বাংলাদেশি চলচ্চিত্র নির্মাতা মাশরুকুর রহমান খানের নৃতাত্ত্বিক প্রামাণ্যচিত্র ‘ম্রুচা চিয়াসদপোই (ম্রো গোহত্যা উৎসব)’ এবার প্রদর্শিত হতে যাচ্ছে পার্বত্য চট্টগ্রাম ও দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। ম্রো জনগোষ্ঠীর বিলীয়মান ঐতিহ্য, সংগীত, নৃত্য, সমাবেশ ও বলিদানের জটিল আচার-অনুষ্ঠান নিয়ে নির্মিত ৫৪ মিনিটের এই চলচ্চিত্রে উঠে এসেছে সম্প্রদায়টির সাংস্কৃতিক জীবনের এক বিরল অধ্যায়।
বান্দরবানে মূলত ম্রো ভাষায় চিত্রায়িত হয়েছে প্রামাণ্যচিত্রটি। এতে অনুসরণ করা হয়েছে মানলেকে নামের এক ব্যক্তির জীবন ও তাঁর সম্প্রদায়ের ঐতিহ্যবাহী চিয়াসদপোই আচার। মানলেকে ম্রোদের ঐতিহ্যবাহী বাঁশের বাঁশি ‘প্লুং’-এর একজন দক্ষ কারিগর। অসুস্থ সন্তানকে সুস্থ করে তুলতে তিনি নিজ সম্প্রদায়ের মানুষদের নিয়ে এই আচার পালনের নেতৃত্ব দেন।
প্লুং বাজিয়ে সারা রাতের বাদ্য-লড়াই থেকে শুরু করে ভোরের বলিদান পর্যন্ত উৎসবের বিভিন্ন পর্যায় ধারণ করা হয়েছে চলচ্চিত্রটিতে। সংগীত, নৃত্য ও নৈবেদ্যের মধ্য দিয়ে এগিয়ে যাওয়া এই আয়োজনের প্রতিটি ধাপ ক্যামেরায় তুলে ধরেছেন নির্মাতা।
এক বছর ধরে ধারণ করা ম্রো ভাষার ৪০ ঘণ্টার বেশি ফুটেজ থেকে তৈরি হয়েছে চলচ্চিত্রটি। এর পোস্ট-প্রোডাকশন শেষ করতে লেগেছে আরও দুই বছর। ঐতিহ্যটির সঙ্গে যুক্ত মানুষের নিজস্ব ভাষায় তাঁদের গল্প তুলে ধরার চেষ্টা করেছেন নির্মাতা।
যেভাবে শুরু চলচ্চিত্র নির্মাণের যাত্রা :
২০২৩ সালের জানুয়ারিতে পার্বত্য চট্টগ্রাম সফরে গিয়ে প্রথম প্লুং’-এর সুর শোনেন নির্মাতা মাশরুকুর রহমান খান। ম্রো বন্ধুরা তাঁকে অন্ধকারের মধ্য দিয়ে ছয় ঘণ্টার পথ পাড়ি দিয়ে একটি সংরক্ষিত বনে নিয়ে যান। সেখানে একটি ম্রো সম্প্রদায় চিয়াসদপোই উৎসব পালন করছিল।
হাতে প্রয়োজনীয় চিত্রায়ণ সরঞ্জাম না থাকায় প্রাথমিকভাবে মুঠোফোন দিয়েই ধারণ করা হয় উৎসবের দৃশ্য। বিদ্যুৎবিহীন ওই এলাকায় সৌরশক্তির সাহায্যে ফোন চার্জ করতে হতো।
সেই অভিজ্ঞতা প্রসঙ্গে পরিচালক মাশরুকুর রহমান খান বলেন, “যা দেখেছিলাম, তেমন কিছু আমি আর কখনো দেখিনি।”
কয়েক মাস পর খবর আসে, মানলেকে তাঁর সন্তানের জন্য বলিদান করতে যাচ্ছেন। এরপর নির্মাতা ও তাঁর দল আচারটির বিস্তারিত চিত্রায়ণের জন্য আবার সেখানে ফিরে যান। বিলীয়মান একটি ঐতিহ্য সংরক্ষণের ঐতিহাসিক ও নৃতাত্ত্বিক গুরুত্ব বিবেচনায় চলচ্চিত্রটির অধিকাংশ সংলাপ ও বর্ণনা ধারণ করা হয়েছে ম্রো ভাষায়।
রাঙামাটি থেকে শুরু প্রদর্শনী :
প্রামাণ্যচিত্রটির প্রথম আনুষ্ঠানিক প্রদর্শনী হবে রাঙামাটির হিল ফিল্ম ফেস্টিভ্যালে। এরপর লামায় ‘ঝিরি পাহাড়ের গল্প’ আয়োজনেও দেখানো হবে এটি।
পার্বত্য চট্টগ্রাম থেকেই প্রদর্শনী শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতা। এর মধ্য দিয়ে চলচ্চিত্রটি প্রথমে সেই অঞ্চলের মানুষের কাছে পৌঁছে দিতে চান তাঁরা, যাঁদের সংস্কৃতি ও ঐতিহ্য এতে তুলে ধরা হয়েছে।
এ ছাড়া দেশের বেশ কয়েকটি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্রটির প্রদর্শনীর আয়োজন চলছে। যত বেশি সম্ভব বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এটি পৌঁছে দেওয়ার লক্ষ্য রয়েছে নির্মাতা দলের। এর মাধ্যমে শিক্ষার্থীরা ম্রো জনগোষ্ঠীর ঐতিহ্য সম্পর্কে জানার পাশাপাশি চলচ্চিত্রে উঠে আসা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার সুযোগ পাবেন।
প্রদর্শনী আয়োজনে আগ্রহী বিশ্ববিদ্যালয়, বিভাগ ও শিক্ষার্থী সংগঠনগুলোকে [email protected] ঠিকানায় যোগাযোগ করার আহ্বান জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান পারসেপশন মিডিয়া।
চলচ্চিত্রের পরিচিতি :
‘ম্রুচা চিয়াসদপোই (ম্রো গোহত্যা উৎসব)’ একটি নৃতাত্ত্বিক প্রামাণ্যচিত্র। এর দৈর্ঘ্য ৫৪ মিনিট ২৩ সেকেন্ড। চলচ্চিত্রটির ভাষা বাংলা ও ম্রো; রয়েছে ইংরেজি সাবটাইটেল। ২০২৩ সালের জানুয়ারি থেকে বান্দরবান ও পার্বত্য চট্টগ্রামে এর চিত্রায়ণ করা হয়েছে।
চলচ্চিত্রটির পরিচালক মাশরুকুর রহমান খান। প্রযোজক থং প্রে ম্রো, আশরাফ নাহিদ ও শিব্বির আহমেদ শিবলী। ঢাকার প্রযোজনা প্রতিষ্ঠান পারসেপশন মিডিয়া চলচ্চিত্রটি নির্মাণ করেছে। এতে পশু বলিদানের আচার দেখানো হয়েছে।
পারসেপশন মিডিয়ার প্রতিষ্ঠাতা মাশরুকুর রহমান খান একজন প্রামাণ্যচিত্র নির্মাতা ও আলোকচিত্রী। বাংলাদেশের আদিবাসী ও প্রান্তিক জনগোষ্ঠীর সাংস্কৃতিক গল্প তার কাজের অন্যতম প্রধান বিষয়।
কেকে/এমএ