সংক্রামক রোগ হামের উপসর্গ নিয়ে দেশে গেল ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ের মধ্যে হামে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ১ হাজার ২৭০ জন।
আজ শুক্রবার (২০ নভেম্বর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
সরকারি হিসাব অনুযায়ী, এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও রোগটির উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৩৪১ জনের মৃত্যু হল।
এর মধ্যে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১ হাজার ২৩৬ জন। এছাড়া মারা যাওয়াদের মধ্যে হাম শনাক্ত হয়েছে ১০৫ জনের।
এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৫৫৫ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর সিলেট বিভাগে ২২১ জন, চট্টগ্রামে ১২৫, রাজশাহীতে ৯৩, ময়মনসিংহে ৯৫, বরিশালে ৭০, খুলনায় ৫৯ ও রংপুর বিভাগে ১৮ জন মারা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে ১ হাজার ১৮৫ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এ সময়ে ৮৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ২০৬ জন। এর মধ্যে ঢাকা বিভাগে ৪৬৯ জন, চট্টগ্রামে ২৩৪, সিলেটে ১৩৩, বরিশালে ১১৮, খুলনায় ১১৬, ময়মনসিংহে ৭৯, রংপুরে ৩২ ও রাজশাহীতে ২৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ২৭ হাজার ৬৭৫ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে ২ লাখ ১৯ হাজার ৯১০ জন।
চলতি বছর হাম উপসর্গে রোগীর সংখ্যা ২ লাখ ৫৪ হাজার ৫৯৩ জন। এর মধ্যে ২৫ হাজার ৯৬৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে হাম ও এর উপসর্গে আক্রান্ত এবং মৃত্যুর হিসাব রাখে। যদিও হাসপাতালে আসা সব রোগী কিংবা হাসপাতালের বাইরে থাকা সব রোগীর হাম পরীক্ষা হয় না। ফলে হাম শনাক্ত হওয়া রোগীর প্রকৃত সংখ্যা জানা কঠিন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে শুধু হাসপাতালে আসা ও ভর্তি হওয়া রোগীদের তথ্যই নথিভুক্ত করা হয়।
কেকে/এমএ