সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: গুমে শাস্তি যাবজ্জীবন, মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন      হামে আরও তিন শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১০৮০      পুলিশ টিমকে একসঙ্গে চা বা বিশ্রামে না যাওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর      ডিএসইর গণছাঁটাই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, দাবি কর্মকর্তাদের      দেশকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন: প্রধানমন্ত্রী      অনুসন্ধানে অবহেলার মাশুল দিচ্ছে দেশ      আমি মানুষ হত্যা করতে চাই না : ট্রাম্প      
স্বাস্থ্য
যৌন সমস্যায় কবিরাজি চিকিৎসা কেন বিপজ্জনক
ডা. সাইফ হোসেন খান
প্রকাশ: বুধবার, ২৪ জুন, ২০২৬, ২:৪২ পিএম
ছবি : এআই দিয়ে তৈরি

ছবি : এআই দিয়ে তৈরি

যৌন সমস্যার দ্রুত সমাধানের আশায় অনেক পুরুষ কবিরাজি টোটকা, ভেষজ ওষুধ বা কথিত গোপন চিকিৎসার দ্বারস্থ হন। তবে বিশেষজ্ঞদের মতে, এসব অনিয়ন্ত্রিত ও অজানা উপাদানের চিকিৎসা সাময়িক আশার জন্ম দিলেও কিডনি-লিভারের ক্ষতি, জটিল রোগ নির্ণয়ে বিলম্ব এবং দীর্ঘমেয়াদি স্বাস্থ্যঝুঁকির কারণ হতে পারে।

অজানা উপাদানের ঝুঁকি

যৌন সমস্যা নিয়ে খোলামেলা আলোচনায় আমাদের সমাজে ট্যাবু রয়েছে। তাই অনেক পুরুষ চিকিৎসকের কাছে যেতে সংকোচবোধ করেন। এই সুযোগে কিছু অসাধু ব্যক্তি বা প্রতিষ্ঠান ‘১০০% গ্যারান্টিযুক্ত সমাধান’, ‘এক সপ্তাহে শক্তি বৃদ্ধি’র মতো লোভনীয় প্রচারণা চালায়। সহজ সমাধানের আশায় অনেকেই এই ফাঁদে পা দেন।

বেশির ভাগ কবিরাজি টোটকা বা অনিবন্ধিত ভেষজ ওষুধের উপাদান সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য থাকে না। অনেক ক্ষেত্রে বোতল বা প্যাকেটের গায়ে সম্পূর্ণ উপাদানও উল্লেখ করা হয় না। ফলে ব্যবহারকারী জানতেই পারেন না, তিনি আসলে কী খাচ্ছেন।

বিভিন্ন গবেষণায় দেখা গেছে, কিছু ভেষজ পণ্যে গোপনে রাসায়নিক ওষুধ মিশিয়ে দেওয়া হয়। এসব উপাদান অনিয়ন্ত্রিত মাত্রায় গ্রহণ করলে রক্তচাপ হঠাৎ কমে বা বেড়ে যাওয়া, হৃৎস্পন্দনের সমস্যা, মাথা ঘোরাসহ গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে।

কিডনি ও লিভারের ক্ষতি

মানবদেহে প্রবেশ করা যেকোনো ওষুধ বা রাসায়নিক পদার্থকে প্রক্রিয়াজাত করতে কাজ করে মূলত লিভার ও কিডনি। অজানা ভেষজ মিশ্রণ বা নিম্নমানের উপাদান দীর্ঘদিন গ্রহণ করলে তাই এই দুটি অঙ্গের ওপর অতিরিক্ত চাপ পড়ে। যে কারণে সময়মতো সমস্যা ধরা না পড়লে লিভার বা কিডনির স্থায়ী ক্ষতি হতে পারে।

প্রকৃত কারণ আড়ালে থাকে

যৌন সমস্যার পেছনে শুধু শারীরিক কারণ নয়; মানসিক চাপ, উদ্বেগ, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হরমোনের ভারসাম্যহীনতা কিংবা রক্তনালির সমস্যার মতো কারণও থাকতে পারে। তাই কবিরাজি টোটকার ওপর নির্ভর করার কারণে মূল রোগ নির্ণয়ই হয় না। ফলে সাময়িকভাবে কিছু পরিবর্তন অনুভূত হলেও প্রকৃত সমস্যা ক্রমে জটিল হতে থাকে। অনেক সময় যৌন দুর্বলতা শরীরের অন্য কোনো গুরুতর রোগের প্রাথমিক লক্ষণ হতে পারে, যা অবহেলিত থেকে যায়।

টালমাটাল আত্মবিশ্বাস

অনেক ভেষজ বা টোটকা ব্যবহারকারী বিশ্বাস করতে শুরু করেন, নির্দিষ্ট ওষুধ ছাড়া তার স্বাভাবিক যৌনজীবন ফিরে আসবে না। ফলে একধরনের মানসিক নির্ভরতা তৈরি হয়। বাস্তবে সমস্যার সমাধান না হয়ে; বরং আত্মবিশ্বাস আরও কমে যেতে পারে। ব্যক্তি নিজের স্বাভাবিক সক্ষমতা সম্পর্কে সন্দিহান হয়ে পড়েন এবং দাম্পত্য সম্পর্কেও নেতিবাচক প্রভাব পড়তে পারে।

যৌন সমস্যাকে কেন্দ্র করে গড়ে ওঠা অনেক ব্যবসার মূল লক্ষ্য রোগীর সুস্থতা নয়, অর্থ উপার্জন। কিছু ক্ষেত্রে হাজার হাজার টাকা খরচ করেও মানুষ কোনো কার্যকর ফল পান না। বরং একের পর এক ওষুধ, কোর্স বা বিশেষ চিকিৎসার নামে আর্থিক ক্ষতির সম্মুখীন হন।

অনেক বিজ্ঞাপনে ভুয়া সাফল্যের গল্প এবং অবাস্তব প্রতিশ্রুতি দেওয়া হয়, যা সাধারণ মানুষকে বিভ্রান্ত করে। সামাজিক যোগাযোগমাধ্যমে সাজানো রোগীদের অভিজ্ঞতা এমনভাবে তুলে ধরা হয়, দেখে সাধারণ মানুষ সহজেই প্রলুব্ধ হয়। আর এই সুযোগে একটি চক্র অন্যের টাকা হাতিয়ে নিতে থাকে।

সমাধান কী

যৌন সমস্যা দেখা দিলে প্রথমেই আতঙ্কিত না হয়ে একজন নিবন্ধিত চিকিৎসক বা যৌনস্বাস্থ্য বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। প্রয়োজনে কিছু পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে সমস্যার প্রকৃত কারণ নির্ণয় করা যায়।

পাশাপাশি স্বাস্থ্যকর জীবনযাপনও গুরুত্বপূর্ণ। নিয়মিত ব্যায়াম, পর্যাপ্ত ঘুম, ধূমপান ও মাদক থেকে দূরে থাকা, মানসিক চাপ নিয়ন্ত্রণ এবং সুষম খাদ্য গ্রহণ যৌনস্বাস্থ্য উন্নত করতে উল্লেখযোগ্য ভূমিকা রাখে। অনেক ক্ষেত্রে জীবনধারার পরিবর্তনই সমস্যার বড় অংশ সমাধান করে দিতে পারে।

পুরুষের যৌন সমস্যা সংবেদনশীল হলেও এটি কোনো লজ্জার বিষয় নয়। কিন্তু দ্রুত ফলের আশায় অজানা কবিরাজি টোটকা বা অনিয়ন্ত্রিত ভেষজ ওষুধের ওপর নির্ভরশীলতা স্বাস্থ্যঝুঁকি বাড়াতে পারে। কিডনি ও লিভারের ক্ষতি থেকে শুরু করে প্রকৃত রোগ নির্ণয়ে বিলম্ব—এসবের পরিণাম হতে পারে দীর্ঘমেয়াদি। তাই বিজ্ঞাপনের চটকদার প্রতিশ্রুতিতে বিভ্রান্ত না হয়ে বৈজ্ঞানিক ও প্রমাণভিত্তিক চিকিৎসার ওপর আস্থা রাখা উচিত।

সুত্র ঃ প্রথম আলো

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  যৌন সমস্যা   কবিরাজি চিকিৎসা   বিপজ্জনক  
মতামত লিখুন:
Loading...
Loading...

স্বাস্থ্য- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close