প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘২০২৪ সালের গণ-অভ্যুত্থানে স্বৈরাচার বিদায়ে যুগান্তকারী ভূমিকা পালন করেছে সশস্ত্র বাহিনী। ১৯৭১ সালের মতো ২০২৪ সালেও ছাত্র-জনতা এক রক্তক্ষয়ী গণ-অভ্যুত্থানের মাধ্যমে দেশ ও জনগণের স্বাধীনতা রক্ষা করেছেন।’
আজ শনিবার (২১ নভেম্বর) বিকেলে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জ প্রাঙ্গণে সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে তারেক রহমান আরও বলেন, ‘স্বাধীনতা-উত্তর বাংলাদেশে বিভিন্ন সময়ে সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি বিনষ্ট করার সুগভীর ষড়যন্ত্র দৃশ্যমান ছিল এবং দেশের সার্বভৌমত্ব ভূলুণ্ঠিত করার অপচেষ্টা চলমান ছিল।’
পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডের ঘটনা স্মরণ করে তিনি বলেন, ‘দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং জনকল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করাই সশস্ত্র বাহিনীর মূল দায়িত্ব।’
‘সবাই এক থাকলে দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস কেউ পাবে না।’
মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর অবদানের কথা স্মরণ করে তারেক রহমান বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ এবং সশস্ত্র বাহিনীর জন্ম ও ইতিহাস একই সূত্রে গাঁথা। মুক্তিযুদ্ধের মাধ্যমেই এই বাহিনী গঠিত হয়েছিল।’
পাশাপাশি ‘ওয়ান র্যাঙ্ক ওয়ান পেনশন’সহ সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য সব ধরনের কল্যাণমুখী কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন তিনি।
বক্তব্যের এক পর্যায়ে নিজেদের পারিবারিক স্মৃতি তুলে ধরে স্মৃতিকাতর হয়ে পড়েন প্রধানমন্ত্রী। নিজের বাবা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘জিয়াউর রহমান সেনাবাহিনীর একজন গর্বিত সদস্য ছিলেন, যা এই বাহিনীর জন্যও গর্বের।’
মা ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত খালেদা জিয়ার কথা স্মরণ করে তারেক রহমান বলেন, ‘আমার মা এই ক্যান্টনমেন্টেই তার জীবনের প্রায় সব কয়টি বছর কাটিয়েছিলেন। তিনি কখনো প্রধানমন্ত্রী হিসেবে, কখনো বিরোধীদলীয় নেত্রী হিসেবে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে সগৌরবে অংশগ্রহণ করেছেন।’
সবার কাছে মায়ের জন্য দোয়া চেয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘একজন সন্তান হিসেবে আমি আপনাদের কাছে আমার মায়ের জন্য দোয়া চাচ্ছি। আমি আল্লাহর দরবারে মরহুমা খালেদা জিয়ার মাগফিরাত কামনা করছি।’
কেকে/এমএ