ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টার দিকে বগুড়ার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু।
পরিবার সূত্রে জানা গেছে, শুটিংয়ের কাজে সোহেল খান বগুড়ায় অবস্থান করছিলেন। সেখানে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
‘নসীব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে বগুড়ায় ছিলেন এই অভিনেতা। শুটিং ইউনিট সূত্রে জানা গেছে, গত ১৯ নভেম্বর থেকে সিনেমাটির শুটিংয়ে অংশ নিচ্ছিলেন তিনি। বুধবার তার শুটিং শেষ হওয়ার কথা ছিল।
শুটিং ইউনিটের সদস্যদের ভাষ্য অনুযায়ী, মঙ্গলবার সকালে শুটিংয়ের জন্য মেকআপ নিয়ে প্রস্তুত হয়েছিলেন সোহেল খান। পরে তাকে ডাকতে হোটেলের কক্ষে যান ইউনিটের এক সদস্য। সেখানে তাকে বিছানায় অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন তিনি। কোনো সাড়াশব্দ না পেয়ে চিৎকার শুরু করলে ছুটে আসেন শুটিং ইউনিটের অন্য সদস্যরা।
এরপর দ্রুত তাকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
কেকে/সাশ