শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬,
৬ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৩৪৭      ● রামুতে ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল সিএনজি, চারজন নিহত      ● হুতিদের হামলায় রিয়াদের সবচেয়ে উঁচু ভবন ক্ষতিগ্রস্ত      ● হামের উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু, নতুন রোগী ১২৭০      ● ১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চায় ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন      ● গণতন্ত্র প্রতিষ্ঠায় ছাত্রদের অবদান সবচেয়ে বেশি: রাষ্ট্রপতি      ● রোহিঙ্গা গণহত্যার রায় বাস্তবায়নে মিয়ানমার বাধ্য: ড. খলিলুর রহমান      
দেশজুড়ে
ঘূর্ণিঝড় ‘আকভান’ : পাকা আমন ধান ও সবজি নিয়ে বিপাকে মাগুরার কৃষক
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৮:০৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ঘূর্ণিঝড় ‘আকভান’ এর প্রভাবে বৈরী আবহাওয়ায় বিপাকে পড়েছেন মাগুরার কৃষকেরা। মাঠে পাকা আমন ধান, কেটে রাখা ফসল ও আগাম শীতকালীন সবজি নিয়ে বাড়ছে দুশ্চিন্তা। বৃষ্টি ও দমকা হাওয়ায় ধান হেলে পড়া, কাটা ধান ভিজে যাওয়া এবং নিচু জমিতে সবজির চারা পচে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

ঘূর্ণিঝড়টি সরাসরি উপকূলে আঘাত না হানলেও এর প্রভাবে খুলনা বিভাগের মাগুরাসহ আশপাশের জেলাগুলোতে বৃষ্টিপাত হচ্ছে। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া বৃষ্টি আগামী রবিবার (২২ নভেম্বর) সকাল পর্যন্ত চলতে পারে। এরপর আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে।

মাগুরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে জেলার চার উপজেলায় ৬২ হাজার ৪৭৪ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। এর মধ্যে মাগুরা সদরে ২৩ হাজার ৬৬৫, মহম্মদপুরে ১২ হাজার ৩৮৫, শালিখায় ১৪ হাজার ৮৯০ এবং শ্রীপুরে ১১ হাজার ৫৩৪ হেক্টর জমিতে ধান চাষ হয়েছে।

কৃষি বিভাগের হিসাবে এবার হেক্টরপ্রতি গড়ে ৫ দশমিক ৭৫ মেট্রিক টন ফলন ধরে জেলায় ৩ লাখ ৫৯ হাজার ২২৫ মেট্রিক টন আমন ধান উৎপাদনের আশা করা হচ্ছে। ইতোমধ্যে প্রায় ৫৫ শতাংশ ধান কাটা ও ঘরে তোলা সম্পন্ন হয়েছে।

তবে বৈরী আবহাওয়ায় মাঠের পাকা ধান হেলে পড়া এবং কেটে রাখা ধান ভিজে নষ্ট হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। বৃষ্টিতে ধান কাটা ও মাড়াই ব্যাহত হচ্ছে। শ্রমিক সংকটও কোথাও কোথাও সমস্যা তৈরি করেছে।

আমনের পাশাপাশি ফুলকপি, বাঁধাকপি, শিম, মুলা, টমেটো ও আলুর আবাদ নিয়েও উদ্বিগ্ন কৃষকেরা। টানা বৃষ্টিতে নিচু জমিতে পানি জমে সবজির চারা পচে যাওয়ার আশঙ্কা করছেন তারা। ঋণ ও বাড়তি খরচে চাষ করা ফসল নষ্ট হলে বড় ধরনের লোকসানের মুখে পড়তে হবে কৃষকদের।

মাগুরা সদর উপজেলার কৃষক রফিকুল ইসলাম বলেন, ‘এখন ধান কাটার মুখে বৃষ্টি ও দমকা বাতাসে ধান হেলে পড়ার ভয়ে আছি। কেটে রাখা ধান ভিজে গেলে আর রোদ না পেলে আমাদের সব শেষ হয়ে যাবে।’

মহম্মদপুরের কৃষক দুলাল শেখ বলেন, ‘বৃষ্টির কারণে ঠিকমতো ধান কাটা ও মাড়াই করা যাচ্ছে না। শ্রমিকেরও চাপ রয়েছে। আবহাওয়া দ্রুত ঠিক না হলে এবং ন্যায্য দাম না পেলে লোকসান কাটিয়ে ওঠা কঠিন হবে।’

শালিখার কৃষক শহিদুল মোল্লা বলেন, ‘ধারদেনা করে আমনের পাশাপাশি আগাম শীতকালীন সবজির আবাদ করেছি। টানা বৃষ্টিতে নিচু জমিতে পানি জমলে সবজির চারা পচে যাওয়ার শঙ্কা রয়েছে। ফসল ঘরে তুলতে না পারলে পরিবার নিয়ে বড় বিপদে পড়ব।’

মাগুরা সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. নূর এ নবী বলেন, ‘৮০ শতাংশ পেকে গেলে আমন ধান কেটে ঘরে তোলার পরামর্শ দেওয়া হয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে বাকি পাকা ধান দ্রুত কাটার বিষয়ে কৃষকদের নির্দেশনা দেওয়া হবে।’ 

মহম্মদপুর উপজেলা কৃষি কর্মকর্তা ইসরাত জাহান শিলু বলেন, ‘৮০ শতাংশের বেশি পাকা ধান দ্রুত কেটে নিরাপদ ও উঁচু স্থানে রাখতে হবে। কাটা ধান যেন দীর্ঘ সময় ভিজে না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। পাশাপাশি শীতকালীন সবজি ও বীজতলা থেকে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে।’ 

মাগুরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. জসীম উদ্দীন বলেন, ‘পাকা ও কাটা ধান দ্রুত ঘরে তুলতে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে। এ কাজে মাঠপর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তারা সক্রিয় রয়েছেন। আবহাওয়া অনুকূলে এলে সরিষা, মসুর ও শীতকালীন সবজিসহ অন্যান্য রবি ফসল বপনের পরামর্শ দেওয়া হবে। ভারী বৃষ্টিতে সম্ভাব্য ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহেও কর্মকর্তারা কাজ করছেন।’   

মাগুরার জেলা প্রশাসক মোতাকাব্বির আহমেদ বলেন, ‘বৈরী আবহাওয়া ও সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় জেলা প্রশাসন সতর্ক রয়েছে। কৃষকদের ফসল সুরক্ষায় কৃষি বিভাগের সঙ্গে সমন্বয় করে পরামর্শ দেওয়া হচ্ছে। জলাবদ্ধতা বা বড় ধরনের ক্ষয়ক্ষতি হলে কৃষকদের পাশে দাঁড়াতে প্রশাসন প্রস্তুত রয়েছে।’ 

কেকে/ এসএমএন    


আরও সংবাদ   বিষয়:  মাগুরা   ঘূর্ণিঝড় আকভান   আমন ধান   শীতকালীন সবজি   বৈরী আবহাওয়া   কৃষি ক্ষতি   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close