সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      
খেলাধুলা
সিলেট টেস্টেও চালকের আসনে বাংলাদেশ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৮ মে, ২০২৬, ১২:৩১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মিরপুরে সিরিজের প্রথম টেস্টে ১০৪ রানের দাপুটে জয়ের পর এবার সিলেট টেস্টেও পাকিস্তানকে চেপে ধরেছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে দারুণ ব্যাটিংয়ে ৬ উইকেট হাতে রেখে ইতিমধ্যে ২০০ রানের লিড পার করেছে স্বাগতিকরা। ফলে রাওয়ালপিন্ডির পর এবার ঘরের মাঠেও পাকিস্তানকে টানা দ্বিতীয়বারের মতো টেস্টে ‘হোয়াইটওয়াশ’ করার সুবর্ণ সুযোগ তৈরি করেছে টিম টাইগার্স।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় দিনের প্রথম সেশনে ৪ উইকেটে বাংলাদেশের সংগ্রহ যখন ১৫৪ রান, তখনই লিড ছাড়িয়ে যায় দুইশোর গণ্ডি। এরপর আর কোনো উইকেট না হারিয়েই মধ্যাহ্নভোজের বিরতিতে গেছে স্বাগতিকরা। এই সময়ে স্বাগতিকদের সংগ্রহ ৫৩ ওভার শেষে ২০৩ রান। ক্রিজে এখন লড়াই চালাচ্ছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম ৩৯* ও লিটন দাস ৪৮*।

ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে নেমে নিজেদের প্রথম ইনিংসে বাংলাদেশ অলআউট হওয়ার আগে সংগ্রহ করে ২৭৮ রান। ব্যাট হাতে ১৫৯ বলে ১৬ বাউন্ডারি ও ২ ছক্কায় ১২৬ রানের অনবদ্য ইনিংস খেলেন লিটন দাস। জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশি বোলারদের তোপে পড়ে ২৩২ রানেই গুটিয়ে যায় পাকিস্তান। ফলে প্রথম ইনিংস থেকেই ৪৬ রানের গুরুত্বপূর্ণ লিড পায় স্বাগতিক বাংলাদেশ।

৪৬ রানে এগিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। অভিষিক্ত ওপেনার তানজিদ হাসান তামিম মাত্র ৪ রান করে সাজঘরে ফেরেন। বাউন্ডারি মেরে খাতা খুললেও সেটাই ছিল তার ইনিংসের একমাত্র রান। এরপর মুমিনুল হককে নিয়ে দারুণ আত্মবিশ্বাসী ও আক্রমণাত্মক ব্যাটিংয়ে শুরুর সেই ধাক্কা চমৎকারভাবে সামাল দেন মাহমুদুল হাসান জয়। 

মাত্র ৬১ বলে ওয়ানডে স্টাইলে নিজের হাফ-সেঞ্চুরি তুলে নেন ওপেনার জয়। তবে ফিফটির পরপরই ব্যক্তিগত ৫২ রানে তাকে ফিরতে হয়। দিনের শেষভাগে হাফসেঞ্চুরির পথে হাঁটতে থাকা মুমিনুল হকও থামেন ৩০ রানে। দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়ার ঠিক আগমুহূর্তে তিনি আউট হলে ৩ উইকেটে ১১০ রান নিয়ে দিন শেষ করে বাংলাদেশ, যেখানে লিড দাঁড়ায় ১৫৬ রান। নাজমুল হোসেন শান্ত ১৩ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।

সোমবার (১৮ মে) টেস্টের তৃতীয় দিনে ১৫৬ রানের লিডকে পুঁজি করে আবারও ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। শান্তর সঙ্গী হয়ে ক্রিজে আসেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। তবে আজ দিনের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। পঞ্চম ওভারেই খুররম শাহজাদের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন অধিনায়ক শান্ত (১৫ রান)। রিভিউ নিয়েও শেষ রক্ষা হয়নি তার।

শান্ত বিদায় নিলে ক্রিজে আসেন লিটন দাস। লিটন ও মুশফিক মিলে দেখেশুনে খেলতে থাকেন এবং ইনিংসের ৪১তম ওভারের তৃতীয় বলে সিঙ্গেল নেওয়ার মাধ্যমে বাংলাদেশের লিড ২০০ রান পার করান।

পাকিস্তানের শক্তিশালী বোলিং আক্রমণের সামনে লিড যত বড় হবে, চতুর্থ ইনিংসে তাদের লক্ষ্য তাড়া করা ততটাই কঠিন হবে। এখন দেখার বিষয়, মুশফিক-লিটন জুটি বাংলাদেশকে কতদূর নিয়ে যেতে পারে।

কেকে/এলএ




মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close