রোববার, ২২ নভেম্বর ২০২৬,
৮ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২২ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● রাশিয়ার হামলায় বিপর্যস্ত ইউক্রেন, প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চেয়ে যুক্তরাষ্ট্রকে জেলেনস্কির তাগাদা      ● এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল সোমবার, যেভাবে জানা যাবে      ● অস্থিরতায় ১৮ দিনে পোশাক খাতে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার : বিজিএমইএ      ● ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি নতুন ১৫১৯      ● শ্রীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধের চেষ্টা      ● সোমবার সকাল থেকে ১০ এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ      ● হামের উপসর্গ নিয়ে এক দিনে ৯ শিশুর ‍মৃত্যু      
আন্তর্জাতিক
রাশিয়ার হামলায় বিপর্যস্ত ইউক্রেন, প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চেয়ে যুক্তরাষ্ট্রকে জেলেনস্কির তাগাদা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ৯:৪৬ পিএম
ভলোদিমির জেলেনস্কি

ভলোদিমির জেলেনস্কি

ইউক্রেনের ২০টি অঞ্চলে সপ্তাহব্যাপী রাশিয়ার ভয়াবহ হামলার পর যুক্তরাষ্ট্রের কাছে দ্রুত ‘প্যাট্রিয়ট’ আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র সরবরাহের অনুমোদন দেওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

রোববার (২২ নভেম্বর) টেলিগ্রামে দেওয়া পোস্টে ভলোদিমির জেলেনস্কি জানান, গত এক সপ্তাহে ইউক্রেনে প্রায় ২ হাজার ৭০০টি ড্রোন, ১ হাজার ৪৬০টি গাইডেড এরিয়াল বোমা এবং ১৬৫টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া। এসব ক্ষেপণাস্ত্রের বড় একটি অংশই ছিল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যার মধ্যে উত্তর কোরিয়ার সরবরাহ করা ক্ষেপণাস্ত্রও রয়েছে।

ক্ষোভ প্রকাশ করে ভলোদিমির জেলেনস্কি বলেন, ‘এমন ভয়াবহ পরিস্থিতির মধ্যেও ইউক্রেনে অ্যান্টি-ব্যালিস্টিক প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহে বিলম্ব হওয়াটা সত্যিই বোধগম্য নয়।’

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম যুক্তরাষ্ট্রের তৈরি প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের তীব্র সংকটে ভুগছে ইউক্রেন। ভলোদিমির জেলেনস্কি উল্লেখ করেন, ন্যাটোর সমন্বিত তহবিলের মাধ্যমে ইউক্রেনের মিত্ররা ইতিমধ্যে এসব ক্ষেপণাস্ত্রের অর্থ পরিশোধ করে দিয়েছে। কিন্তু ওয়াশিংটনের চূড়ান্ত অনুমোদনের অভাবে সেগুলোর সরবরাহ আটকে আছে।

এদিকে, রোববার ভোরে রাজধানী কিয়েভের উত্তরে ডাইমার গ্রামের একটি পাঁচতলা আবাসিক ভবনে রাশিয়ার হামলায় ভবনটির একাংশ ধসে পড়ে। জেলেনস্কি প্রাথমিকভাবে জানিয়েছিলেন, সেখান থেকে ৯ জনকে উদ্ধার করা হয়েছে এবং ১৪ জন নিখোঁজ রয়েছেন। 

উদ্ধারকারীরা ধ্বংসস্তূপ থেকে দুজনের মরদেহ উদ্ধার করেছেন এবং দুই শিশুসহ নিখোঁজ ১১ জনের সন্ধানে তল্লাশি চালাচ্ছেন।

অন্যদিকে, জাপোরিঝিয়া আঞ্চলিক সামরিক প্রশাসনের ভারপ্রাপ্ত প্রধান মাইখাইলো সেমিকিন জানিয়েছেন, জাপোরিঝিয়া শহরে রুশ গোলাবর্ষণে আরও এক ব্যক্তি নিহত হয়েছেন।

একই দিন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, শনিবার (২১ নভেম্বর) রাতে ইউক্রেনের কৃষ্ণসাগরীয় বন্দরনগরী ওদেসার উত্তর-পূর্বে একটি পণ্যবাহী জাহাজে হামলা চালিয়েছে রুশ বাহিনী। এ ছাড়া জাপোরিঝিয়ার 'প্রাভোবেরেঝনা' বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার দাবি করেছে মস্কো, যা ইউক্রেনের অস্ত্র কারখানাগুলোতে বিদ্যুৎ সরবরাহ করত বলে তাদের দাবি। পাশাপাশি একটি তেল শোধনাগার, বিদ্যুৎ উপকেন্দ্র ও এমকেএম টেলিকম পরিচালিত একটি ডেটা সেন্টারেও হামলার কথা জানিয়েছে রাশিয়া।

যুদ্ধক্ষেত্রের সর্বশেষ তথ্যে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভ অঞ্চলের সোসনোভি বির গ্রামটি তারা দখল করেছে এবং ইউক্রেনের নেপচুন উপকূলীয় ক্ষেপণাস্ত্র ব্যবস্থার একটি লঞ্চার ধ্বংস করেছে। 

এ ছাড়া ইউক্রেনীয় সামরিক বাহিনীর কাজে ব্যবহৃত জ্বালানি ও পরিবহন অবকাঠামোতেও আঘাত হানার দাবি করেছে মস্কো। 

তবে রাশিয়ার এসব দাবি স্বতন্ত্রভাবে যাচাই করা সম্ভব হয়নি।

সূত্র : আল জাজিরা

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  রাশিয়ার হামলা   বিপর্যস্ত ইউক্রেন   প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র   যুক্তরাষ্ট্রকে জেলেনস্কির তাগাদা  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close