সোমবার, ২৩ নভেম্বর ২০২৬,
৯ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● ১৬ ডিসেম্বর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন হচ্ছে তৃতীয় টার্মিনাল      ● আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা      ● প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে এনসিপির চার নেতা      ● নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবলকে হত্যা      ● গাজীপুরে ফের পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেড-টিয়ার শেল নিক্ষেপ      ● নির্ধারিত সময়েই হবে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      
দেশজুড়ে
নারায়ণগঞ্জে মাদক কারবারিদের হামলায় পুলিশ সদস্য নিহত, নয় মাসে ১১ হামলা
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৭:৩৮ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্রেপ্তারি পরোয়ানার তথ্য সংগ্রহ করতে গিয়ে মাদক কারবারিদের হামলায় প্রাণ হারিয়েছেন পুলিশ কনস্টেবল আনোয়ার হোসেন মোল্লা। 

রোববার (২২ নভেম্বর) রাতে ফতুল্লার কাশীপুরের হাশেমবাগ এলাকায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আনোয়ার হোসেন মোল্লাকে হত্যা করা হয়। 

এ ঘটনায় তার সঙ্গে থাকা সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুস সাত্তারকে ক্লোজ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার হাবিবুর রহমান।

এদিকে গত নয় মাসে নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর অন্তত ১১টি হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় একাধিক সদস্য আহত হয়েছেন। ছিনিয়ে নেওয়া হয়েছে আসামি, এমনকি পুলিশের অস্ত্রও।

পুলিশ জানায়, গোয়েন্দা তথ্য ও গ্রেপ্তারি পরোয়ানা-সংক্রান্ত তথ্য সংগ্রহ করতে হাশেমবাগ এলাকায় যান কনস্টেবল আনোয়ার মোল্লা ও এএসআই আব্দুস সাত্তার। এ সময় মাদক কারবারি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত একটি চক্রের সদস্যরা তাদের চিনে ফেলেন। একপর্যায়ে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে আনোয়ারকে কুপিয়ে হত্যা করে। প্রাণে বাঁচতে ঘটনাস্থল থেকে পালিয়ে যান এএসআই সাত্তার।

আনোয়ার মোল্লার মৃত্যুতে তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। স্ত্রী ও দুই সন্তানকে রেখে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির এমন মৃত্যুতে অনিশ্চয়তায় পড়েছেন স্বজনেরা।

পুলিশের তথ্য অনুযায়ী, গত মার্চ থেকে নভেম্বর পর্যন্ত নয় মাসে নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর অন্তত ১১টি হামলার ঘটনা ঘটেছে। ৩ ও ১৫ মার্চ নিতাইগঞ্জ এবং উকিলপাড়া রেললাইন এলাকায় পুলিশের ওপর হামলা হয়। মে মাসে বন্দর উপজেলার পুরান বন্দর চৌধুরীবাড়িতে হামলায় আহত হন দুই পুলিশ সদস্য। এ সময় পুলিশের একটি শটগান ছিনিয়ে নেওয়া হলেও পরে তা উদ্ধার করা হয়।

এর তিন দিন পর রূপগঞ্জে পুলিশের কাছ থেকে মাদক মামলার এক আসামিকে ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। পরদিন ফতুল্লায় হামলার শিকার হন র‌্যাবের তিন সদস্য। জুলাইয়ে সোনারগাঁয়ে আসামি ধরতে গিয়ে আহত হন তিন পুলিশ সদস্য ও এক সোর্স। আগস্টে সিদ্ধিরগঞ্জের আটি ওয়াপদা কলোনি ও ফতুল্লার ইসদাইরে হামলায় আহত হন আরও তিন পুলিশ সদস্য। নভেম্বরে রূপগঞ্জের চনপাড়া থেকে পুলিশের কাছ থেকে এক সন্ত্রাসীকে ছিনিয়ে নেয় তার সহযোগীরা। সর্বশেষ আনোয়ার মোল্লা হত্যাকাণ্ড আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

স্থানীয়দের অভিযোগ, ৫ আগস্টের পর থেকে হাশেমবাগ এলাকা অপরাধীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। তাদের ভাষ্য, এলাকাটি যেন আরেক জঙ্গল সলিমপুর। সেখানে দুর্ধর্ষ একটি অপরাধী চক্র আস্তানা গেড়ে মাদক কারবার চালিয়ে যাচ্ছে।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, ‘গতকাল রাতে একটি ওয়ারেন্টের তথ্য সংগ্রহ করতে পুলিশ সদস্যরা ফতুল্লার হাশেমবাগ এলাকায় যান। এ সময় মাদক কারবারিরা তাদের ওপর হামলা করে। সহকারী উপপরিদর্শক আব্দুস সাত্তার পালিয়ে যেতে সক্ষম হলেও পুলিশ সদস্য আনোয়ারকে ছুরিকাঘাতে হত্যা করে দুর্বৃত্তরা।’

তিনি আরও বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করতেই অপরাধীরা বাহিনীর সদস্যদের লক্ষ্যবস্তু করছে। তবে আগের তুলনায় হামলার ঘটনা কমেছে।’

এদিকে কনস্টেবল আনোয়ার হত্যার ঘটনায় ৮ থেকে ১০ জনকে আসামি করে ফতুল্লা থানায় একটি হত্যা মামলা করা হয়েছে। তবে সোমবার সন্ধ্যা পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।

কেকে/ এসএমএন 



আরও সংবাদ   বিষয়:  নারায়ণগঞ্জে পুলিশ হত্যা   হাশেমবাগ   পুলিশের ওপর হামলা   মাদক কারবারি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close