খাগড়াছড়ি জেলা সদরে সেফটি ট্যাংকের মাটি খননকালে ৮২ মিলিমিটার মর্টার শেল সদৃশ একটি গোলা উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় জেলা সদরের শালবাগান এলাকার পল্লীটিলায় পাহাড়ের পাশে মাটি খননের সময় গোলাটি দেখতে পান স্থানীয় বাসিন্দা মো. বেলাল হোসেন।
জানা যায়, মাটির প্রায় এক ফুট গভীরে গোলাটি দেখতে পেয়ে সম্ভাব্য বোমা বা বিস্ফোরক ভেবে স্থানীয়দের বিষয়টি জানান বেলাল হোসেন। পরে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট সেনাবাহিনী কর্তৃপক্ষকে অবহিত করা হয়।
খবর পেয়ে বাংলাদেশ সেনাবাহিনীর ১৮ ইবি সদর জোনের একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে আশপাশের লোকজনকে নিরাপদ দূরত্বে সরিয়ে দেয়। একই সঙ্গে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করে দলটি।
পরে গোলাটিকে সম্ভাব্য বিস্ফোরক হিসেবে বিবেচনা করে বিশেষজ্ঞদের মাধ্যমে শনাক্তকরণ এবং বিধি অনুযায়ী নিরাপদে নিষ্ক্রিয় করার প্রস্তুতি শুরু হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, আগামী ২১ নভেম্বর বিশেষজ্ঞ দলের মাধ্যমে নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটিয়ে গোলাটি নিষ্ক্রিয় করার পরিকল্পনা রয়েছে।
গোলাটি নিষ্ক্রিয় না করা পর্যন্ত ঘটনাস্থলের নিরাপত্তা নিশ্চিত করতে হিল আনসার সদস্যদের দায়িত্ব পালনের কথা রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কায় কিসলু। তিনি জানান, মর্টার শেল সদৃশ গোলাটি উদ্ধার করা হয়েছে। বর্তমানে এটি নিরাপত্তা বাহিনীর তত্ত্বাবধানে রয়েছে। সেনাবাহিনীর বিস্ফোরক বিশেষজ্ঞরা গোলাটি নিষ্ক্রিয় করবেন।
কেকে/ এসএমএন