বিয়ের গুঞ্জন নিয়ে কয়েক দিন ধরেই আলোচনা চলছিল টালিউডে। অবশেষে সেই জল্পনার অবসান ঘটিয়ে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। পাত্র মেরিন ইঞ্জিনিয়ার সিদ্ধার্থ দত্ত।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) কলকাতার কসবায় ঘরোয়া আয়োজনে আইনি বিয়ে সেরেছেন তাঁরা। তবে বিয়ের মূল আয়োজন হবে পাহাড়ে।
নিজের বিয়ের খবর ভক্তদের সঙ্গে ভাগ করে নিতে ফেসবুকে কয়েকটি ছবি প্রকাশ করেন মিমি। বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ১০টা ৪২ মিনিটে ছবিগুলো পোস্ট করার পরপরই শুভেচ্ছা আর ভালোবাসায় ভরে ওঠে তার মন্তব্যের ঘর। ঘণ্টাখানেকের মধ্যেই পোস্টে পড়ে প্রায় ৩০ হাজার প্রতিক্রিয়া ও এক হাজারের বেশি মন্তব্য।
বিয়ের সাজেও ছিল মিষ্টি আভিজাত্যের ছোঁয়া। সাদা পাঞ্জাবি-পায়জামায় দেখা গেছে সিদ্ধার্থকে। অন্যদিকে সোনালি জরির কাজ করা পোশাক আর সবুজ পাথরের গয়নায় সেজেছিলেন মিমি। ফুলে ফুলে সাজানো হয়েছিল বিয়ের আয়োজন। দুই পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বাগ্দান ও আইনি বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিশেষ দিনটিতে অভিনেত্রীর পাশে ছিলেন তাঁর দীর্ঘদিনের বন্ধু পোশাকশিল্পী অভিষেক রায় ও অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায়।
মিমির নতুন জীবনের খবর ঘিরে দুই পরিবারেও ছিল আনন্দের আবহ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিদ্ধার্থের বড় ভাইয়ের স্ত্রী, অভিনেত্রী ত্রমিলা ভট্টাচার্য। সংবাদমাধ্যমের সঙ্গে আলাপে তিনি জানান, মিমির সঙ্গে তার সম্পর্ক এবার নতুন পরিচয় পেয়েছে। এত দিন পরিচিতি ছিল বন্ধুত্বের, এখন তারা পরস্পরের জা।
ত্রমিলার কথায়, তার নিজের দেওর সিদ্ধার্থের সঙ্গেই বিয়ে হচ্ছে মিমির। তাদের পরিবারের অনেকেই জাহাজের পেশায় যুক্ত। তার স্বামী জাহাজের ক্যাপ্টেন, আর সিদ্ধার্থ মেরিন ইঞ্জিনিয়ার। মিমির প্রশংসা করে তিনি বলেন, অভিনেত্রীকে কাছ থেকে চিনে তার খুব ভালো লেগেছে। মানুষ হিসেবেও মিমি বেশ ভালো।
কলকাতায় আইনি বিয়ের পর এবার পাহাড়ে বিয়ের আনুষ্ঠানিকতা ঘিরে অপেক্ষা। ঘনিষ্ঠ পরিজনদের নিয়েই নতুন জীবনের পথচলা শুরু করলেন মিমি ও সিদ্ধার্থ।
কেকে/সাশ