নারায়ণগঞ্জের ফতুল্লার কাশীপুরের হাসেমবাগ এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আনোয়ার হোসেন নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। তিনি সদর উপজেলার শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়িতে চালক হিসেবে কর্মরত ছিলেন।
রোববার (২২ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, রাতে শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুল সাত্তার ও কনস্টেবল আনোয়ার হোসেন তথ্য অনুসন্ধানে হাসেমবাগ এলাকায় যান। এ সময় দুর্বৃত্তরা তাদের ওপর হামলা চালায়। এএসআই আব্দুল সাত্তার দৌড়ে পালাতে সক্ষম হলেও আনোয়ার হোসেনকে ধরে বুকের মধ্যে উপর্যুপরি ছুরিকাঘাত করে হামলাকারীরা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান চলছে। মরদেহের ময়নাতদন্ত শেষে এ ঘটনায় মামলা করা হবে।
কেকে/সাশ