কক্সবাজারের রামু উপজেলার মিঠাছড়ি কাঠিরমাথা এলাকায় রেললাইনে ট্রেনের ধাক্কায় সিএনজিচালকসহ চারজন নিহত হয়েছেন।
শুক্রবার (২০ নভেম্বর) বিকাল সাড়ে তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর ঘটনাস্থলে স্থানীয়দের মধ্যে শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, একটি সিএনজিচালিত অটোরিকশা রেললাইন অতিক্রম করার সময় ট্রেনের ধাক্কায় দুর্ঘটনার শিকার হয়। এতে সিএনজি চালকসহ চারজন প্রাণ হারান।
নিহতরা হলেন দক্ষিণ মিঠাছড়ির চেইন্দা কাইম্যারঘোনা এলাকার সাজ্জাদ হোসেন রুবেল, তার বোন কাশিফা জান্নাত (২০), শিশু সাহিল (৩) ও পাঁচ মাস বয়সী শিশু মাশরুফা। আহতরা হলেন রুবেলের স্ত্রী তানিয়া (২২), কাশিফার স্বামী সাকিলওে আরও এক শিশু।
আহতদের কক্সবাজার সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসকেরা জানিয়েছেন, তানিয়ার অবস্থা আশঙ্কাজনক।
নিহত ব্যক্তিদের স্বজন মনোয়ারা বেগম জানান, জোহরের নামাজের পর তারা রামুর উমখালীতে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। পথে দক্ষিণ মিঠাছড়ির রেলক্রসিং এলাকায় পৌঁছালে ট্রেনের ধাক্কায় তাদের বহনকারী সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এতে হতাহতের ঘটনা ঘটে।
কক্সবাজার আইকনিক রেল স্টেশনের স্টেশন মাস্টার জয়নাল আবেদিন বলেন, ‘বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা থেকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এতে অটোরিকশায় থাকা যাত্রীরা হতাহত হন।’
রেলওয়ে পুলিশের কক্সবাজার আইকনিক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর আহমদ বলেন, ‘দুর্ঘটনার পর ঘটনাস্থলেই দুজন নিহত হন। গুরুতর আহত অবস্থায় আরও দুইজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাদের মৃত ঘোষণা করেন।’
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ ও নিহতদের পরিচয় জানার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তথ্যের অপেক্ষা করা হচ্ছে।
কেকে/এমএ