‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে শোক ও শ্রদ্ধা জানিয়ে বাণী প্রকাশ করেছেন দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) উপাচার্য প্রফেসর ড. মো. এনামউল্ল্যা।
বৃহস্পতিবার (১৬ জুলাই) স্বাক্ষরিত বাণীতে উপাচার্য প্রফেসর ড. মো. এনামউল্ল্যা বলেন, আজ ১৬ জুলাই, ‘জুলাই শহীদ দিবস’। গভীর শোক, শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে আমি স্মরণ করছি ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী সকল বীর শহীদকে। আজকের এ দিনে আমি সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি রংপুর বেগম বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী, বীরত্ব ও সাহসের প্রতিক শহীদ আবু সাঈদকে। স্বৈরাচার ও ফ্যাসিষ্ট আওয়ামী সরকারের নির্দেশে পুলিশের বুলেটে প্রথম যাঁর বুকের তাজা রক্তে রঞ্জিত হয়েছিল আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। একই সঙ্গে শ্রদ্ধাভরে স্মরণ করছি শহীদ মীর মুগ্ধ এবং শহীদ শরীফ ওসমান হাদীসহ আন্দোলনে শাহাদাৎ বরণকারী সেসকল শহীদদেরকে-যাঁদের আত্মত্যাগ জাতির বিবেককে বিশেষভাবে জাগ্রত করেছে এবং দেশের তরুণ সমাজের সাহস, আত্মমর্যাদা ও ন্যায়বোধের চেতনায় এক উজ্জ্বল প্রতীক হয়ে অন্যায়, জুলুম-নির্যাতন, শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে যুগে যুগে ভবিষ্যৎ প্রজন্মকে মানবিক মূল্যবোধ, ন্যায় ও সত্যের পথে চলার প্রেরণা জোগাবে।
আন্তরিক শ্রদ্ধা ও সহমর্মিতার সঙ্গে স্মরণ করছি সেসব সংগ্রামী মানুষকে যাঁরা মৃত্যু অবধারিত জেনেও নিজেদের জীবনবাজি রেখে গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করে আহত হয়েছেন, পঙ্গুত্ববরণ করেছেন কিংবা দৃষ্টিশক্তি হারিয়েছেন; মহান সৃষ্টিকর্তার কাছে আমি তাঁদের দ্রুত আরোগ্য, সুস্বাস্থ্য ও মর্যাদাপূর্ণ জীবন কামনা করছি। জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী সর্বস্তরের শিশু-কিশোর-যুবক, শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, পেশাজীবী, সাংবাদিক এবং দিনমজুরসহ সকলের সাহস, আত্মত্যাগ ও দেশপ্রেমের প্রতি জানাই আন্তরিক শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। তাঁদের সীমাহীন ত্যাগ ও দৃঢ় প্রত্যয় আমাদের জাতীয় ইতিহাসে এক গৌরবময় দৃষ্টান্ত হয়ে থাকবে। জুলাই শহীদ দিবস কেবল একটি শোকের দিন নয়; বরং এটি জালিমের বিরুদ্ধে মজলুমের আত্মত্যাগ, ন্যায়বিচার, মানবিক মর্যাদা, গণতান্ত্রিক চেতনা এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার অঙ্গীকার পূরণে শপথ নেওয়ার দিন। এই দিবস আমাদের স্মরণ করিয়ে দেয়-যত বাধাই আসুক জাতির প্রয়োজনে ত্যাগ কখনো বৃথা যায় না; অধিকার আদায়ের ক্ষেত্রে আত্মোৎসর্গই ইতিহাসকে নতুন পথ দেখায়।
তাই, এ দিনে আমাদের প্রিয় প্রাঙ্গণ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী সকলের প্রতি আমার একান্ত আহবান আসুন, জুলাই শহীদদের মহান আত্মত্যাগের চেতনাকে ধারণ করে সততা, নৈতিকতা, দেশপ্রেম এবং পেশাগত উৎকর্ষের মাধ্যমে একটি উন্নত, মানবিক ও মর্যাদাপূর্ণ বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখি। পাশাপাশি, সকল বিভেদ, হিংসা-বিদ্বেষ ও অসহিষ্ণুতাকে পরিহার করে পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি, আইনের শাসন, ন্যায়বিচার এবং মানবিক মূল্যবোধকে সমুন্নত রাখার অঙ্গীকার করি।
পরিশেষে, জুলাই শহীদ দিবসে আমি অবারোও সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাঁদের শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। মহান আল্লাহ আমাদের সকলকে সত্য, ন্যায়, মানবিকতা ও দেশপ্রেমের আদর্শে উদ্বুদ্ধ করুন এবং আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে শান্তি, সমৃদ্ধি ও কল্যাণে সমুজ্জ্বল রাখুন।
কেকে/ এমএস