মজুরি বৃদ্ধির দাবিতে গাজীপুরের বিভিন্ন শিল্প এলাকায় পোশাক কারখানার শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। এর জেরে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কসংলগ্ন ১৮টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সকালে কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে শ্রীপুরের বিভিন্ন কারখানায় এ পরিস্থিতির সৃষ্টি হয়। একপর্যায়ে শ্রীপুরের বাঘের বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন শ্রমিকেরা।
সকাল পৌনে ৯টার দিকে বাঘের বাজারের মেম্বারবাড়ি এলাকায় অবস্থিত সিল্কিন লিমিটেডের প্রায় দেড় থেকে দুই হাজার শ্রমিক মহাসড়কে অবস্থান নেন। পরে তারা মিছিল নিয়ে বাঘের বাজারের দিকে অগ্রসর হন।
আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে বর্তমান মজুরি দিয়ে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে তাদের। এ পরিস্থিতিতে জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন বাড়ানোর দাবি জানিয়েছেন তারা।
নাম প্রকাশে অনিচ্ছুক কারখানাটির জ্যেষ্ঠ অপারেটর নাছরিন আক্তার বলেন, ‘বর্তমানে সবকিছুর দাম বেড়ে গেছে। আমাদের চলতে অনেক কষ্ট হয়। পরিবার নিয়ে চলতে একজন অপারেটরের মাসিক মজুরি ২৫ থেকে ৩০ হাজার টাকা হলে ভালো হয়।’
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাঘের বাজার এলাকার সুইং অপারেটর জসিম উদ্দিন বলেন, ‘আমি এখন ১৫ হাজার টাকা মূল বেতন পাই। ওভারটাইম করলে ১৯ থেকে ২০ হাজার টাকা হয়। এই মজুরি দিয়ে পরিবার চালাতে খুব কষ্ট হয়। আমার মতো একজন অপারেটরের মাসিক মজুরি ৩০ থেকে ৪০ হাজার টাকা প্রয়োজন। তাহলে পরিবার নিয়ে ভালোভাবে চলতে পারব।’
তিনি আরও বলেন, দ্রব্যমূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে শ্রমিকদের মজুরি বাড়ানো জরুরি।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন খোলা কাগজকে বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর এলাকায় ১০টি এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী এলাকায় আটটি পোশাক কারখানায় কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করেছে। সব মিলিয়ে ১৮টি কারখানায় ছুটি দেওয়া হয়েছে।
কেকে/সাশ