পারমাণবিক অস্ত্র তৈরি না করার অবস্থানেই ইরানকে দেখতে চায় চীন ও রাশিয়া। দেশ দুইটি তেহরানের এই অবস্থান পরিবর্তনেরও বিরোধী বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
আজ শনিবার (২১ নভেম্বর) রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।
ইরান ডেইলিকে দেওয়া সাক্ষাৎকারে আব্বাস আরাগচি বলেন, ‘ইরানের পারমাণবিক নীতি পরিবর্তনের বিরোধী চীন ও রাশিয়া।’
ইরান দীর্ঘদিন ধরে পারমাণবিক অস্ত্র তৈরি না করার কথা বলে আসছে। দেশটির সরকারি অবস্থানও হলো, তারা পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় না।
তবে, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ রয়েছে। দেশটি তাদের পারমাণবিক স্থাপনাগুলোতে আন্তর্জাতিক পরিদর্শনে বাধা দিয়েছে। একই সঙ্গে, বিপুল পরিমাণ ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সমৃদ্ধ করা ইউরেনিয়ামের মাত্রা প্রায় পারমাণবিক অস্ত্র তৈরির উপযোগী পর্যায়ে পৌঁছেছে। এসব ইউরেনিয়ামের শান্তিপূর্ণ ব্যবহারের সুযোগ নেই বলেও উল্লেখ করা হয়েছে।
এদিকে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের পর ইরানের পারমাণবিক নীতি নিয়ে দেশটির রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। ওই সংঘাতে ইরানের কয়েকটি পারমাণবিক স্থাপনায় বড় ধরনের হামলা চালানো হয়।
এরপর রাজনৈতিক মহলের একাংশ পারমাণবিক নীতি পরিবর্তনের পক্ষে মত দিয়েছেন। পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারলে শত্রুপক্ষের হামলা ঠেকানো সহজ হবে বলে যুক্তি তাদের।
আব্বাস আরাগচি বলেন, ‘ইরানের পারমাণবিক নীতি বর্তমান অবস্থায় রাখা উচিত বলে মনে করেন অনেকে। তাদের মতে, এ নীতি পরিবর্তনের প্রয়োজন নেই।’
তবে, কেউ কেউ ইরানের পারমাণবিক নীতি পরিবর্তনের পক্ষে মত দিচ্ছেন। এ বিষয়ে দুই পক্ষেরই নিজস্ব যুক্তি রয়েছে বলে জানান তিনি।
আব্বাস আরাগচি আরও বলেন, ‘বিষয়টি নিয়ে ইরানের রাজনৈতিক মহলে দুই ধরনের মত রয়েছে। এক পক্ষ বর্তমান নীতি বজায় রাখার পক্ষে, অন্য পক্ষ মনে করে, এই নীতিতে পরিবর্তন আনা প্রয়োজন।’
এদিকে, ইরানের পারমাণবিক নীতি পরিবর্তনের বিরোধিতা করছে চীন ও রাশিয়াও। দেশ দুটির সঙ্গে ইরানের কৌশলগত সহযোগিতা চুক্তি রয়েছে বলে জানান আরাগচি।
সবশেষে আব্বাস আরাগচি বলেন, ‘এখন পর্যন্ত দেশটির পারমাণবিক নীতিতে কোনো পরিবর্তন আসেনি। এ বিষয়ে ইরানের সরকারি অবস্থানও আগের মতই রয়েছে।’
সূত্র : দ্য টাইমস অব ইসরায়েল
কেকে/এম