গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে আন্দোলন চলাকালে ভাঙচুর ও নাশকতার অভিযোগে ২২ জন কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ ছাড়া মামলায় অজ্ঞাতপরিচয় আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে।
গত বুধবার (১৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ও নিরাপত্তা দপ্তরের সহকারী প্রক্টর মো. সালাহ উদ্দিন গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) গাছা থানায় মামলাটি করেন।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন গাছা থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আব্দুল আওয়াল সরদার। তিনি বলেন, ‘মামলায় ২২ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি।’
গত ১৬ নভেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। আদালতের রায় অনুযায়ী জ্যেষ্ঠতা নির্ধারণ, পদোন্নতি এবং বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে চাকরিতে পুনর্বহাল হওয়া ৯৮৮ জন কর্মকর্তা-কর্মচারী ওই দিন অবস্থান কর্মসূচি পালন করেন।
কর্মসূচির একপর্যায়ে বেলা ৩টার দিকে আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক বন্ধ করে দেন। একই সঙ্গে ক্যাম্পাসে তালাবদ্ধ কর্মসূচি ঘোষণা করেন তারা। এতে উপাচার্য অধ্যাপক এএসএম আমানুল্লাহসহ শতাধিক কর্মকর্তা-কর্মচারী ক্যাম্পাসের ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েন।
কেকে/ এসএমএন