সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে শহিদ সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২১ নভেম্বর) সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তারা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
নানা কর্মসূচির মধ্য দিয়ে দেশে পালিত হচ্ছে সশস্ত্র বাহিনী দিবস। দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয় ফজরের নামাজের পর। এ সময় দেশের সব সেনানিবাস, নৌঘাঁটি ও স্থাপনা এবং বিমানবাহিনীর ঘাঁটির মসজিদে বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন তিন বাহিনীর প্রধানরা। সেনাবাহিনীর পক্ষে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনীর পক্ষে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এবং বিমানবাহিনীর পক্ষে বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান শ্রদ্ধা জানান।
এদিকে, সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে তিন বাহিনীর প্রধানেরা সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রীর সঙ্গে এবং বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
দিবসটি উপলক্ষে প্রধানমন্ত্রী ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে নির্বাচিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দেবেন।
কেকে/সাশ