এডিশ মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে গেল ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ৫১৩ জনের মৃত্যু হলো। একই সময়ে সারা দেশে নতুন করে আরও ১ হাজার ৩৪৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
আজ শুক্রবার (২০ নভেম্বর) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, গেল ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনের মধ্যে দুইজন চট্টগ্রাম বিভাগের ও একজন বরিশাল বিভাগের বাসিন্দা।
নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে (ঢাকা মহানগরসহ) সর্বোচ্চ ৬৬৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ২৩৫ জন, বরিশাল বিভাগে ১৫৪ জন, খুলনা বিভাগে ১২২ জন, রংপুর বিভাগে ১০৫ জন ও ময়মনসিংহ বিভাগে ৬৩ জন রোগী ভর্তি হয়েছেন। তবে গেল ২৪ ঘণ্টায় রাজশাহী বিভাগে নতুন কোনো ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হননি।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ ২০ নভেম্বর পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১ লাখ ৭০ হাজার ২৮০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৬৪ হাজার ১৫০ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫ হাজার ৬১৭ জন ডেঙ্গু রোগী।
কেকে/এমএ