সোমবার, ২৩ নভেম্বর ২০২৬,
৯ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা      ● প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে এনসিপির চার নেতা      ● নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবলকে হত্যা      ● গাজীপুরে ফের পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেড-টিয়ার শেল নিক্ষেপ      ● নির্ধারিত সময়েই হবে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● ইনু-লতিফসহ ১০ আসামি কড়া নিরাপত্তায় ট্রাইব্যুনালে      ● বিমানবন্দর থেকে শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার      
অর্থনীতি
ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ২:২০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের সংকট আরও গভীর হয়েছে। ঋণ পুনঃতফসিল, বিশেষ সুবিধা ও নানা ছাড় দিয়েও পরিস্থিতির উন্নতি হচ্ছে না। উল্টো সেপ্টেম্বর শেষে খেলাপি ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ২৭ হাজার ৪০৪ কোটি টাকা। গত জুনের তুলনায় মাত্র তিন মাসে এই ঋণ বেড়েছে ২০ হাজার ৮৪৯ কোটি টাকা। বর্তমানে ব্যাংকগুলোর বিতরণ করা মোট ঋণের ৩৩ দশমিক ৮০ শতাংশই খেলাপি। অর্থাৎ ব্যাংক থেকে ঋণ নেওয়া প্রতি ১০০ টাকার মধ্যে প্রায় ৩৪ টাকা আটকে আছে।

বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতে মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১৮ লাখ ৫৬ হাজার ১৬৯ কোটি টাকা। এর বিপরীতে খেলাপি ঋণের অঙ্ক ৬ লাখ ২৭ হাজার ৪০৪ কোটি টাকা। বিপুল পরিমাণ এই অনাদায়ী ঋণ ব্যাংকগুলোর আর্থিক সক্ষমতা এবং সামগ্রিক ঋণ ব্যবস্থাপনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

গত জুন শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণ ছিল ৬ লাখ ৬ হাজার ৫৫৫ কোটি টাকা। ওই সময় খেলাপির হার ছিল ৩২ দশমিক ৭৮ শতাংশ। তিন মাসের ব্যবধানে ঋণের এই শ্রেণিতে নতুন করে যুক্ত হয়েছে ২০ হাজার ৮৪৯ কোটি টাকা। এর আগে মার্চ শেষে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৫ লাখ ৮৮ হাজার ৭০৪ কোটি টাকা, যা তখন মোট ঋণের ৩২ দশমিক ২৬ শতাংশ ছিল।

পরিসংখ্যান বলছে, বছরের শুরু থেকেই ব্যাংক খাতে খেলাপি ঋণের চাপ ক্রমাগত বাড়ছে। একের পর এক পুনঃতফসিল এবং বিশেষ সুবিধা দিয়েও ঋণ আদায়ের গতি বাড়ানো যায়নি। ফলে ব্যাংকগুলোর ঝুঁকিপূর্ণ ঋণের বোঝা আরও ভারী হচ্ছে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, দীর্ঘদিন ধরে ব্যাংক খাতে অনিয়ম, প্রভাব খাটিয়ে ঋণ বিতরণ এবং বড় ধরনের ঋণ কেলেঙ্কারির কারণে বর্তমান পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিশেষ করে আওয়ামী লীগ সরকারের আমলে বিতরণ করা অনেক ঋণের প্রকৃত অবস্থা গোপন রাখা হয়েছিল। রাজনৈতিক পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকার ব্যাংকগুলোর আর্থিক অবস্থার প্রকৃত চিত্র প্রকাশের উদ্যোগ নিলে বিপুল অঙ্কের ঋণ খেলাপি হিসেবে সামনে আসে।

এদিকে রাজনৈতিক পটপরিবর্তনের পর বেশ কয়েকজন প্রভাবশালী ঋণগ্রহীতা আত্মগোপনে চলে যাওয়ায় ঋণ আদায়ের ক্ষেত্রে জটিলতা তৈরি হয়েছে। এ অবস্থায় অন্তর্বর্তী সরকার বিশেষ সুবিধায় ঋণ পুনঃতফসিলের সুযোগ দিলেও খেলাপি ঋণের ঊর্ধ্বগতি থামানো যায়নি।

বাংলাদেশ ব্যাংকের তথ্য পর্যালোচনায় দেখা যায়, ২০০৯ সালের জানুয়ারিতে আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট সরকার ক্ষমতায় আসার সময় ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল ২২ হাজার ৪৮১ কোটি টাকা। ২০২৪ সালের জুনে ওই সরকারের মেয়াদের শেষ দিকে তা বেড়ে দাঁড়ায় ২ লাখ ১১ হাজার ৩৯১ কোটি টাকায়। অর্থাৎ দীর্ঘ ১৫ বছরের বেশি সময়ে খেলাপি ঋণের পরিমাণ কয়েক গুণ বেড়েছে।

অন্যদিকে, কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, বর্তমান বিএনপি সরকারের সময়েও খেলাপি ঋণের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এতে অতীতের অনিয়মের পাশাপাশি ব্যাংক খাতের কাঠামোগত দুর্বলতা এখনো বড় চ্যালেঞ্জ হয়ে রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সংস্কার ছাড়া সংকট কাটবে না

ব্যাংক খাতের বর্তমান পরিস্থিতিকে উদ্বেগজনক বলে উল্লেখ করেছেন গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ড. ফাহমিদা খাতুন। তার মতে, রাজনৈতিক প্রভাব এবং সুশাসনের অভাব ইচ্ছাকৃত ঋণখেলাপির প্রবণতা বাড়িয়েছে। এর সরাসরি প্রভাব পড়ছে ব্যাংকগুলোর তারল্য পরিস্থিতির ওপর। একই সঙ্গে বেসরকারি খাতে ঋণ বিতরণ কমে যাওয়ায় নতুন বিনিয়োগের পথও সংকুচিত হচ্ছে।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে ব্যাংকগুলোর প্রকৃত খেলাপি ঋণের হিসাব আড়াল করে রাখা হয়েছিল। সব ব্যাংকের আর্থিক অবস্থার পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ পেলে খেলাপি ঋণের অঙ্ক আরও বাড়তে পারে। তাই সাময়িক ছাড় বা পুনঃতফসিলের মাধ্যমে এই সংকট মোকাবিলা সম্ভব নয়। প্রয়োজন দীর্ঘমেয়াদি ও কার্যকর সংস্কার।

ফাহমিদা খাতুনের মতে, ব্যাংকের পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনায় জবাবদিহি প্রতিষ্ঠা করতে হবে। ঋণের প্রকৃত অবস্থা প্রকাশের পাশাপাশি আদায়যোগ্য অর্থ উদ্ধারে কঠোর পদক্ষেপ নিতে হবে। অতীতের অনিয়মের পাশাপাশি ঋণের মান নির্ধারণে নীতিগত পরিবর্তনের কারণেও খেলাপি ঋণের পরিমাণ বাড়ছে।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান, অতীতে অনিয়মের মাধ্যমে ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে-বেনামে বিতরণ করা ঋণগুলো এখন নিয়ম অনুযায়ী খেলাপি হিসেবে অন্তর্ভুক্ত হচ্ছে। এ ছাড়া আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে ঋণ শ্রেণিবিন্যাসের নিয়ম কার্যকর করায় আগের তুলনায় বেশি ঋণ খেলাপি হিসেবে চিহ্নিত হচ্ছে।

তাদের ভাষ্য, অতীতে অনেক ঋণ বারবার নবায়ন করে নিয়মিত দেখানো হলেও বর্তমানে সেগুলোর বড় অংশের অর্থ আদায় হচ্ছে না। ফলে এসব ঋণও খেলাপির তালিকায় চলে এসেছে।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের মতে, ব্যাংক খাতের অনিয়ম শনাক্ত এবং প্রকৃত আর্থিক চিত্র প্রকাশের ফলে দীর্ঘদিনের দুর্বলতাগুলো এখন দৃশ্যমান হচ্ছে। তবে কেবল খেলাপি ঋণের পরিমাণ প্রকাশ করলেই সংকটের সমাধান হবে না। এ জন্য ঋণ আদায়ে কার্যকর ব্যবস্থা, ব্যাংক পরিচালনায় স্বচ্ছতা এবং জবাবদিহি নিশ্চিত করার বিকল্প নেই।


কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  খেলাপি ঋণ   
মতামত লিখুন:
Loading...
Loading...

অর্থনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close