নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় এতিমখানায় ঘুরে ঘুরে এতিম শিক্ষার্থীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করছে উপজেলা প্রশাসন। এরই অংশ হিসেবে বিভিন্ন এতিমখানার ২৫৬ শিক্ষার্থী ও পাঁচ পথচারীর হাতে কম্বল তুলে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাতে মুশা বটতলা এতিমখানা ও মাদ্রাসার ১০০ এতিম শিক্ষার্থীর মধ্যে কম্বল বিতরণ করা হয়। তাদের হাতে কম্বল তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নীল রতন দেব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লতিফুর রহমান, ইউপি চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী গ্রেনেট বাবু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম, সংসদ সদস্যের প্রতিনিধি দেলোয়ার হোসেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি ফেরদৌস আলম ও সহকারী সেক্রেটারি শিব্বির আহমেদ প্রমুখ।
এর আগে নিতাই ইউনিয়নের বাইতুস সালাম হাফিজিয়া এতিমখানা ও পাগলার বাজার নূরানী হাফিজিয়া এতিমখানা মাদ্রাসার ১০১ শিক্ষার্থীর মধ্যে কম্বল বিতরণ করা হয়। একই ইউনিয়নের মৌলভিরহাট আকবারিয়া জান্নাত বাগ হাফিজিয়া এতিমখানা মাদ্রাসার ৫৫ শিক্ষার্থীর হাতেও কম্বল তুলে দেওয়া হয়। এ ছাড়া পাঁচ পথচারীর গায়ে কম্বল জড়িয়ে দেন ইউএনও আরিফুর রহমান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান বলেন, ‘শীতার্ত মানুষের শীত নিবারণে সরকারি উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে।’
কেকে/ এসএমএন