গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি) টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) সাসটেইনেবিলিটি ইমপ্যাক্ট রেটিং ২০২৬-এ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে। একই সঙ্গে বৈশ্বিক পর্যায়ে ৪০১-৬০০তম অবস্থান অর্জন করে নতুন মাইলফলক স্পর্শ করেছে বিশ্ববিদ্যালয়টি।
বুধবার (২৪ জুন) টিএইচই প্রকাশিত সর্বশেষ সাসটেইনেবিলিটি ইমপ্যাক্ট রেটিংয়ে এ সাফল্য অর্জন করে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়।
এবারের র্যাঙ্কিংয়ে বিশ্বের ১১৬টি দেশ ও অঞ্চলের ১ হাজার ৬৪৬টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। বাংলাদেশের মোট ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয় এ তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে।
জাতিসংঘ ঘোষিত ১৭টি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) এবং শিক্ষা, গবেষণা, উদ্ভাবন ও সামাজিক প্রভাবের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়গুলোর মূল্যায়ন করা হয়। প্রকাশিত ফলাফল অনুযায়ী, এসডিজি-১ (দারিদ্র্যমুক্তি) সূচকে ৭৪ দশমিক ৮ স্কোর নিয়ে গাকৃবি বিশ্বের ৮২তম স্থানে রয়েছে। এসডিজি-২ (ক্ষুধামুক্তি) সূচকে ৭৮ দশমিক ৩ স্কোর অর্জন করে বৈশ্বিকভাবে ৬৬তম স্থান লাভ করেছে। এছাড়া এসডিজি-৪ (মানসম্মত শিক্ষা) সূচকে ১০১-২০০তম গ্রুপে অবস্থান করছে বিশ্ববিদ্যালয়টি।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত বছর এ র্যাঙ্কিংয়ে গাকৃবির অবস্থান ছিল ৮০১-১০০০তম। মাত্র এক বছরের ব্যবধানে ৪০১-৬০০তম অবস্থানে উন্নীত হওয়াকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক উৎকর্ষ, গবেষণা সক্ষমতা ও টেকসই উন্নয়নের প্রতি অঙ্গীকারের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।
শুধু টিএইচই নয়, সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন আন্তর্জাতিক র্যাঙ্কিংয়েও উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়। টিএইচই র্যাঙ্কিংয়ের বিভিন্ন সূচকে দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষ অবস্থান ধরে রাখার পাশাপাশি ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংস ফর ইনোভেশন (উরি) ২০২৬-এর ফিন্যান্সিয়াল ইমপ্যাক্ট ড্রাইভেন ট্রান্সফার টেকনোলজি ক্যাটাগরিতে বিশ্বের শীর্ষ ১০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে ২৩তম স্থান অর্জন করেছে। এছাড়া কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সাসটেইনেবিলিটি র্যাঙ্কিংস ২০২৬-এ দেশের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থান লাভ করেছে।
এ অর্জনের প্রতিক্রিয়ায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, “এই সাফল্য শুধু একটি র্যাঙ্কিংয়ের অর্জন নয়, এটি শিক্ষক, গবেষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, অ্যালামনাই এবং সকল অংশীজনের সম্মিলিত প্রচেষ্টার স্বীকৃতি। আজকের এই অর্জন আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে।”
তিনি বলেন, আন্তর্জাতিকমানের শিক্ষা, গবেষণা এবং মানবিক মূল্যবোধসম্পন্ন নেতৃত্ব তৈরির মাধ্যমে দেশের উন্নয়ন ও বৈশ্বিক টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বিশ্ববিদ্যালয়টি গুরুত্বপূর্ণ অবদান রাখতে বদ্ধপরিকর।
উল্লেখ্য, টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) সাসটেইনেবিলিটি ইমপ্যাক্ট রেটিংস বিশ্বের একমাত্র বৈশ্বিক বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিং, যা জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবদান মূল্যায়ন করে।
কেকে/ এমএস