সোমবার, ২৩ নভেম্বর ২০২৬,
৯ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● ১৬ ডিসেম্বর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন হচ্ছে তৃতীয় টার্মিনাল      ● আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা      ● প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে এনসিপির চার নেতা      ● নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবলকে হত্যা      ● গাজীপুরে ফের পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেড-টিয়ার শেল নিক্ষেপ      ● নির্ধারিত সময়েই হবে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      
দেশজুড়ে
কক্স কার্নিভাল ঘিরে প্রতারণা ও পরিবেশ ধ্বংসের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার
প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৯:১৬ পিএম আপডেট: ২৩.১১.২০২৬ ৯:১৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কক্সবাজারে ‘কক্স কার্নিভাল’ আয়োজন ঘিরে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের (বিপিসি) বিরুদ্ধে তথ্য গোপন, প্রতারণা ও পরিবেশ আইন লঙ্ঘনের অভিযোগ উঠেছে। প্রকাশ্যে তিন মাসের আয়োজনের কথা বলা হলেও আড়ালে তিন বছরের বাণিজ্যিক চুক্তির তথ্য সামনে আসায় স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও পরিবেশকর্মীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। অভিযোগগুলো হলো- 

তিন বছরের চুক্তি, প্রচার তিন মাসের : ২২ নভেম্বর থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত ৯০ দিনের আয়োজনের কথা প্রচার করা হলেও ‘স্পেলবাউন্ড কমিউনিকেশনস লিমিটেড’ নামের একটি প্রতিষ্ঠানকে পিপিআইয়ের আওতায় মোটেল শৈবালের দক্ষিণ-পশ্চিম পাশে প্রায় ৩৫ একর বালিয়াড়ি জমি বিনা ভাড়ায় তিন বছরের জন্য বরাদ্দ দেওয়ার অভিযোগ উঠেছে। চুক্তি অনুযায়ী, মেলার মুনাফার ৮০ শতাংশ পাবে প্রতিষ্ঠানটি, পর্যটন কর্পোরেশন পাবে ২০ শতাংশ। স্থায়ী অবকাঠামো রেখে পরবর্তী দুই বছরও আয়োজন চালানোর পরিকল্পনার অভিযোগ রয়েছে।

বালিয়াড়ি ও গাছপালা ধ্বংসের অভিযোগ : কার্নিভালের অবকাঠামো নির্মাণে বালিয়াড়ির স্বাভাবিক পরিবেশ নষ্ট, সাগরলতা উপড়ে ফেলা এবং প্রায় ৩০টি ঝাউগাছ কাটার অভিযোগ তুলেছে বাপা ও বেলা। এ ঘটনায় ১৮ নভেম্বর বেলা সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও প্রশাসনকে আইনি নোটিশ পাঠায়। পরদিন মানববন্ধন করে আয়োজন বন্ধের দাবি জানান পরিবেশকর্মীরা।

সৈকতে প্রবেশের পথ বন্ধ : স্থানীয়দের অভিযোগ, কার্নিভালের কারণে শৈবাল পয়েন্ট দিয়ে সৈকতে নামার পুরোনো পথ বন্ধ করে গেট বসানো হয়েছে। সেখানে টিকিট ব্যবস্থা চালু করায় সাধারণ মানুষের যাতায়াত বাধাগ্রস্ত হচ্ছে।

টিকিট ও স্টল ভাড়ায় বাণিজ্যিকীকরণ : মেলায় স্টল ভাড়া ৪০ হাজার থেকে ১৫ লাখ টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। মূল প্রবেশ ফির পাশাপাশি ভেতরের ৯টি জোনে পৃথক টিকিটের ব্যবস্থাও রাখা হয়েছে। এ নিয়ে জনস্বার্থের পরিবর্তে বাণিজ্যিক স্বার্থকে প্রাধান্য দেওয়ার অভিযোগ উঠেছে।

প্রশাসন ও পর্যটন কর্পোরেশনের বক্তব্য : জেলা প্রশাসক মো. আবদুল মান্নান জানান, প্রশাসনকে তিন মাসের আয়োজনের কথা জানানো হয়েছে। পরিদর্শন দল গাছ কাটার প্রমাণ পায়নি বলে দাবি করেছে। পরিবেশ অধিদপ্তরও এলাকাটিকে ইসিএ জোনের বাইরে পর্যটন কর্পোরেশনের নিজস্ব জমি বলে উল্লেখ করেছে। তবে এ প্রতিবেদন প্রত্যাখ্যান করেছেন পরিবেশবাদীরা। পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান মো. সামীমুজ্জামান গাছ কাটার অভিযোগ অস্বীকার করে বলেন, আপাতত ৩১ জানুয়ারি পর্যন্ত বিনা ভাড়ায় জমি দেওয়া হয়েছে। সাড়া পেলে সময়সীমা বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

চুক্তির স্বচ্ছতা নিশ্চিত, অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং চুক্তি বাতিলের দাবি জানিয়েছেন স্থানীয় অংশীজনরা।

কেকে/ এসএমএন 



আরও সংবাদ   বিষয়:  কক্স কার্নিভাল   কক্সবাজার   পরিবেশ দূষণ   পর্যটন কর্পোরেশন   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close