নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নাইট ক্রিকেট টুর্নামেন্ট খেলে বাড়ি ফেরার পথে ট্রাক্টর ও অটোভ্যানের সংঘর্ষে সুজন (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। তাদের জলঢাকা ও কিশোরগঞ্জের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) ভোর ৪টার দিকে উপজেলার বড়ভিটা ইউনিয়নের কামালের স্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুজন বড়ভিটা ইউনিয়নের কামারপাড়া গ্রামের সোনাতন চন্দ্র রায়ের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে গণেশের বাজারে আয়োজিত নাইট ক্রিকেট টুর্নামেন্টে খেলা শেষে সুজনসহ কয়েকজন অটোভ্যানে করে বাড়ি ফিরছিলেন। পথে বড়ভিটা কামালের স্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে অটোভ্যানটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সুজনের মৃত্যু হয়।
দুর্ঘটনায় আহতদের মধ্যে মতিন (২৩), মিথুন (২২) ও মামুন (২০) রয়েছেন এবং একজনের পরিচয় জানা যায়নি। স্থানীয়রা আহতদের উদ্ধার করে জলঢাকা ও কিশোরগঞ্জের বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
কিশোরগঞ্জ থানার উপপরিদর্শক (তদন্ত) আব্দুল কুদ্দুস দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘দুর্ঘটনার পর ট্রাক্টরের চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’
কেকে/ এসএমএন