বিবাহিত জীবনে সুখী থাকার উপায় কী—এমন প্রশ্নের জবাবে মজার উত্তর দিয়ে হাসির খোরাক জোগালেন ঢালিউডের জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ। তার মতে, দাম্পত্য জীবনে সুখী থাকতে হলে নিয়ম করে দেখতে হবে ‘হ্যাপিলি ম্যারিড’!
সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরের সিভিক অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় চরকির নতুন অরিজিনাল ফিল্ম ‘হ্যাপিলি ম্যারিড’-এর প্রিমিয়ার। তরুণ নির্মাতা জাহিদ প্রীতম পরিচালিত সিনেমাটিতে প্রথমবার জুটি বেঁধেছেন আরিফিন শুভ ও অভিনেত্রী কেয়া পায়েল।
প্রিমিয়ার শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিনেমাটির বিষয়বস্তু নিয়ে কথা বলার পাশাপাশি ব্যক্তিজীবনে সুখী দাম্পত্যের ‘রেসিপি’ জানতে চাওয়া হয় শুভর কাছে। হাসতে হাসতে তিনি বলেন, “ম্যারিড লাইফে হ্যাপি থাকার রেসিপি হচ্ছে, প্রত্যেক সপ্তাহে একবার করে ‘হ্যাপিলি ম্যারিড’ দেখতে হবে। শুক্রবার দিন সকালবেলা উঠে এটি একবার করে দেখতে হবে, তাহলেই হ্যাপি ম্যারিড থাকতে পারবেন।”
শুভর এমন রসিক উত্তর শুনে অনুষ্ঠানে উপস্থিত সংবাদকর্মী ও অতিথিদের মধ্যে হাসির রোল পড়ে যায়।
সিনেমাটির সহশিল্পী কেয়া পায়েলসহ পুরো টিমের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়েও কথা বলেন শুভ। তার ভাষ্য, ক্যামেরার সামনে ও পেছনে থাকা সবাই মিলে অনেক পরিশ্রম করেছেন। তবে সেই পরিশ্রমের মধ্যেও কাজটি উপভোগ করেছেন তারা।
বর্তমানে তাকে নিয়মিত পর্দায় দেখা যাচ্ছে না কেন—এমন প্রশ্নের জবাবে শুভ বলেন, তিনি নিজে কাজের সুযোগ তৈরি করেন না; বরং কাজের সুযোগ তার কাছে আসে। সামনে তার জন্য যত বেশি ভালো কাজের কারণ ও সুযোগ তৈরি হবে, দর্শকরাও তাকে তত বেশি পর্দায় দেখতে পাবেন।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘হ্যাপিলি ম্যারিড’ লিখে একটি পোস্ট দিয়েছিলেন আরিফিন শুভ। সেটি ঘিরে ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছিল। অনেকেই মনে করেছিলেন, হয়তো ব্যক্তিগত জীবনের কোনো ঘোষণা দিতে যাচ্ছেন অভিনেতা। পরে জানা যায়, ওই পোস্টটি ছিল সিনেমাটির প্রচারণার অংশ।
‘হ্যাপিলি ম্যারিড’-এর গল্প আবর্তিত হয়েছে সমকালীন দাম্পত্য সম্পর্কের জটিলতা, মানসিক টানাপোড়েন ও সামাজিক বাস্তবতাকে ঘিরে। এতে আনিস চরিত্রে দেখা যাবে আরিফিন শুভকে। সহজ-সরল ও সৎ এই যুবকের বিপরীতে অনামিকা চরিত্রে অভিনয় করেছেন কেয়া পায়েল। উচ্চবিত্ত ও আধুনিক শহুরে জীবনে অভ্যস্ত অনামিকার জীবনে সামাজিক যোগাযোগমাধ্যম ও ভার্চুয়াল জগতের প্রভাবও গল্পে উঠে এসেছে।
ছবিয়াল সহ-প্রযোজিত এবং চরকি প্রযোজিত ‘মিনিস্ট্রি অব লাভ’ প্রজেক্টের সপ্তম ওয়েব ফিল্ম ‘হ্যাপিলি ম্যারিড’। আগামী ৮ অক্টোবর চরকিতে মুক্তি পাবে সিনেমাটি।
প্রিমিয়ার অনুষ্ঠানে আরিফিন শুভ ও কেয়া পায়েল ছাড়াও উপস্থিত ছিলেন চরকির সিইও রেদওয়ান রনি, নির্মাতা জাহিদ প্রীতম, অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা, দীপা খন্দকার, অভিনেতা ও নির্মাতা সালাহউদ্দিন লাভলু, আরেফিন জিলানীসহ সিনেমাটির অন্যান্য কলাকুশলী।
কেকে/সাশ