিন বেলা আনুমানিক ১২টার দিকে তাকে সেখানে ভর্তি করা হয়।
অভিযোগে বলা হয়, হাসপাতালে আলট্রাসনোগ্রাম করার পরপরই কামরুন নাহারকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। সেখানে চিকিৎসক ডা. কুলসুম নাহার সুবর্ণা কী ধরনের চিকিৎসা বা অস্ত্রোপচার করেছেন, সে বিষয়ে স্বজনদের বিস্তারিত কিছু জানানো হয়নি বলে অভিযোগ পরিবারের।
পরদিন ৭ নভেম্বর সকালে রোগীর পেট অস্বাভাবিকভাবে ফুলে যায়। বিষয়টি চিকিৎসক সুবর্ণাকে জানানো হলে তিনি পরে দেখবেন বলে এড়িয়ে যান বলে অভিযোগ করেন স্বজনেরা। পরে আবারও রোগীর আলট্রাসনোগ্রাম করা হয়। রিপোর্ট নিয়ে দুপুরে ডা. মামুনের কাছে গেলে তিনি বিস্তারিত কিছু না জানিয়ে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। হাসপাতাল কর্তৃপক্ষ রবিউল নামে এক ব্যক্তিকে স্বজনদের সঙ্গে পাঠান।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সেখানকার চিকিৎসকেরা স্বজনদের জানান, আগের চিকিৎসায় রোগীর জরায়ু ফুটো হয়ে গেছে এবং মলদ্বারের পথ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া ফুসফুসে পানি জমা, পেটে রক্ত ছড়িয়ে পড়া, খাদ্যনালিতে সংক্রমণ ও কিডনিতে সংক্রমণের লক্ষণ পাওয়া গেছে বলে পরিবারের অভিযোগে উল্লেখ করা হয়েছে। রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়।
পরিবারের দাবি ৭ নভেম্বর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত টানা নয় দিন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন কামরুন নাহার। পরে ডা. মামুনের পরামর্শে ১৫ নভেম্বর তাকে পার্কভিউ হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক লিমিটেডে ভর্তি করা হয়। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, রোগী লাইফ সাপোর্টে রয়েছেন এবং তার অবস্থা ভালো নয়।
স্বজনদের অভিযোগ, সোনাগাজী ডায়াবেটিস অ্যান্ড স্পেশালিস্ট হাসপাতালে চিকিৎসায় অবহেলা ও দায়িত্বহীনতার কারণে কামরুন নাহারকে এমন জটিল পরিস্থিতির মুখে পড়তে হয়েছে। তার জীবন নিয়ে চরম উদ্বেগের পাশাপাশি পরিবারটি আর্থিক ও মানসিক সংকটে পড়েছে। প্রতিদিন চিকিৎসার পেছনে ৭০ থেকে ৮০ হাজার টাকা ব্যয় করতে হচ্ছে। এ অবস্থায় অভিযুক্ত চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে যথাযথ তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে অভিযুক্ত চিকিৎসক ডা. কুলসুম নাহার সুবর্ণার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয়দের থেকে জানা যায়, ঘটনার পর থেকে তিনি হাসপাতাল ছেড়ে চলে গেছেন। তবে তার অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
অন্যদিকে সোনাগাজী ডায়াবেটিস অ্যান্ড স্পেশালিস্ট হাসপাতাল লিমিটেডের ব্যবস্থাপক কে. এম. ইসলামুল হক অভিযোগ অস্বীকার করে সাংবাদিকদের বলেন, ‘আমাদের এখানে তো কোনো কিছু হওয়ার সম্ভাবনা ছিল না। আমরা যখন রোগীর ডি অ্যান্ড সি সম্পন্ন করেছি, তখন পর্যন্ত এ ধরনের কোনো জটিলতার তথ্য আমাদের কাছে ছিল না। আমাদের চিকিৎসাসেবা যথাযথ ছিল এবং এ ধরনের কোনো জটিলতার তথ্য আমাদের জানা নেই।’
চট্টগ্রামের পার্কভিউ হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক লিমিটেডের জেনারেল ম্যানেজার (জিএম) তালুকদার জিয়াউর রহমান শরীফ সাংবাদিকদের বলেন, ‘রোগী লাইফ সাপোর্টে রয়েছেন। তার শারীরিক অবস্থা ভালো নয়।’
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাশেম খোলা কাগজকে বলেন, ‘হাসপাতালে ভুল চিকিৎসা ও দায়িত্বে অবহেলার কারণে রোগী জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন, এমন অভিযোগে একটি লিখিত আবেদন পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
ফেনীর সিভিল সার্জন ডা. মো. আরিফুজ্জামান বলেন, ‘অভিযোগটি খতিয়ে দেখা হবে। যথাযথ তদন্তের মাধ্যমে কী ঘটেছে, তা জানার চেষ্টা করা হবে এবং প্রকৃত ঘটনা উদ্ঘাটন করা হবে।’
কেকে/ এসএমএন