পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল আগামী ৩ অক্টোবর কলকাতায় ভারতের মুখোমুখি হতে যাচ্ছে। সফরসূচির অংশ হিসেবে বাংলাদেশ নিয়েও ব্রাজিলের বিশেষ পরিকল্পনা রয়েছে।
রোববার (২৩ আগস্ট) হঠাৎ করেই ঢাকায় এসে পৌঁছায় ব্রাজিলের পাঁচ সদস্যের প্রতিনিধি দল। সফরকালে প্রতিনিধি দলটি ঢাকার জাতীয় স্টেডিয়াম ও বসুন্ধরা কিংস অ্যারেনা মাঠ পরিদর্শন করে। পরিদর্শনের পর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন তারা।
১৯ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত চলবে ফিফা উইন্ডো, যেখানে একটি দল সর্বোচ্চ চারটি ম্যাচ খেলার সুযোগ পাবে। এ উইন্ডোতে ব্রাজিলের প্রাথমিক সূচি অনুযায়ী ২৫ ও ২৯ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ায় দুটি এবং ৩ অক্টোবর ভারতে একটি প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, ফিফা উইন্ডোর শেষ দিন অর্থাৎ ৬ অক্টোবর বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নামতে আগ্রহী ব্রাজিল। তবে এ বিষয়ে ব্রাজিল ফুটবল দলের প্রতিনিধি বা বাফুফে কোনো পক্ষ থেকেই এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।
বাংলাদেশ ২৪ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিতব্য ফিফা আসিয়ান কাপে অংশ নেবে। টুর্নামেন্টে বাংলাদেশের ফাইনাল পর্যন্ত যাওয়ার সম্ভাবনা কিছুটা অনিশ্চিত হলেও, গ্রুপ পর্ব ও স্থান নির্ধারণী ম্যাচ মিলিয়ে চারটি ম্যাচ খেলতে হতে পারে। ৪ অক্টোবর টুর্নামেন্ট শেষ করে দলের দেশে ফিরতে ফিরতে ৩ অক্টোবর রাত বা ৪ অক্টোবর হয়ে যাবে। ফলে মাত্র দুই দিনের ব্যবধানে ব্রাজিলের বিপক্ষে ম্যাচে নামা বাংলাদেশের জন্য অত্যন্ত কঠিন হবে।
এছাড়া আসিয়ান টুর্নামেন্টটি সরাসরি ফিফার তত্ত্বাবধানে অনুষ্ঠিত হচ্ছে, যেখানে ফিফা উইন্ডোতে একটি দল সর্বোচ্চ চারটি ম্যাচ খেলতে পারে। আসিয়ান কাপেই চার ম্যাচ পূর্ণ হয়ে যাওয়ায় ৬ অক্টোবর ব্রাজিলের বিরুদ্ধে প্রীতি ম্যাচ আয়োজিত হলেও তা ফিফার অফিসিয়াল স্বীকৃতি না পাওয়ার প্রবল আশঙ্কা রয়েছে। সব মিলিয়ে বাফুফে বড় ধরনের সমীকরণের মুখে পড়েছে। কারণ ৬ অক্টোবরের ম্যাচে ব্রাজিলকে সম্মতি দিলে আসিয়ান কাপের অংশগ্রহণ ও ম্যাচ সূচি নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হতে পারে।
ব্রাজিলকে সরাসরি উড়িয়ে আনার খরচ অনেক বেশি হলেও, তাদের আসন্ন কলকাতা সফর বাফুফের সামনে খরচের অংকটা অনেকটা কমিয়ে এনেছে। বিশ্বস্ত সূত্রের মতে, ব্রাজিল ফুটবল দলকে বাংলাদেশ সফরে আনতে হলে পুরো ৯০ জনের একটি বিশাল বহরকে কলকাতা থেকে ঢাকায় আনা এবং ঢাকা থেকে দুবাই পাঠানোর চার্টার্ড বিমান খরচ বাফুফেকেই বহন করতে হবে। পাশাপাশি দলটির আবাসনসহ অন্যান্য আনুষঙ্গিক খরচ তো থাকছেই। তবে ব্রাজিল থেকে সরাসরি আকাশপথে ফুটবলারদের উড়িয়ে আনার সুবিশাল ব্যয়ের তুলনায় এ খরচ বহুগুণে কম হবে।
ভারতে সল্টলেকের স্টেডিয়াম ও পারিপার্শ্বিক পরিবেশ নিয়ে ব্রাজিল দল অসন্তুষ্ট—গত দুদিন ভারতীয় গণমাধ্যমে এমন খবর চাউর হওয়ায় তৈরি হয়েছিল নানা গুঞ্জন। সেখান থেকেই জল্পনা ওঠে, কলকাতার মাঠ নিয়ে অখুশি হওয়ার কারণেই হয়তো প্রতিনিধি দলটি হঠাৎ ঢাকায় এসেছে।
তবে ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের সফল আয়োজক সল্টলেক ভেন্যু নিয়ে ব্রাজিলের অসন্তোষ প্রকাশ করার বিষয়টি নিয়ে কিছুটা ধোঁয়াশা থাকলেও, সাম্প্রতিক ঘটনাপ্রবাহে একটি বিষয় পরিষ্কার—বাংলাদেশ সফর নিয়ে ব্রাজিল ফুটবল দলের নিজস্ব একটি স্বতন্ত্র পরিকল্পনা রয়েছে।
কেকে/এআই