সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি দেশপ্রেম, শৃঙ্খলা, সততা, পেশাদারিত্ব ও জনগণের আস্থার মধ্যে নিহিত বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষে শুক্রবার দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশের সংবিধান, নেতৃত্বের প্রতি আনুগত্য এবং জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সশস্ত্র বাহিনীর সদস্যরা তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করবেন, এটাই জাতির প্রত্যাশা। এ উপলক্ষে তিনি সেনা, নৌ ও বিমান বাহিনীর সব সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
বাণীতে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সাত বীরশ্রেষ্ঠসহ সশস্ত্র বাহিনীর সব শহিদের প্রতি গভীর শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি। তিনি বলেন, ১৯৭১ সালের এই দিনে সেনা, নৌ ও বিমান বাহিনী সম্মিলিতভাবে শত্রুর বিরুদ্ধে অভিযান শুরু করে, যা মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়কে ত্বরান্বিত করেছিল। সশস্ত্র বাহিনীর ঐক্য, বীরত্ব ও দেশপ্রেম আজও জাতীয় ঐক্য ও স্বাধীনতার চেতনাকে উজ্জীবিত করে।
রাষ্ট্রপতি শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করে বলেন, তার নেতৃত্ব ও উদ্যোগ স্বাধীন বাংলাদেশের সশস্ত্র বাহিনীর প্রাতিষ্ঠানিক ভিত্তি, শৃঙ্খলা ও পেশাদারিত্ব সুদৃঢ় করেছিল। পরবর্তী সময়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বাহিনীর সম্প্রসারণ এবং প্রযুক্তিগত ও পেশাগত সক্ষমতা বৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখেন।
তিনি আরও বলেন, সেই ধারাবাহিকতায় সশস্ত্র বাহিনী আজ একটি দক্ষ, সুশৃঙ্খল ও পেশাদার বাহিনী হিসেবে গড়ে উঠেছে। বর্তমান সরকার বাহিনীকে আরও শক্তিশালী ও আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। পরিবর্তিত বৈশ্বিক পরিস্থিতি ও নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।
রাষ্ট্রপতি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ, জাতীয় সংকট ও জরুরি পরিস্থিতিতে সশস্ত্র বাহিনী গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে তাদের পেশাদারিত্ব ও নিষ্ঠা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা বাড়িয়েছে।
বাণীর শেষাংশে তিনি সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর উন্নতি ও সাফল্য কামনা করেন। একই সঙ্গে বাহিনীর সব সদস্য ও তাদের পরিবারের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
কেকে/সাশ