ফরিদপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর জেলায় ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ জনে। পাশাপাশি মশার উপদ্রব ও অপরিচ্ছন্ন পরিবেশের কারণে ঝুঁকিতে রয়েছেন শত শত মানুষ।
শুক্রবার (২০ নভেম্বর) সকালে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুর জেলা সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান।
নিহত নারীর নাম পান্না খাতুন (৩৫)। তিনি জেলার মধুখালী উপজেলার রায়পুর গ্রামের বাসিন্দা।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, ডেঙ্গুর উপসর্গ নিয়ে বুধবার (১৮ নভেম্বর) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন তিনি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পর দিন বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৩৮ জনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে। বর্তমানে জেলার ১০টি সরকারি হাসপাতালে ১৪৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া চলতি বছর ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল, জেনারেল হাসপাতালসহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ২ হাজার ৫৩৪ জন ডেঙ্গু রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে।
এদিকে, জেলায় ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করলেও ফরিদপুর পৌরসভার পরিচ্ছন্নতা ও মশা নিধন কার্যক্রম নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছেন পৌরবাসী।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে নির্বাচিত জনপ্রতিনিধি (মেয়র ও কাউন্সিলর) না থাকায় প্রশাসক দিয়ে পৌরসভার কার্যক্রম চলছে। স্থানীয় সমস্যা ও সংবেদনশীল এলাকাগুলো সম্পর্কে পর্যাপ্ত ধারণা না থাকায় মশক নিধন ও বর্জ্য ব্যবস্থাপনায় সমন্বয়হীনতা দেখা দিয়েছে।
পৌরবাসীর দাবি, বর্ধিত ২৯টি ওয়ার্ডের বিপরীতে বাজেট ও সেবার মান অত্যন্ত নাজুক। সিটির আদলে কর ও বিল আদায় করা হলেও নাগরিকরা ন্যূনতম সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। ফলে মশার উৎপাত ও পানিবাহিত রোগের প্রকোপ আশঙ্কাজনক হারে বাড়ছে।
সরেজমিনে পৌরসভার ১৭, ১৮ ও ১৯ নম্বর ওয়ার্ড, সদর হাসপাতাল এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা ঘুরে দেখা গেছে, ড্রেনগুলোতে ময়লা-আবর্জনা জমে পচা পানির স্তূপ তৈরি হয়েছে। এসব বদ্ধ ও নোংরা পানিতে নির্বিঘ্নে এডিস মশার লার্ভা জন্মাচ্ছে।
পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের আলীপুর এলাকার ভুক্তভোগী বাসিন্দা ময়না, আসমা, কবির ও মনা জানান, শুধু আলীপুর এলাকাতেই ডেঙ্গুতে ৩-৪ জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছেন শতাধিক মানুষ।
নাগরিক সেবা নিশ্চিত করার চেয়ে দায়িত্বশীলদের উদাসীনতাই এই পরিস্থিতির জন্য দায়ী বলে অভিযোগ করেন তারা।
এ বিষয়ে মাহমুদুল হাসান বলেন, ‘জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ও মৃত্যুর ঘটনা অব্যাহত থাকায় স্বাস্থ্য বিভাগ পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখছে।’
কেকে/এমএ